সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:২৪ পি.এম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ‘শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের জন্য আপিলের আর কোনো সুযোগ নেই।’
তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন, আইন অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। যেসব আসামি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি, তাদের পরবর্তীতে আর আপিলের সুযোগ দেওয়া হবে না।
এদিকে, মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি থাকবে না।
তিনি আরও বলেন, ‘গুমের সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি ঐতিহাসিকভাবে বাকস্বাধীনতা নিশ্চিত করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলায় তিনি এই মন্তব্য করেন।
মাহদী আমিন উল্লেখ করেন, ‘একটা রাজনৈতিক গোষ্ঠী বাকস্বাধীনতাতার নামে যেন অশালীন ভাষা ব্যবহার করছে। আর এসব কারণেই আইন নিজের গতিতে তাদের বিরুদ্ধে উদ্যোগ নেবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে এগিয়ে নেওয়ার জন্য আলোচনা ও সমঝোতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করার জন্যও সকলের প্রতি আহ্বান জানান।
আজ সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। এর আগে সকাল ১১টায় সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তি স্থাপন করেন তিনি।
রাষ্ট্রপতি মন্তব্য করেন, ‘হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে, তাই এটি যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অঙ্গীকার পূরণের অংশ হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার প্রসার ঘটবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিক্ষার মান উন্নত হবে।’
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের এই দিনটি ঠাকুরগাঁওসহ এ অঞ্চলের মানুষের জন্য আনন্দের একটি দিন বলে রাষ্ট্রপতি মনে করেন।
তিনি আরও বলেন, এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
গতকাল রবিবার দুপুরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে এটিই তার নিজ জেলায় প্রথম সফর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং জ্যেষ্ঠ বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নোয়াখালী-২ আসন থেকে নির্বাচিত এই ৬ বারের সংসদ সদস্য নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় বলিউড অভিনেত্রী টুইংকেল খান্নার সাম্প্রতিক মন্তব্যটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুঘল ইতিহাসের সাথে জনপ্রিয় ভারতীয় খাবারের সম্পর্ক স্থাপন করে তিনি যে মন্তব্য করেছেন, সেটি বিতর্কের জন্ম দিয়েছে।
নেটপ্রভাবী সীমা খের টুইংকেলের বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
খাবার এবং এর উপকরণ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে টুইংকেল লিখেছেন, ‘যাঁরা ইতিহাসের বই থেকে মুঘলদের মুছে ফেলতে চান, তাঁদের প্রথমে দুপুরের খাবারে বদল আনতে হবে। কোফতা, কোর্মা, কাবাব—এসব খাওয়া ছেড়ে দিন। মুঘলাই পনির খেয়ে তো সেটা হবে না।
একই সঙ্গে দুটো কাজ করতে পারবেন না।’
টুইংকেলের মন্তব্যটি মূলত শ্লেষাত্মক হলেও সীমা খেরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই এটি ভালোভাবে নেননি। টুইংকেলকে উদ্দেশ্য করে সীমা একটি পোস্টে উল্লেখ করেন, ইতিহাসের একটি হিংসাত্মক অধ্যায়কে বোঝাতে খাবারের উদাহরণ টানা কোনোভাবেই হাস্যকর বা উপযুক্ত নয়।
নিজের বক্তব্যের শুরুতেই সীমা লেখেন, ‘নৃশংস ইতিহাসের সঙ্গে খাবারের তুলনা করা বা দুটিকে এক করে দেখা মজারও নয়, যুক্তিসংগতও নয়।
এরপর সীমা টুইংকেলের স্বামী এবং অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী’ সিনেমার প্রসঙ্গ তুলে ধরেন।
সারাগঢ়ীর যুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি সম্পর্কে তিনি লেখেন, “সারাগঢ়ীর যুদ্ধের উপর তৈরি হয়েছিল ‘কেশরী’। ঠিক এই কারণেই এমন গল্প নিয়ে ছবি তৈরি করার প্রয়োজন হয়েছিল, কারণ আমাদের স্কুলের বইয়ে এই ধরনের ঘটনা প্রায় পড়ানোই হয়নি। আর হ্যাঁ, আপনার স্বামী এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এমনকি, বলা হয়, ছবিটি দেখে আপনি কেঁদেছিলেন এবং একে দুর্দান্ত ছবি বলেছিলেন।
তাহলে সেই ছবি আপনাকে ওই সময়ের হিংসার কথা মনে করিয়ে দিলেও পরের দিন থেকে আপনি কি মুরগির নানা পদ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন?”
এখানেই সীমা থেমে থাকেননি। ভারতের ইতিহাসের অন্ধকার অধ্যায় নিয়ে আলোচনা করতে গিয়ে খাবারকে কেন যুক্তি হিসেবে সামনে আনা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
সীমার কথায়, “আপনি যদি ঐতিহাসিক রক্তপাতের ঘটনা নিয়ে তৈরি ছবি দেখতে পারেন, যাঁরা লড়াই করেছিলেন তাঁদের সাহসকে স্বীকার করতে পারেন এবং তার পরেও নিশ্চিন্তে খাবার উপভোগ করতে পারেন, তা হলে এখন এই প্রসঙ্গে হঠাৎ খাবারকে যুক্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে কেন?”
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। সীমা খেরের মতো অনেকেই টুইঙ্কেলের মন্তব্যের সমালোচনা করলেও তাঁর অনুরাগীদের একাংশ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।
তাদের মতে, টুইংকেলের বক্তব্য ছিল নিছক ব্যঙ্গ ও রসিকতার ছলে বলা, তাই সেটিকে আক্ষরিক অর্থে নেওয়ার প্রয়োজন নেই। ফলে মন্তব্যটি ঘিরে বিতর্ক এখনো অব্যাহত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ