ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক


শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনা করে মো. শরীফ (৩০) নামের এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে। তার কাছে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালংকার পাওয়া গেছে। আটককৃত যাত্রী বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন।

আটক হওয়া মো. শরীফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র মুয়াল্লিম হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই অভিযানটি পরিচালিত হয়। বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মোট ওজন এক হাজার ৪৮২ গ্রাম, যার বিপরীতে শুল্ক-করসহ মোট রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। বিমানবন্দর সূত্র জানায়, রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ইএ-১৩৬-এ চট্টগ্রামে পৌঁছান মো. শরীফ।

এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নজরদারিতে রাখেন। পরবর্তী সময়ে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ তত্ত্বাধানে তার হ্যান্ডব্যাগেজ ও পরিহিত পোশাকে তল্লাশি চালানো হয়।

তল্লাশির ফলস্বরূপ চুড়ি আকৃতির প্রায় ১৪শ ৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের সঠিক পরিমাণ ও ওজন নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অবৈধ উপায়ে স্বর্ণ পরিবহনের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালান মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির আগেই ১০ কোটির পথে ‘রামায়ণ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


মুক্তির আগেই ১০ কোটির পথে ‘রামায়ণ’

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করেছে ‘রামায়ণ’, যেখানে অভিনয় করেছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মুক্তির জন্য এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও, অগ্রিম বুকিংয়ে ছবিটির আয় ইতিমধ্যে ১০ কোটির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।

ট্রেড বিশেষজ্ঞদের শুক্রবারের হিসাব অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির প্রথম দিনের জন্য এখন পর্যন্ত ৮ কোটি ১৬ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। তবে, এই আয়ের একটি অংশ নির্মাতাদের পক্ষ থেকে আগে থেকেই সংরক্ষিত বা বিশেষ কারণে বরাদ্দ রাখা আসনের। সেগুলো বাদ দিলে সাধারণ দর্শকদের কাছ থেকে টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ১৫ লাখ রুপি।

অগ্রিম বুকিংয়ের হিসাবে, মুক্তির প্রথম দিনে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির জন্য নির্ধারিত হয়েছে ৩ হাজার ৯৪৪টি প্রদর্শনী। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন পূর্ণ হয়েছে বলে জানা গেছে। শহরভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে।

দর্শকদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে টিকিটের দামও। মুম্বাইয়ে দুপুর ও সন্ধ্যার প্রদর্শনীর জন্য টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত। তবে, এই দাম মূলত ৫, ৬ ও ৭ নভেম্বরের হেলান দেওয়া বিশেষ আসন বা রিক্লাইনার সিটের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলকভাবে নাগালের মধ্যেই রয়েছে।

প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা অব্যাহত থাকলে মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ লাভ করেছেন ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শাহাদাত হোসেন।

এছাড়া, প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা দায়ের করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরবর্তীতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর, ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা করে রায় প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তে রিয়াল শিবিরে বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


শেষ মুহূর্তে রিয়াল শিবিরে বড় ধাক্কা

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে ঐতিহ্যের লড়াইয়ে নামার একেবারে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খেয়েছে। ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে এল ক্লাসিকোয় প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পাচ্ছে না হোসে মরিনহোর দল।

লা লিগার বহুল প্রত্যাশিত ম্যাচটি বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় শুরু হবে। এর কয়েক ঘণ্টা আগে রিয়াল একটি বিবৃতিতে জানায়, ফ্লুতে আক্রান্ত হওয়ায় কোর্তোয় দলে থাকছেন না।

কোর্তোয়ার অনুপস্থিতিতে লিগের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ হোসে মরিনহো এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালেন।

৩৪ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক চলতি মৌসুমে প্রথমবারের মতো কোনো ম্যাচ মিস করতে যাচ্ছেন। ক্যাম্প ন্যুতে তার পরিবর্তে গোলবারের নিচে দেখা যেতে পারে আন্দ্রি লুনিনকে।

রিয়াল মাদ্রিদের হয়ে লুনিনের সর্বশেষ ম্যাচ ছিল ৩ মে, যেখানে এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল দলটি।

সিনিয়র দলে ডাকা হয়েছে ইলিয়া ভোলোশিনকে। এছাড়া ম্যাচডে স্কোয়াডে থাকা অন্য গোলরক্ষক হলেন সার্জিও মেস্ত্রে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৩ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৩ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটো অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এই অভিযানগুলো পরিচালনা করে। ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কিন সাইন ক্রিম ২ হাজার ৮০০ পিস, চশমা ৩ হাজার পিস এবং চা-পাতা ২৪০ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।

এদিকে, একই দিন রাতে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় জৈন্তাপুর বিওপির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ২৭০টি এবং টমেটো ৪০০ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।

বিজিবি জানায়, দুই অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%