০৭:২৪ পি.এম
ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানিয়েছেন, ‘দলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো অপকর্মে নিযুক্ত, তাদের বিএনপিতে কোনো স্থান থাকবে না।
রাজনীতিকে ব্যবহার করে যারা এই ধরনের কার্যকলাপে জড়াতে চান, তাদের দলের বাইরে চলে যেতে হবে।’
আরও পড়ুন: জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী
শনিবার (১১ জুলাই) বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক আরো বলেন, ‘এবারের বাজেট হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষের বাজেট। এ বাজেটটি দেশের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে।
একটি রাজনৈতিক দল ২৪-এর আবেগকে বাজারে বিক্রি করতে চাইছে। কিন্তু ২৪ শুধু একটি দলের বিষয় নয়, এটি সম্পূর্ণ জাতির অর্জন। জুলাই হচ্ছে সবার আবেগ এবং গর্বের একটি প্রতীক।’
তিনি জুলাই আন্দোলনের শহীদদের কথা স্মরণ করে বলেন, ‘জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
আরও পড়ুন: দেবিদ্বারে বাগমারা ইসলামী আলিম মাদ্রাসার ২১ পরীক্ষার্থী ফেল
ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে এই সাংসদ বলেন, ‘কোনো ধর্মকে আমরা আলাদা করে দেখতে চাই না। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার অথবা বিক্রি করতে দেওয়া হবে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমান হচ্ছেন একজন দূরদর্শী ও গতিশীল নেতা। তাঁকে দেশের জন্য কাজ করার সুবর্ণ সুযোগ দিতে হবে। তাঁর ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং একসময় বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। সম্মেলনে সভাপতিত্ব করেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম ও মো. মাহবুব বেপারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন মন্ডল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, মো. জাকির হোসেন মাস্টার, হিরণ শেখ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম বেপারী ও মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাকসহ অন্য গুণীজনরা।
আরও পড়ুন: মজিদবাড়িয়া কলেজে ৮ শিক্ষক, একমাত্র পরীক্ষার্থী ফেল-পাসের হার শূন্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন