০৫:৪৬ পি.এম
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি গাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের দ্বারা অতর্কিত হামলা চালিয়ে পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলার ঘটনা ঘটে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায়, যখন পুলিশ কর্মকর্তারা সোকোতো অঙ্গরাজ্য থেকে পার্শ্ববর্তী জামফারা অঙ্গরাজ্যে যাচ্ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সোকোতো-গুসাউ মহাসড়কে জামফারা অঙ্গরাজ্যগামী একটি গণপরিবহন বাসে ছিলেন ওই পুলিশ কর্মকর্তারা। বন্দুকধারীরা তাদের গাড়ির গতিরোধ করে এবং লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক। তিনি জানিয়েছেন, নিহত পাঁচ কর্মকর্তার মরদেহ সোকোতোর উসমানু দানফোদিয়ো বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ
জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই পুলিশ কর্মকর্তাদের জামফারা অঙ্গরাজ্যে পাঠানো হয়েছিল। তারা নামোদা স্থানীয় সরকার এলাকায় অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) জামফারা নর্থ সিনেটরীয় আসনের প্রাথমিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন।
এই হামলার মাধ্যমে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার চিত্র আবারও প্রকাশিত হয়েছে। ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই যাত্রীবাহী যানবাহনে হামলা চালায়, গ্রামাঞ্চলে আক্রমণ করে এবং মুক্তিপণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে।
সামরিক বাহিনী ও পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি অঙ্গরাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: হরমুজে ৩ জাহাজে আগুন, ইরান দাবি করেছে ২ মার্কিন ড্রোন জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন