বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
১২:৩৬ এম
ময়মনসিংহের ভালুকায় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ অনন্ত দাস (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাহাড়ী ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মেহেদী,সার্জেন্ট মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কাঠালী এলাকায় মহাসড়কে পাহাড়ী ট্রাভেলসের একটি গাড়িতে তল্লাশি চালায়। এ সময় অনন্ত দাসের কাছ থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ অনন্ত দাসকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান,উদ্ধার করা এসব ভারতীয় সিরাপ বাংলাদেশে ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদকদ্রব্য হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে। আটক অনন্ত দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে মোঃ সারোয়ার (২৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ সারোয়ার ওই এলাকার আজম আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় কাটাবাড়ি এলাকায় ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সারোয়ারকে হাতেনাতে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
সেখানে অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত মাদকসেবীকে আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সামনে এখন আর কোনো লক্ষ্য নিরাপদ মনে হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অবিশ্বাস্য রান তাড়া দেখে এমন মন্তব্য করতে শুরু করেছেন।
গুয়াহাটিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে ৪০৫ রান সংগ্রহ করে। তবে পাল্টা জবাবে ভারত বিশাল লক্ষ্যকে সহজেই অতিক্রম করে। শুবমান গিলের নেতৃত্বে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, তাও ৩৯ বল বাকি রেখে।
রান উৎসবের দিনে রেকর্ড বই নতুন করে লেখা হয়েছে। সেগুলো তুলে ধরা হলো—
৪০৫
এটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ রান। এর আগে তাদের সর্বোচ্চ রান ছিল ৩৮৯।
৪০৬
এটি ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০১৩ সালে তারা অস্ট্রেলিয়ার ৩৬০ রানের লক্ষ্য সফলভাবে অতিক্রম করেছিল।
৫
দুই দলের মধ্যে ৫ ব্যাটার সেঞ্চুরি করেছেন, যা ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। এর আগে এক ওয়ানডেতে চার ব্যাটারের সেঞ্চুরি দেখা গেছে তিনবার।
১১৭ বলে ২০০*
আজ শুবমান গিল ১১৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন, যা ওয়ানডেতে দ্রুততম। এর আগে ভারতের ঈশান কিষানের ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল।
২২৩*
ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এটি কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ২০১*, যা ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ছিল।
২২৩*
শুবমান গিলের ২২৩ রানের ইনিংস ওয়ানডেতে কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান ছিল ভারতের বীরেন্দর শেবাগের, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
১৪
ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ বার ওয়ানডে সিরিজ জয় করেছে, যা এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে।
৮১১
আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মিলে ৮১১ রান করেছে। ওয়ানডেতে এটি চতুর্থবারের মতো দুই দলের মধ্যে ৮০০ বা তার বেশি রান হলো।
৯
ওয়ানডেতে সর্বোচ্চ ৯ বার ৪০০ বা তার বেশি রান করেছে ভারত। দক্ষিণ আফ্রিকা ৮ বার এই কীর্তি অর্জন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহে ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া অপর দুইজন হলেন— স্থানীয় ইয়াফাত ফিলিং স্টেশনের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ এবং নলডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তার করার পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা বিচারাধীন ছিল। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার এলাকায় ভিমরুলের কামড়ে আক্রান্ত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে তারা ভিমরুলের কামড়ে আহত হয়েছিল।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশুর মধ্যে একজন হলো উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং অপরজন একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
স্থানীয়রা ও পরিবারের সূত্রে ওসি মজিবর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে খেলতে বের হয় ওই দুই শিশু। খেলাধুলার এক পর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। এসময় ভিমরুলের দল তাদের কামড় দিলে তারা গুরুতর আহত হয়।
তাদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আহত দুই শিশু মারা যায়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ