ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ওয়েলিংটনে পেস নির্ভর ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ


ওয়েলিংটনে পেস নির্ভর ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ

নিউজিল্যান্ড আগামীকাল থেকে ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে চারজন পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার তারা এই তথ্য প্রকাশ করেছে। টম ল্যাথামের অধীনে আগামী সাত সপ্তাহে ছয়টি ম্যাচের ব্যস্ত সূচি শুরু হচ্ছে এই টেস্টের মাধ্যমে।

ভারতও দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে চার পেসার নিয়ে খেলবে। বেসিন রিজার্ভের উইকেটের পরিস্থিতি বিবেচনায় দুই দলই পেসারদের উপর নির্ভরতা বাড়াতে চাচ্ছে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ল্যাথাম জানান, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, নাথান স্মিথ এবং দলে ফিরতে যাওয়া কাইল জেমিসন নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কার লড়াইয়ের পরও পাকিস্তানের এগিয়ে থাকা অবস্থা

ভারতের মাটিতে ২০২৪ সালে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর, এবারই প্রথম সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল।

ভারতের অধিনায়ক গিল মন্তব্য করেছেন, দলের একাধিক বিশ্বমানের বোলারের মধ্যে কাকে বাদ দেবেন, তা বেছে নেওয়া তাঁর জন্য একটি ‘ভালো ধরনের মাথাব্যথা’।

গিল বলেন, ‘ওয়ানডে সিরিজে আমাদের সব পেসারই বেশ ভালো করেছে। এখনো চূড়ান্ত হয়নি, কোন পেসারদের নিয়ে মাঠে নামব।’

ভারতের পেস আক্রমণের নেতৃত্বে প্রায় নিশ্চিতভাবেই থাকছেন জাসপ্রিত বুমরাহ। এটি প্রায় এক বছর পর তাঁর প্রথম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে।

আরও পড়ুন: ফিলিস্তিন ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ভারতের

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন বুমরাহ। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে তিনি ছয় ওভার বল করলেও কোনো উইকেট পাননি।

ল্যাথাম বলেন, ‘আমরা জানি, বিশেষ করে এখানকার উইকেটে তিনি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন।’

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দুটি টেস্টের পর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্ট খেলবে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে এই ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করে নিউজিল্যান্ড ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। তারা প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী বছরের ফাইনালে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের ২২.৫% শেয়ার বিক্রি হচ্ছে

ডব্লিউটিসি নিয়ে প্রশ্নের উত্তরে ল্যাথাম বলেন, ‘আমরা যা করতে পারি এবং যেগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলোর ওপরই মনোযোগ দিচ্ছি।

‘আমরা জানি, সেগুলো ঠিকভাবে করতে পারলে আশা করি আগামী মার্চে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে নিজেদের ভালো অবস্থানে রাখতে পারব।’

ভারতও ডব্লিউটিসিকে অগ্রাধিকার দিচ্ছে। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারত জানুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে।

গিল বলেন, ‘আমার বিশ্বাস, এই দুটি টেস্ট জিততে পারলে ডব্লিউটিসি ফাইনালে খেলার খুব ভালো সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: জিতেও বিদায় বাংলাদেশের, সুপার সিক্সে উঠতে পারল না

‘এখানে আসার আগেই জানতাম, এই দুটি টেস্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, কাইল জেমিসন, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি।

ভারত: লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নিতীশ কুমার রেড্ডি, আকাশ দীপ, আনশুল কম্বোজ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার।

আরও পড়ুন: মাতুয়াইলে ১.৫ একর জমিতে নতুন খেলার মাঠ নির্মাণ করবে ডিএসসিসি

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে পাস হলো বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


জাতীয় সংসদে পাস হলো বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬

সংসদ ভবন, ১৮ নভেম্বর, ২০২৬ : দেশের সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ ও দ্রুতগতির লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস করা হয়েছে।

আজ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে বিলটি উত্থাপন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিরোধীদলের সংসদ সদস্যরা বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান। উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন রায়হান সিরাজী (রংপুর-১), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), আবদুল গফুর (কুষ্টিয়া-২), আবুল হাসান (সিলেট-৫), আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২), আবদুস সাত্তার (নীলফামারী-১), সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য মোছা. নাজমুন নাহার, মজেদুর রহমান (গাইবান্ধা-১), সংরক্ষিত মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য সাবিকুন্নাহার, আবদুল আলীম (বাগেরহাট-৪), কামরুল হাসান (ময়মনসিংহ-৬), আলী আসগর (পাবনা-৩), জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) এবং স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫)। তবে কণ্ঠভোটে তাদের প্রস্তাব নাকচ হয়ে যায়।

বিলটি উত্থাপনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "বৃহত্তর জনস্বার্থে এ আইন প্রণয়ন করা হয়েছে।" তিনি আরও জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুতের মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি উল্লেখ করেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ ত্বরান্বিত করার জন্য সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬-এর সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি করা হয়েছিল।

প্রস্তাবিত আইনটি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের সম্প্রসারণে সহায়তা করবে। আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আইনগুলোতে দীর্ঘমেয়াদি বিদ্যুতের মূল্য নির্ধারণ, ভবনের ছাদ ব্যবহারের ভাড়া পরিশোধ এবং দু’টি বিনিয়োগ মডেলের আওতায় স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে বেসরকারি বিনিয়োগকারীরা সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় বহন করবেন এবং ভবন মালিককে বিদ্যুৎ সরবরাহ করবেন। অপরদিকে, মূলধনী ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে ভবন মালিক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান স্থাপনের ব্যয় বহন করবে এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা তাদের থাকবে।

এর আগে, গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান আইনে কিছু সংশোধনী আনতে সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন।

অধ্যাদেশ উত্থাপনের বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, "সরাসরি সংসদে বিল উত্থাপন না করে সরকার কেন অধ্যাদেশ জারি করেছে?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের ৬৪.৫% মানুষ আর্থিক সেবার আওতায়: বাংলাদেশ ব্যাংক জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বাংলাদেশের ৬৪.৫% মানুষ আর্থিক সেবার আওতায়: বাংলাদেশ ব্যাংক জরিপ

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : দেশের প্রাপ্তবয়স্ক জনগণের ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের সেবার আওতায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আজ রাজধানীর একটি হোটেলে জরিপের ফলাফলটি উন্মোচন করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এই জরিপটি পরিচালনা করেছে ‘রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট’ (র‌্যাপিড)। প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ)।

জরিপের মাধ্যমে দেশের ৬৪ জেলার ৪৩২টি প্রাথমিক নমুনা এলাকা থেকে ৬ হাজার ৯১২টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিটি পরিবারের ১৫ বছর বা তার বেশি বয়সী একজন সদস্যকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত আট সপ্তাহ ধরে এই জরিপ পরিচালিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ৪৫ শতাংশ মানুষের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাব রয়েছে। অন্যদিকে, ব্যাংক হিসাব রয়েছে মাত্র ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের। শহরাঞ্চলে ৩৬ দশমিক ১ শতাংশ মানুষের ব্যাংক হিসাব থাকলেও গ্রামাঞ্চলে এই হার ২৫ দশমিক ৭ শতাংশ।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৬৯ দশমিক ৫ শতাংশ পুরুষের আনুষ্ঠানিক আর্থিক হিসাব রয়েছে। নারীদের জন্য এই হার ৬০ দশমিক ৯ শতাংশ। তবে গ্রামাঞ্চলে ক্ষুদ্রঋণ সেবায় নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় বেশি। গ্রামীণ নারীদের ২৯ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্রঋণ সেবার আওতায় রয়েছেন, যেখানে পুরুষের হার ১১ দশমিক ৮ শতাংশ।

এছাড়া, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সাধারণ মানুষের অংশগ্রহণ এখনও ৫ শতাংশের নিচে রয়েছে। দেশের মাত্র ৪ দশমিক ২১ শতাংশ মানুষ বীমা সেবার আওতায় রয়েছেন, যাদের ৯৫ শতাংশই জীবনবীমার গ্রাহক।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৬৭ দশমিক ৭ শতাংশ এবং চট্টগ্রাম বিভাগে ৬৭ শতাংশ মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় রয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম ৫৪ দশমিক ৯ শতাংশ মানুষ এই সেবার আওতায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে এই হার ৬৩ থেকে ৬৫ শতাংশের মধ্যে রয়েছে। রাজশাহী বিভাগে এই হার ৬০ দশমিক ১ শতাংশ।

আর্থিক সেবার ব্যবহার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক হিসাবধারীদের ৮০ শতাংশের বেশি সঞ্চয়ী হিসাব ব্যবহার করেন। তবে স্থায়ী আমানত ও ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মতো সঞ্চয়ী পণ্যের ব্যবহার খুবই কম। ব্যাংক হিসাবধারীদের মধ্যে মাত্র ৯ দশমিক ৮ শতাংশ ডেবিট কার্ড এবং ১ দশমিক ৮ শতাংশ ক্রেডিট কার্ড ব্যবহার করেন।

অন্যদিকে, এমএফএস ব্যবহারকারীদের অধিকাংশই টাকা পাঠানো ও গ্রহণের কাজে এই সেবা ব্যবহার করেন। গ্রামাঞ্চলের ৩৭ দশমিক ২ শতাংশ এমএফএস ব্যবহারকারী এই মাধ্যমে সরকারি উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা ভাতা গ্রহণ করেন।

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের পরবর্তী সময়ের জন্য দ্বিতীয় পর্যায়ের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) প্রণয়ন এবং নিয়মিত জাতীয় জরিপ পরিচালনা। পাশাপাশি গ্রামীণ নারীদের জন্য সহজ শর্তে নারী এজেন্টের মাধ্যমে ব্যাংক হিসাব খোলার বিশেষ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, ভ্রাম্যমাণ ব্যাংক শাখা ও ইউনিয়ন পরিষদভিত্তিক এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ, স্বল্প স্থিতির হিসাবের ক্ষেত্রে সহজ কেওয়াইসি পদ্ধতি চালু এবং নিম্ন আয়ের মানুষের জন্য মৌলিক আর্থিক সেবার চার্জ কমাতে সরকারি বা সিএসআর তহবিল থেকে ভর্তুকি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিন ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ফিলিস্তিন ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ভারতের

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ফিলিস্তিনের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।

ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বুধবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ২০২৭ অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের ম্যাচে ভারত ৪-১ গোলে ফিলিস্তিনকে পরাজিত করে। ম্যাচ চলাকালে ফিলিস্তিনের এক খেলোয়াড় ভারত অধিনায়ক দাল্লামলাউন গ্যাংতের দিকে একটি অঙ্গভঙ্গি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী অনেকেই অপমানজনক ও বর্ণবাদী হিসেবে ব্যাখ্যা করেছেন।

এআইএফএফ এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের অভিযোগে এএফসিকে ঘটনাটি পর্যালোচনা, ম্যাচের ভিডিও ফুটেজ পরীক্ষা এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”

সংস্থাটি আরও উল্লেখ করেছে, “এআইএফএফ যেকোনো ধরনের বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণকে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে দেখে। এ ধরনের আচরণ ফুটবলের মৌলিক মূল্যবোধ, যেমন সম্মান, সমতা, ফেয়ার প্লে ও ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী।”

অন্যদিকে, ফিলিস্তিন অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার তাহা সুইদান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তার অঙ্গভঙ্গির পেছনে কোনো বর্ণবাদী উদ্দেশ্য ছিল না এবং ম্যাচ শেষে তিনি গ্যাংতের কাছে বিষয়টি ব্যাখ্যা করেছেন।

ইনস্টাগ্রামে সুইদান একটি পোস্টে উল্লেখ করেন, “মালয়েশিয়ার উচ্চ আর্দ্রতার কারণে আমি অস্বস্তি অনুভব করছিলাম। যে আবহাওয়ার সঙ্গে আমি অভ্যস্ত নই, সেটির প্রতিক্রিয়াতেই ওই অঙ্গভঙ্গি করেছিলাম।”

তিনি আরও বলেন, “আমি সব ধরনের বর্ণবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। একটি স্বতঃস্ফূর্ত ও নির্দোষ অঙ্গভঙ্গিকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে দেখে আমি দুঃখিত।”

ভারত টানা তৃতীয় জয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। ফলে ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা তাদের জন্য আরও উজ্জ্বল হয়েছে।

আগামী শুক্রবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করবে ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ফরিদপুর, ১৮ নভেম্বর, ২০২৫ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, যারা রাতের অন্ধকারে হামলা চালাতে আসবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। সন্ত্রাসীদের হাত গুঁড়িয়ে দিতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সীমানায় কোনো খুনি চক্রের জায়গা থাকবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।

আজ বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘রাজুর কী অপরাধ ছিল, যে তাকে আজ দুনিয়া থেকে চলে যেতে হলো? আওয়ামী সন্ত্রাসীরা তাকে খুন করেছে। নিক্সন চৌধুরীর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর মূল মদদদাতা খুনি শেখ হাসিনা। আমরা রাজু হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই খুনি চক্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে খুনি হাসিনা আবার ফিরে আসবে? সে আর ফিরে আসবে না। এত মানুষকে খুন ও গুম করার পরও তাদের কোনো অনুশোচনা নেই। তারা আরও খুন করতে চায়। তারা দেশে রাজনীতি করতে চায় না।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হামলা চালাচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো কার সম্পদ? এগুলো এ দেশের জনগণের সম্পদ। পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, তারা এ দেশের মানুষ নয়, তারা শত্রু। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, জনগণের ওপর হামলা চালায়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। নিহত রাজু মোল্লা (৩০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%