বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৮ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনা ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে। এনসিপি একই সঙ্গে মামলার পেছনের নেপথ্য ভূমিকা তদন্ত করে দায়ীদের পরিচয় প্রকাশ এবং রাজনৈতিক কারণে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে জানানো হয়, বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় যান। মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এনসিপির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন, আদালত অবমাননা ও মানহানির অভিযোগে এসব মামলা করেন। কিছু মামলায় রায়ও হয়েছে এবং তাকে সাজা ভোগ করতে হয়েছে। বিনা বিচারে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল মাহমুদুর রহমানকে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলে রাজনৈতিক কারণে ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য আইনমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন। এরপরও মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে এনসিপি প্রশ্ন তুলেছে।
বিবৃতিতে অবিলম্বে নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ির দিকে পাথর নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে।
এই ঘটনা বুধবার (২৫ নভেম্বর) বিকালে নগরের হালিশহর থানার বিজয় মাঠ এলাকায় সংঘটিত হয়।
পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি।
হালিশহর থানার ওসি মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান ওই এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এ সময় অজ্ঞাত পরিচয়ের কেউ তার গাড়ির দিকে পাথর নিক্ষেপ করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারীদের মধ্যে ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো জরায়ুমুখ ক্যানসার। সচেতনতার অভাব, বিভিন্ন ভুল ধারণা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অনীহার ফলে অনেক নারী সময়মতো রোগটি শনাক্ত ও চিকিৎসার সুযোগ হারান। বিশেষ করে এইচপিভি টিকা গ্রহণ ও নিয়মিত স্ক্রিনিং নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে আশার বিষয় হলো, যদি সময়মতো রোগটি শনাক্ত করা যায়, তাহলে এই ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা সম্ভব।
চিকিৎসকদের মতে, জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকির লক্ষণগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জরায়ুমুখ ক্যানসার নিয়ে ৯টি ভুল ধারণা
১. শুধুমাত্র বয়স্ক নারীদের হয়: এই ধারণা ভুল। প্রাপ্তবয়স্ক নারীদের বিভিন্ন বয়সে জরায়ুমুখ ক্যানসার হতে পারে। তাই জাতীয় স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট বয়স থেকে নিয়মিত স্ক্রিনিং করানো প্রয়োজন।
২. বংশগত কারণে হয়: জরায়ুমুখ ক্যানসারের বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ ঝুঁকির হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) দীর্ঘস্থায়ী সংক্রমণ দায়ী। এটি মূলত বংশগত জিনগত পরিবর্তনের কারণে হয় না।
৩. যৌন সম্পর্কে জড়ানোর পরই এইচপিভি টিকা নিতে হয়: এটি একটি ভুল ধারণা। ভাইরাসের সংস্পর্শে আসার আগেই টিকা নিলে সবচেয়ে বেশি সুরক্ষা পাওয়া যায়। সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের এই টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
৪. কোনো উপসর্গ না থাকলে পরীক্ষা প্রয়োজন নেই: প্রাথমিক পর্যায়ের জরায়ুমুখ ক্যানসার কিংবা ক্যানসারপূর্ব পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ দেখা যায় না। তাই সুস্থ বোধ করলেও নিয়মিত পরীক্ষা জরুরি।
৫. এইচপিভি সংক্রমণ হলেই ক্যানসার হয়: এইচপিভি সংক্রমণ বেশ সাধারণ। অধিকাংশ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা নিজেই ভাইরাসটি দূর করে দেয়। তবে উচ্চ ঝুঁকির নির্দিষ্ট ধরনের ভাইরাসের দীর্ঘস্থায়ী সংক্রমণ ক্যানসারের কারণ হতে পারে।
৬. এইচপিভি টিকা অনিরাপদ এবং বন্ধ্যত্ব ঘটায়: এ টিকার নিরাপত্তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। টিকা গ্রহণের কারণে বন্ধ্যত্ব হয়, এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
৭. জরায়ুমুখ ক্যানসার মানেই মৃত্যু: প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এ ক্যানসার চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। রোগের পর্যায় অনুযায়ী অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হয়।
৮. টিকা নিলে আর পরীক্ষা প্রয়োজন নেই: এইচপিভি টিকা ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসের সব ধরনের সংক্রমণ থেকে সুরক্ষা দেয় না। তাই টিকা নেওয়ার পরও নিয়মিত স্ক্রিনিং জরুরি।
৯. জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করা যায় না: এটি অন্যতম প্রতিরোধযোগ্য ক্যানসার। টিকা, নিয়মিত পরীক্ষা, দ্রুত রোগ শনাক্ত এবং ক্যানসারপূর্ব অবস্থার সময়মতো চিকিৎসার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
প্রাথমিক পর্যায়ে এ রোগের লক্ষণ নাও থাকতে পারে। তবে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
যেসব লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়-
- যৌনমিলনের পর যোনিপথে রক্তপাত।
- মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তপাত।
- মেনোপজ বা ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর রক্তপাত।
- দীর্ঘস্থায়ী বা দুর্গন্ধযুক্ত যোনিস্রাব।
- তলপেট, শ্রোণি অঞ্চল বা কোমরের নিচে দীর্ঘস্থায়ী ব্যথা।
- যৌনমিলনের সময় ব্যথা।
- কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।
- পা ফুলে যাওয়া।
এসব লক্ষণ দেখা দিলেই যে জরায়ুমুখ ক্যানসার হয়েছে, এমন নয়। তবে অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।
ক্যানসার প্রতিরোধে যা করবেন
জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমাতে চিকিৎসকরা কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
প্রথমত, ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে নির্ধারিত নিয়মে এইচপিভি টিকা নিতে হবে। দ্বিতীয়ত, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্ক্রিনিং করাতে হবে। এ ক্ষেত্রে এইচপিভি পরীক্ষা ও প্যাপ স্মিয়ার পরীক্ষার মাধ্যমে ক্যানসারপূর্ব পরিবর্তন শনাক্ত করা সম্ভব।
এ ছাড়া ধূমপান ও তামাকজাত দ্রব্য এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা জরুরি। শরীরে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও পরবর্তী চিকিৎসাও সম্পন্ন করতে হবে।
চিকিৎসকদের ভাষ্য, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধযোগ্য, শনাক্তযোগ্য এবং চিকিৎসাযোগ্য। তাই রোগের লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষায় না থেকে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এইচপিভি টিকা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ অসংখ্য নারীর জীবন বাঁচাতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হবে। বিষয়টি সমাধানের জন্য ভারতকে নতুন করে উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "আমরা প্রতিবেশী দেশের কাছে গঙ্গার চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠিয়েছি। তারা একটি চিঠির কোনো উত্তর দেয়নি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি।"
ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, "বাংলাদেশ আশা করে, প্রতিবেশী দেশটি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।" তিনি আশা প্রকাশ করেন যে, ভারত বন্ধুত্বের মনোভাবের পরিচয় দেবে এবং গঙ্গার পানি বণ্টন ইস্যু সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের উত্তরের অপেক্ষায় হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ এবং উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। তিনি বলেন, "পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।"
আওয়ামী লীগ সরকারের বিগত আমলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, "পূর্ববর্তী ফ্যাসিবাদের আমলের হত্যা, গুম, ছাত্র-শিশুদের হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।"
সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, "এ ধরনের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।"
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে এ্যানি জানান, তারা ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন।
হাইকমিশনার সাক্ষাৎ করে নানা আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল এখনো দেখা যায়নি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে হাজারো শিক্ষার্থী এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দীর্ঘদিনের পড়াশোনা, অনুশীলন ও পরিশ্রমের চূড়ান্ত পরীক্ষা এখন সময়ের অপেক্ষা। পরীক্ষার আগে শেষ সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অসতর্কতা এত দিনের প্রস্তুতিতে ছন্দপতন ঘটাতে পারে, আবার সঠিক পরিকল্পনা ও কৌশল এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। চূড়ান্ত প্রস্তুতি থেকে শুরু করে পরীক্ষার হলের কৌশল—মেডিক্যাল ভর্তিচ্ছুকদের জন্য থাকছে অভিজ্ঞতা থেকে কিছু জরুরি পরামর্শ।
এ বছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন লালন করা হাজারো শিক্ষার্থীর জন্য এটি স্বপ্নপূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। তবে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ঠিক আগমুহূর্তে এসে অনেকেই নানা ধরনের অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় ভোগেন। এত দিন পড়েও যেন কিছুই মনে নেই, অন্যরা হয়তো আরও বেশি প্রস্তুতি নিয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেল কি না, প্রশ্ন কঠিন হবে কি না—অসংখ্য ভাবনা মাথায় ভিড় করে। এর সঙ্গে যুক্ত হয় নার্ভাসনেস ও সঠিক কৌশলের অভাব। ফলে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেককে পরীক্ষার হল থেকে বের হতে হয় আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারার আক্ষেপ নিয়ে। সেই সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলার কারণে পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে।
এ সময়ে সবচেয়ে বড় ভুল হলো আতঙ্কিত হয়ে নতুন করে সবকিছু পড়তে শুরু করা কিংবা নতুন বই, নোট ও প্রশ্নব্যাংকের পেছনে ছোটা। এরই মধ্যে মোটামুটি সবার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার কথা। এখন শেষ সময়ে ভুলত্রুটি শুধরে নিয়ে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করার পালা। পরিকল্পিত রিভিশন, নিয়মিত মডেল টেস্ট ও মানসিক স্থিরতার সমন্বয়ই পারে একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। এখন লক্ষ্য পুরো সিলেবাস আবার পড়া নয়; ইতিমধ্যে পড়া বিষয়গুলো ঝালিয়ে নেওয়া এবং প্রশ্ন সমাধানের দক্ষতা বাড়ানো।
নিজের অবস্থান যাচাই করার সবচেয়ে কার্যকর উপায় হলো মডেল টেস্ট দেওয়া। অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক মডেল টেস্টের মাধ্যমে তুলনামূলক কম প্রস্তুতি নেওয়া হয়েছে কিংবা কঠিন মনে হয়—এমন বিষয়গুলো চিহ্নিত করতে হবে। রিভিশন শুরু করা ভালো সেসব বিষয় দিয়েই। এখন মোবাইলে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও বাস্তবে উত্তরপত্রে বৃত্ত ভরাটের অনুশীলন না থাকলে পরীক্ষার হলে সময় বেশি লাগা, ভুল বৃত্ত ভরাট কিংবা বাদ পড়ে যাওয়া প্রশ্ন খুঁজে পেতে সমস্যাসহ নানা ঝামেলা হতে পারে। এজন্য বেশ কয়েকবার মূল পরীক্ষার আদলে উত্তরপত্রে মডেল টেস্ট দিতে হবে। নম্বর যেমনই আসুক, তা দেখে অতিরিক্ত সন্তুষ্ট বা হতাশ হওয়া চলবে না। প্রতিটি পরীক্ষার পর ভুল ও অনুমাননির্ভর উত্তরগুলো বিশ্লেষণ করতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের সঠিক উত্তর জানার পাশাপাশি অন্য উত্তরগুলো কেন ভুল, সেটিও বোঝার চেষ্টা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা কোচিং সেন্টারে অন্য শিক্ষার্থীর প্রস্তুতি, মডেল টেস্টের নম্বর বা পড়াশোনার সময় দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে মনে রাখতে হবে, প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, প্রস্তুতির ধরন ও সামগ্রিক পরিস্থিতি আলাদা। পরিবারের প্রত্যাশাও অনেক সময় শিক্ষার্থীর ওপর বাড়তি চাপ তৈরি করে। একটি খারাপ মডেল টেস্টের কারণে পুরো প্রস্তুতি নষ্ট হয়ে গেছে—এমনটা ভাবার কোনো কারণ নেই।
এত দিন অনেকেই একই বিষয়ের একাধিক বই পড়ে এসেছেন। এমনকি একই বিষয়ে বিভিন্ন লেখকের বইয়ে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় সবগুলোই মুখস্থ করেছেন। চূড়ান্ত রিভিশনের সময় এত তথ্য মনে রাখার চেষ্টা করলে পরীক্ষার হলে অপশন দেখে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য একটা বিষয়ের জন্য একটা নির্ভরযোগ্য বইকে মূল বই ধরে রিভিশন শুরু করা উচিত। একটা টপিক বারবার একই জায়গা থেকে পড়লে ভিজ্যুয়াল মেমোরি তৈরি হয় এবং তা মনে থাকার সম্ভাবনাও বাড়ে। জীববিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর থাকায় এতে কিছুটা বেশি গুরুত্ব ও সময় দেওয়া যেতে পারে। তবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা মানেই মূলত জীববিজ্ঞান—এ ধারণা একেবারেই ভুল।
৩০ নম্বরের সর্বোচ্চ প্রস্তুতি নিতে গিয়ে বাকি ৭০ নম্বরের বিষয়গুলো হেলাফেলা করা বুদ্ধিমানের কাজ নয়। জীববিজ্ঞানে খুব ভালো না করেও অন্য বিষয়গুলোতে ভালো প্রস্তুতির কারণে সামগ্রিক ফলাফলে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন—এমন উদাহরণও রয়েছে। প্রশ্নব্যাংক সমাধান করা মানে শুধু প্রশ্নের উত্তর জেনে নেওয়া নয়, প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে, কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত এবং অপশনগুলো কীভাবে সাজানো হয়েছে—এসব বিষয় বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলাদা করে ফেলতে হবে। মনে রাখতে হবে, হার্ডওয়ার্কের চেয়ে স্মার্টওয়ার্ক অনেক সময় বেশি ফলপ্রসূ। যে অধ্যায় থেকে প্রতিবছর একাধিক প্রশ্ন আসে, আর যে অধ্যায় থেকে দুই-তিন বছরে একটি প্রশ্ন এসেছে—দুটির গুরুত্ব কখনো সমান হতে পারে না।
নিশ্চিত কমন আসার সম্ভাবনা রয়েছে—এমন বিষয় বাদ দেওয়া যাবে না; যেমন পদার্থবিজ্ঞান ও রসায়ন বইয়ের অনুশীলনীর প্রশ্ন। আবার সীমাহীন পড়ার বিষয়গুলোতে অতিরিক্ত সময় নষ্ট করাও ঠিক হবে না; যেমন ইংরেজি ভোকাবুলারি ও সাধারণ জ্ঞান। এ সময় নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, হালকা ব্যায়াম ও হাঁটাচলা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। খুব বেশি রাত জেগে পড়ার কারণে পরদিনের পড়াশোনার মান কমে গেলে তাতে কোনো লাভ নেই। পরীক্ষার হলের আসল খেলোয়াড় হলো মস্তিষ্ক। তাই ধারণক্ষমতার অতিরিক্ত চাপ দিয়ে মস্তিষ্ককে অবসাদগ্রস্ত করে তোলা যাবে না।
মাঝে মাঝে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা কিংবা অতিরিক্ত নার্ভাস হয়ে পড়া অস্বাভাবিক নয়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে, বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে কিংবা শখের কাজের মাধ্যমে মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যম মানসিক চাপ তৈরি করে এবং মনোযোগ নষ্ট করে। সে ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পূর্ণ বিরতি নেওয়াই শ্রেয়।
কমপক্ষে এক সপ্তাহ হাতে রেখে সব বিষয়ের রিভিশন শেষ করা উচিত। এরপর ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার পালা। সময় ব্যবস্থাপনা, নেগেটিভ মার্কিং কমিয়ে আনা ও সঠিক অনুমান করতে শেখা—এসব কৌশল এখনই অভ্যাস করতে হবে। প্রথমে শতভাগ নিশ্চিত প্রশ্নগুলোর উত্তর দাগিয়ে ফেলতে হবে। যেসব প্রশ্নের উত্তর দিতে বেশি ভাবতে হয় না, সেগুলো অল্প সময়েই সমাধান করে ফেলা ভালো। যেমন, ফুসফুসের আবরণের নাম কী? উত্তর: প্ল্যুরা। প্রশ্ন ও অপশন পড়াসহ এর উত্তর করতে ৫-১০ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়।
গাণিতিক সমস্যাগুলো শুরুতে সমাধান না করাই ভালো। কোনো অঙ্ক না মিললে তার পেছনে বেশি সময় নষ্ট করা যাবে না। কারণ, প্রশ্নেও ভুল থাকতে পারে। ৫০-৫০ সম্ভাবনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে রিস্ক-বেনিফিট রেশিও বিবেচনায় নিতে হবে। কিছু ক্ষেত্রে ‘এক্সক্লুশন মেথড’ প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ যেসব অপশন সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা নেই, সেগুলো বাদ দিতে হবে। এতে বাকি থাকা অপশন থেকে সঠিক উত্তর বেছে নেওয়া সহজ হবে। একেবারেই জানা নেই—এমন প্রশ্ন এড়িয়ে যাওয়াই ভালো। পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যাপ্ত সময় হাতে রেখে হিসাব করে দেখতে হবে, কাঙ্ক্ষিত কাটমার্কের কাছাকাছি পৌঁছানোর মতো উত্তর করা হয়েছে কি না।
মেডিক্যাল ভর্তি পরীক্ষার কাটমার্ক প্রতিবছর কমবেশি হয়। এজন্য আগে থেকে তা অনুমান করা কঠিন। কখনো ৮০-এর ওপরে, আবার কখনো ৬০-এর নিচেও কাটমার্ক এসেছে—এমন নজির রয়েছে। তাই প্রশ্ন কঠিন হলে নম্বর কম আসতে পারে—এ ভেবে পরীক্ষার হলে আতঙ্কিত হওয়া যাবে না। উল্টাপাল্টা উত্তর দাগিয়ে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পা দেওয়া যাবে না।
পরীক্ষার আগের দিন প্রয়োজনীয় কাগজপত্র, প্রবেশপত্র ও কলম গুছিয়ে রাখতে হবে। যাতায়াতের পরিকল্পনাও আগে থেকে করে রাখা জরুরি। পরীক্ষাকেন্দ্র ও সময় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রস্তুতি যত ভালো বা খারাপই হোক, সাফল্য অনেকাংশে নির্ভর করে পরীক্ষার হলের পারফরম্যান্সের ওপর। মেডিক্যাল ভর্তি পরীক্ষা জ্ঞান যাচাইয়ের পাশাপাশি একধরনের মাইন্ড গেমও। এখানে স্নায়ু শান্ত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিছু প্রশ্ন থাকবে ‘নিচের কোনটি সত্য নয়’—এ ধরনের। সতর্ক না থাকলে ‘নয়’ শব্দটি চোখ এড়িয়ে যেতে পারে। আবার অপশনগুলোতে থাকতে পারে একেকটি পূর্ণাঙ্গ বাক্য। দেখেই কঠিন মনে হবে, উত্তর করতে সময়ও লাগবে বেশি। তবে মাথা ঠাণ্ডা রেখে পড়লে বোঝা যাবে, এগুলো আগে পড়া বিষয়ই; শুধু একটু ঘুরিয়ে-পেঁচিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রশ্ন দেখে কঠিন মনে হলে ভেঙে পড়া যাবে না। সবাই একই প্রশ্নে পরীক্ষা দেবে। প্রশ্ন কঠিন হলে তা সবার জন্যই কঠিন। আর প্রতিবার উত্তরপত্রে বৃত্ত ভরাট করার সময় প্রশ্নের ক্রমিক নম্বরের সঙ্গে উত্তরপত্রে থাকা নম্বর মিলিয়ে নিতে হবে। আশপাশে কে কী করছেন, সেদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। মানসিক চাপ কমাতে প্রয়োজনে ব্রিদিং এক্সারসাইজ করা যেতে পারে।
শেষ সময়ে সঠিক কৌশলে প্রস্তুতিকে শাণিত করার ওপরই অনেকাংশে নির্ভর করে স্বপ্ন আর বাস্তবতার ব্যবধান। এত দিন ভালো পারফর্ম করে আসা শিক্ষার্থীও সামান্য কিছু ভুলের কারণে পিছিয়ে যেতে পারেন। আবার মোটামুটি প্রস্তুতি থাকা কোনো শিক্ষার্থী সঠিক কৌশল ও নির্দেশনা মেনে চললে প্রত্যাশার চেয়েও ভালো করতে পারেন। এজন্য শেষ মুহূর্তে আতঙ্ক নয়, প্রয়োজন আত্মবিশ্বাস, পরিকল্পিত প্রস্তুতি ও ঠাণ্ডা মাথায় পরীক্ষার মুখোমুখি হওয়ার মানসিকতা।
মনে রাখতে হবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ, তবে জীবনের একমাত্র লক্ষ্য নয়। আত্মবিশ্বাস, ধৈর্য ও ঠাণ্ডা মাথায় নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষার মুখোমুখি হতে হবে। যারা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এ লড়াইয়ে শামিল হচ্ছেন, সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। স্বপ্ন পূরণের পথে আপনাদের প্রত্যেকের যাত্রা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।
লেখক: ডা. শাহজিয়া শাহরিন আনিকা
এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য), সহকারী সার্জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ