১১:১০ পি.এম
ইভান কুজনেতসভ ও অ্যাঞ্জেলা নিকোলাউ দম্পতির কথা কি মনে আছে? মনে করিয়ে দিচ্ছি। গত ১ জুলাই সকালে, এই রুশ দম্পতি নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ১০২তম তলার একটি হ্যাচ এবং ১০৪তম তলার নিরাপত্তা দরজার তালা ভেঙে ১ হাজার ৪৫৪ ফুট উঁচু সম্প্রচার অ্যান্টেনার চূড়ায় উঠে যান। সেখানে তারা একটি ব্যানার ঝুলিয়ে দেন, যাতে লেখা ছিল, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার ভালোবাসাকে পরাজিত করে, তখন পৃথিবী শান্তির দেখা পায়।’ এরপরপরই কুজনেতসভ নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন।
তাদের এই ঝুঁকিপূর্ণ অ্যাডেভেঞ্চার ব্যাপক আলোচনার জন্ম দেয়। নিউইয়র্কের ব্যস্ত সময়ে তাদের এই রোমান্স বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করলে বিশ্বের কোটি মানুষ তা দেখেন। তবে, এই রুশ যুগল বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার মস্কোর বাসিন্দা ইভান এবং অ্যাঞ্জেলা সরকারি কৌঁসুলিদের সাথে একটি সমঝোতা চুক্তির প্রক্রিয়ায় ছিলেন। কিন্তু, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একটি ইমেইলের পর সেই সমঝোতা চুক্তিটি ভেস্তে যায়। শুনানির জন্য এই যুগল বৃহস্পতিবার নিউইয়র্কের ফৌজদারি আদালতে হাজির হন। সেখানে দেশ থেকে বিতাড়িত হওয়ার বড় ধরনের আশঙ্কার মুখে নিকোলাউকে কাঁদতে দেখা যায়।
গণমাধ্যমের উদ্দেশে কুজনেতসভ বলেন, ‘আমরা কোনো সম্পত্তির ক্ষতি করিনি। কাউকে বিপদে ফেলার কোনো উদ্দেশ্যও আমাদের ছিল না। আমরা কেবল ভালোবাসার একটি বার্তা পাঠাতে চেয়েছিলাম এবং আমরা নিজেদের পক্ষে আইনি লড়াই করতে প্রস্তুত।’ নিকোলাউ আরও যোগ করেন, ‘আমরা শান্তির একটি বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আজকের পৃথিবীতে এত দুঃখ-কষ্টের মাঝে আমরা এমন একটি পরিবেশনা তৈরি করতে চেয়েছিলাম, যা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে।’
আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার
এই যুগলের আইনজীবী নোয়াম বিয়ালে প্রকাশ করেন যে, তার আইনি দল লঘু অপরাধের দায় স্বীকার করে নেওয়ার জন্য কৌঁসুলিদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করেছিল। এর বিনিময়ে তারা অভিবাসন সংক্রান্ত ’ভয়াবহ পরিণতি’ থেকে সুরক্ষা পেতেন। তবে, শুনানির আগের রাতেই সেই প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। বিয়ালে বলেন, ‘রাশিয়ায় ফেরত পাঠানো হলে মি. কুজনেতসভকে প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেনের যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দেওয়া হবে এবং মিস নিকোলাউকে কারাগারে যেতে হতে পারে।’
তাদের বিরুদ্ধে বেপরোয়া ঝুঁকি সৃষ্টি, অবৈধ অনুপ্রবেশ, অপরাধমূলক ক্ষতিসাধন, অবৈধ আরোহণ, তালা ভাঙার সরঞ্জাম রাখা, অপরাধমূলক হস্তক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
এই যুগলের প্রেমের সম্পর্ক এবং ঝুঁকিপূর্ণ উচ্চতায় আরোহণের শখ নিয়ে ২০২৪ সালে নেটফ্লিক্সে 'স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি' নামে একটি তথ্যচিত্র নির্মিত হয়, যা ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: লাহোরে বায়ুদূষণ রোধে মাঠে পাকিস্তানের বিশেষ বাহিনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন