০৫:৫১ পি.এম
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় চক্রের সদস্য তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালতের প্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই তথ্যটি প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান নিশ্চিত করেছেন।
কারাগারে আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তৌকির কাছ থেকে মামলার ঘটনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। তিনি এ অপরাধে জড়িত কয়েকজন সহযোগীর নাম ও পরিচয়ও প্রকাশ করেছেন। তাদের তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। যথেষ্ট সময়ের অভাবে আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা অপরিহার্য।
আরও পড়ুন: কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে
এর আগে আজ সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিরকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদে ২৪২টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের প্রথম ধাপে ১০ অক্টোবর ঢাকা মহানগরীর ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে পরীক্ষা শুরুর প্রায় ৫৪ মিনিট আগে, সকাল ১০টা ৬ মিনিটে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশের তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা পান। পরে ফেসবুকে প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে অধিদপ্তরের সংরক্ষিত মূল প্রশ্নপত্রের তুলনা করা হলে, দুটির মধ্যে হুবহু মিল পাওয়া যায়।
এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করে। এতে পরীক্ষা আয়োজনের জন্য বরাদ্দ সরকারি অর্থ, জনবল ও অন্যান্য সম্পদের অপচয় হওয়ার বিষয়টি এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: এসপি জাহাঙ্গীরের স্ত্রী: আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল
প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন কিংবা বিতরণের কোনো পর্যায়ে যোগসাজশের মাধ্যমে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে এজাহারে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় গত ১১ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো আতিকুর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন