বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:২১ পি.এম
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে হাজারো শিক্ষার্থী এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দীর্ঘদিনের পড়াশোনা, অনুশীলন ও পরিশ্রমের চূড়ান্ত পরীক্ষা এখন সময়ের অপেক্ষা। পরীক্ষার আগে শেষ সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অসতর্কতা এত দিনের প্রস্তুতিতে ছন্দপতন ঘটাতে পারে, আবার সঠিক পরিকল্পনা ও কৌশল এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। চূড়ান্ত প্রস্তুতি থেকে শুরু করে পরীক্ষার হলের কৌশল—মেডিক্যাল ভর্তিচ্ছুকদের জন্য থাকছে অভিজ্ঞতা থেকে কিছু জরুরি পরামর্শ।
এ বছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন লালন করা হাজারো শিক্ষার্থীর জন্য এটি স্বপ্নপূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। তবে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ঠিক আগমুহূর্তে এসে অনেকেই নানা ধরনের অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় ভোগেন। এত দিন পড়েও যেন কিছুই মনে নেই, অন্যরা হয়তো আরও বেশি প্রস্তুতি নিয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেল কি না, প্রশ্ন কঠিন হবে কি না—অসংখ্য ভাবনা মাথায় ভিড় করে। এর সঙ্গে যুক্ত হয় নার্ভাসনেস ও সঠিক কৌশলের অভাব। ফলে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেককে পরীক্ষার হল থেকে বের হতে হয় আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারার আক্ষেপ নিয়ে। সেই সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলার কারণে পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে।
এ সময়ে সবচেয়ে বড় ভুল হলো আতঙ্কিত হয়ে নতুন করে সবকিছু পড়তে শুরু করা কিংবা নতুন বই, নোট ও প্রশ্নব্যাংকের পেছনে ছোটা। এরই মধ্যে মোটামুটি সবার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার কথা। এখন শেষ সময়ে ভুলত্রুটি শুধরে নিয়ে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করার পালা। পরিকল্পিত রিভিশন, নিয়মিত মডেল টেস্ট ও মানসিক স্থিরতার সমন্বয়ই পারে একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। এখন লক্ষ্য পুরো সিলেবাস আবার পড়া নয়; ইতিমধ্যে পড়া বিষয়গুলো ঝালিয়ে নেওয়া এবং প্রশ্ন সমাধানের দক্ষতা বাড়ানো।
নিজের অবস্থান যাচাই করার সবচেয়ে কার্যকর উপায় হলো মডেল টেস্ট দেওয়া। অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক মডেল টেস্টের মাধ্যমে তুলনামূলক কম প্রস্তুতি নেওয়া হয়েছে কিংবা কঠিন মনে হয়—এমন বিষয়গুলো চিহ্নিত করতে হবে। রিভিশন শুরু করা ভালো সেসব বিষয় দিয়েই। এখন মোবাইলে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও বাস্তবে উত্তরপত্রে বৃত্ত ভরাটের অনুশীলন না থাকলে পরীক্ষার হলে সময় বেশি লাগা, ভুল বৃত্ত ভরাট কিংবা বাদ পড়ে যাওয়া প্রশ্ন খুঁজে পেতে সমস্যাসহ নানা ঝামেলা হতে পারে। এজন্য বেশ কয়েকবার মূল পরীক্ষার আদলে উত্তরপত্রে মডেল টেস্ট দিতে হবে। নম্বর যেমনই আসুক, তা দেখে অতিরিক্ত সন্তুষ্ট বা হতাশ হওয়া চলবে না। প্রতিটি পরীক্ষার পর ভুল ও অনুমাননির্ভর উত্তরগুলো বিশ্লেষণ করতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের সঠিক উত্তর জানার পাশাপাশি অন্য উত্তরগুলো কেন ভুল, সেটিও বোঝার চেষ্টা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা কোচিং সেন্টারে অন্য শিক্ষার্থীর প্রস্তুতি, মডেল টেস্টের নম্বর বা পড়াশোনার সময় দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে মনে রাখতে হবে, প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, প্রস্তুতির ধরন ও সামগ্রিক পরিস্থিতি আলাদা। পরিবারের প্রত্যাশাও অনেক সময় শিক্ষার্থীর ওপর বাড়তি চাপ তৈরি করে। একটি খারাপ মডেল টেস্টের কারণে পুরো প্রস্তুতি নষ্ট হয়ে গেছে—এমনটা ভাবার কোনো কারণ নেই।
এত দিন অনেকেই একই বিষয়ের একাধিক বই পড়ে এসেছেন। এমনকি একই বিষয়ে বিভিন্ন লেখকের বইয়ে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় সবগুলোই মুখস্থ করেছেন। চূড়ান্ত রিভিশনের সময় এত তথ্য মনে রাখার চেষ্টা করলে পরীক্ষার হলে অপশন দেখে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য একটা বিষয়ের জন্য একটা নির্ভরযোগ্য বইকে মূল বই ধরে রিভিশন শুরু করা উচিত। একটা টপিক বারবার একই জায়গা থেকে পড়লে ভিজ্যুয়াল মেমোরি তৈরি হয় এবং তা মনে থাকার সম্ভাবনাও বাড়ে। জীববিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর থাকায় এতে কিছুটা বেশি গুরুত্ব ও সময় দেওয়া যেতে পারে। তবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা মানেই মূলত জীববিজ্ঞান—এ ধারণা একেবারেই ভুল।
৩০ নম্বরের সর্বোচ্চ প্রস্তুতি নিতে গিয়ে বাকি ৭০ নম্বরের বিষয়গুলো হেলাফেলা করা বুদ্ধিমানের কাজ নয়। জীববিজ্ঞানে খুব ভালো না করেও অন্য বিষয়গুলোতে ভালো প্রস্তুতির কারণে সামগ্রিক ফলাফলে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন—এমন উদাহরণও রয়েছে। প্রশ্নব্যাংক সমাধান করা মানে শুধু প্রশ্নের উত্তর জেনে নেওয়া নয়, প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে, কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত এবং অপশনগুলো কীভাবে সাজানো হয়েছে—এসব বিষয় বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলাদা করে ফেলতে হবে। মনে রাখতে হবে, হার্ডওয়ার্কের চেয়ে স্মার্টওয়ার্ক অনেক সময় বেশি ফলপ্রসূ। যে অধ্যায় থেকে প্রতিবছর একাধিক প্রশ্ন আসে, আর যে অধ্যায় থেকে দুই-তিন বছরে একটি প্রশ্ন এসেছে—দুটির গুরুত্ব কখনো সমান হতে পারে না।
নিশ্চিত কমন আসার সম্ভাবনা রয়েছে—এমন বিষয় বাদ দেওয়া যাবে না; যেমন পদার্থবিজ্ঞান ও রসায়ন বইয়ের অনুশীলনীর প্রশ্ন। আবার সীমাহীন পড়ার বিষয়গুলোতে অতিরিক্ত সময় নষ্ট করাও ঠিক হবে না; যেমন ইংরেজি ভোকাবুলারি ও সাধারণ জ্ঞান। এ সময় নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, হালকা ব্যায়াম ও হাঁটাচলা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। খুব বেশি রাত জেগে পড়ার কারণে পরদিনের পড়াশোনার মান কমে গেলে তাতে কোনো লাভ নেই। পরীক্ষার হলের আসল খেলোয়াড় হলো মস্তিষ্ক। তাই ধারণক্ষমতার অতিরিক্ত চাপ দিয়ে মস্তিষ্ককে অবসাদগ্রস্ত করে তোলা যাবে না।
মাঝে মাঝে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা কিংবা অতিরিক্ত নার্ভাস হয়ে পড়া অস্বাভাবিক নয়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে, বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে কিংবা শখের কাজের মাধ্যমে মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যম মানসিক চাপ তৈরি করে এবং মনোযোগ নষ্ট করে। সে ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পূর্ণ বিরতি নেওয়াই শ্রেয়।
কমপক্ষে এক সপ্তাহ হাতে রেখে সব বিষয়ের রিভিশন শেষ করা উচিত। এরপর ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার পালা। সময় ব্যবস্থাপনা, নেগেটিভ মার্কিং কমিয়ে আনা ও সঠিক অনুমান করতে শেখা—এসব কৌশল এখনই অভ্যাস করতে হবে। প্রথমে শতভাগ নিশ্চিত প্রশ্নগুলোর উত্তর দাগিয়ে ফেলতে হবে। যেসব প্রশ্নের উত্তর দিতে বেশি ভাবতে হয় না, সেগুলো অল্প সময়েই সমাধান করে ফেলা ভালো। যেমন, ফুসফুসের আবরণের নাম কী? উত্তর: প্ল্যুরা। প্রশ্ন ও অপশন পড়াসহ এর উত্তর করতে ৫-১০ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়।
গাণিতিক সমস্যাগুলো শুরুতে সমাধান না করাই ভালো। কোনো অঙ্ক না মিললে তার পেছনে বেশি সময় নষ্ট করা যাবে না। কারণ, প্রশ্নেও ভুল থাকতে পারে। ৫০-৫০ সম্ভাবনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে রিস্ক-বেনিফিট রেশিও বিবেচনায় নিতে হবে। কিছু ক্ষেত্রে ‘এক্সক্লুশন মেথড’ প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ যেসব অপশন সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা নেই, সেগুলো বাদ দিতে হবে। এতে বাকি থাকা অপশন থেকে সঠিক উত্তর বেছে নেওয়া সহজ হবে। একেবারেই জানা নেই—এমন প্রশ্ন এড়িয়ে যাওয়াই ভালো। পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যাপ্ত সময় হাতে রেখে হিসাব করে দেখতে হবে, কাঙ্ক্ষিত কাটমার্কের কাছাকাছি পৌঁছানোর মতো উত্তর করা হয়েছে কি না।
মেডিক্যাল ভর্তি পরীক্ষার কাটমার্ক প্রতিবছর কমবেশি হয়। এজন্য আগে থেকে তা অনুমান করা কঠিন। কখনো ৮০-এর ওপরে, আবার কখনো ৬০-এর নিচেও কাটমার্ক এসেছে—এমন নজির রয়েছে। তাই প্রশ্ন কঠিন হলে নম্বর কম আসতে পারে—এ ভেবে পরীক্ষার হলে আতঙ্কিত হওয়া যাবে না। উল্টাপাল্টা উত্তর দাগিয়ে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পা দেওয়া যাবে না।
পরীক্ষার আগের দিন প্রয়োজনীয় কাগজপত্র, প্রবেশপত্র ও কলম গুছিয়ে রাখতে হবে। যাতায়াতের পরিকল্পনাও আগে থেকে করে রাখা জরুরি। পরীক্ষাকেন্দ্র ও সময় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রস্তুতি যত ভালো বা খারাপই হোক, সাফল্য অনেকাংশে নির্ভর করে পরীক্ষার হলের পারফরম্যান্সের ওপর। মেডিক্যাল ভর্তি পরীক্ষা জ্ঞান যাচাইয়ের পাশাপাশি একধরনের মাইন্ড গেমও। এখানে স্নায়ু শান্ত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিছু প্রশ্ন থাকবে ‘নিচের কোনটি সত্য নয়’—এ ধরনের। সতর্ক না থাকলে ‘নয়’ শব্দটি চোখ এড়িয়ে যেতে পারে। আবার অপশনগুলোতে থাকতে পারে একেকটি পূর্ণাঙ্গ বাক্য। দেখেই কঠিন মনে হবে, উত্তর করতে সময়ও লাগবে বেশি। তবে মাথা ঠাণ্ডা রেখে পড়লে বোঝা যাবে, এগুলো আগে পড়া বিষয়ই; শুধু একটু ঘুরিয়ে-পেঁচিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রশ্ন দেখে কঠিন মনে হলে ভেঙে পড়া যাবে না। সবাই একই প্রশ্নে পরীক্ষা দেবে। প্রশ্ন কঠিন হলে তা সবার জন্যই কঠিন। আর প্রতিবার উত্তরপত্রে বৃত্ত ভরাট করার সময় প্রশ্নের ক্রমিক নম্বরের সঙ্গে উত্তরপত্রে থাকা নম্বর মিলিয়ে নিতে হবে। আশপাশে কে কী করছেন, সেদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। মানসিক চাপ কমাতে প্রয়োজনে ব্রিদিং এক্সারসাইজ করা যেতে পারে।
শেষ সময়ে সঠিক কৌশলে প্রস্তুতিকে শাণিত করার ওপরই অনেকাংশে নির্ভর করে স্বপ্ন আর বাস্তবতার ব্যবধান। এত দিন ভালো পারফর্ম করে আসা শিক্ষার্থীও সামান্য কিছু ভুলের কারণে পিছিয়ে যেতে পারেন। আবার মোটামুটি প্রস্তুতি থাকা কোনো শিক্ষার্থী সঠিক কৌশল ও নির্দেশনা মেনে চললে প্রত্যাশার চেয়েও ভালো করতে পারেন। এজন্য শেষ মুহূর্তে আতঙ্ক নয়, প্রয়োজন আত্মবিশ্বাস, পরিকল্পিত প্রস্তুতি ও ঠাণ্ডা মাথায় পরীক্ষার মুখোমুখি হওয়ার মানসিকতা।
মনে রাখতে হবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ, তবে জীবনের একমাত্র লক্ষ্য নয়। আত্মবিশ্বাস, ধৈর্য ও ঠাণ্ডা মাথায় নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষার মুখোমুখি হতে হবে। যারা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এ লড়াইয়ে শামিল হচ্ছেন, সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। স্বপ্ন পূরণের পথে আপনাদের প্রত্যেকের যাত্রা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।
লেখক: ডা. শাহজিয়া শাহরিন আনিকা
এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য), সহকারী সার্জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে বিদায় জানালেন মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ জন কর্মীকে বিনা খরচে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তিনি ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাবেন।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) মূল বেতনে কাজ করবেন। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।
কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের খরচ নিয়োগকর্তা বহন করছে। ফলে জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে বলে জানান রাশেদুল হক। ১১২ কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।
তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে চূড়ান্ত হন ১১২ জন।
বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চার প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
সরকারি এ কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ অর্থ চাইলে তা প্রতারণা বলে সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর, দলটির নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির একটি রহস্যময় পোস্ট রোহিত শর্মাকে আলোচনায় নিয়ে এসেছে। সমর্থকদের মধ্যে ধারণা, আবারও মুম্বাইয়ের নেতৃত্বে দেখা যেতে পারে পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ককে।
সম্প্রতি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ছবিতে দেখা যায়, একটি হাত ধরে রেখেছে মুম্বাইয়ের লোগোসংবলিত ক্যাপ। ছবিতে ব্যক্তির মুখ কিংবা পরিচয় বোঝার মতো কোনো তথ্য নেই। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে এই ছবির কারণে শুরু হয়েছে নানা আলোচনা। সমর্থকদের একাংশের দাবি, ছবিতে থাকা হাতটি রোহিতের। আর এর মাধ্যমে অধিনায়কত্বে তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে মুম্বাই।
ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে রোহিত শর্মা সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। তবে এত সাফল্যের পরও ২০২৪ মৌসুমের আগে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। হার্দিক পান্ডিয়ার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।
মুম্বাইয়ের এই সিদ্ধান্ত সমর্থকদের বড় একটি অংশ ভালোভাবে নেননি। রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর থেকেই অসন্তোষ দেখা দেয়। গ্যালারিতেও হার্দিকের বিপক্ষে এবং রোহিতের পক্ষে নানা ব্যানার দেখা গিয়েছিল। অন্যদিকে, অধিনায়ক হিসেবে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি হার্দিক।
এবার নিলামের আগে হার্দিককে পাঞ্জাব কিংসের কাছে ছেড়ে দিয়েছে মুম্বাই। তার পরিবর্তে পাঞ্জাব থেকে আর্শদীপ সিংকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আসন্ন মৌসুমে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে তাদের।
সেই দৌড়ে সবচেয়ে আলোচিত নাম রোহিত শর্মা। তবে নেতৃত্বের বিকল্প হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও জসপ্রীত বুমরাহও। শেষ পর্যন্ত মুম্বাইয়ের আর্মব্যান্ড কার হাতে উঠবে, তা এখনো নিশ্চিত নয়। রহস্যময় পোস্টটি রোহিতের প্রত্যাবর্তনের ইঙ্গিত কি না, সেটিও স্পষ্ট করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে সমর্থকদের প্রত্যাশা, আবারও পুরোনো অধিনায়কের হাতেই ফিরবে মুম্বাইয়ের নেতৃত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি ভয়ংকর সতর্কবার্তা প্রদান করেছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বুধবার (২৫ নভেম্বর) তিনি এ সতর্কবার্তা দেন।
দারিও আমোদেই মনে করেন, মানবজাতির নিয়ন্ত্রণ ও স্বাধীন ইচ্ছা এআইয়ের কাছে সমর্পণ করা উচিত নয়। তিনি মন্তব্য করেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এআইয়ের হাতে ছেড়ে দেওয়া একটি ভয়াবহ সিদ্ধান্ত হবে। বরং, এ প্রযুক্তির ব্যবহার অবশ্যই বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় থাকতে হবে।
এ মন্তব্যটি এসেছে যখন প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা পূর্বাভাস দিচ্ছেন, এআই শিগগিরই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে দাবি করা হয়, অ্যানথ্রপিকের ভেতরে এআইয়ের কাছে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একটি ঐকমত্য রয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনের জবাবে আমোদেই বলেন, “আমি যদি এসবকে ভালো ধারণা মনে করতাম, তাহলে প্রকাশ্যেই এর পক্ষে কথা বলতাম। গত কয়েক বছরে অনেক অজনপ্রিয় মতামতের পক্ষেও কথা বলতে আমি পিছপা হইনি। কিন্তু আমি তা করছি না। কারণ, এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তুলে দেওয়া ভয়াবহ একটি ধারণা।”
আমোদেইয়ের বক্তব্যের মাধ্যমে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) এবং কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা (এএসআই) নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এজিআই বলতে মানুষের সমপর্যায়ের বা তার চেয়ে বেশি সক্ষমতাসম্পন্ন এআই বোঝানো হয়, এবং এএসআই বলতে মানুষের সেরা বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাওয়া এআইকে বোঝানো হয়।
সিলিকন ভ্যালিসহ বিভিন্ন স্থানে এ প্রযুক্তির মানবকল্যাণে ব্যবহার এবং মানবজাতির জন্য বিপর্যয়কর ঝুঁকি তৈরি করবে কিনা, তা নিয়ে তীব্র বিতর্ক চলছে। এআই নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তিরা আশঙ্কা করছেন, অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলোর তৈরি এআই মডেল একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে যখন এসব ব্যবস্থা মানুষের কোনো সহায়তা ছাড়াই নিজেদের সক্ষমতা বাড়াতে শুরু করবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন।
গত সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে আলোচনায় আসে অ্যানথ্রপিক। আমোদেই তার এক্স পোস্টে বলেন, এআইকে দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করানো এবং বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ এআইয়ের হাতে তুলে দেওয়া এক বিষয় নয়। তিনি এ দুটি ধারণাকে এক করে দেখার প্রবণতার সমালোচনা করেন।
তার ভাষায়, “এটি এআইয়ের হাতে বিশ্ব পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া নয়; বরং এআই দিয়ে গাড়ি চালানো, ক্যানসারের ওষুধ তৈরি করা কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত সফটওয়্যার তৈরি করানোর বিষয়।”
তিনি আরও বলেন, এআইকে দিয়ে আরও বড় ও জটিল কাজ করানো অর্থনৈতিকভাবে মূল্যবান। সফটওয়্যার, চিকিৎসা, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে এ প্রযুক্তি।
আমোদেই আরও উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে এআইয়ের এমন ব্যবহার স্পষ্টতই কাম্য এবং এর মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। কিছু ক্ষেত্রে এ ধরনের ব্যবহার উপযুক্ত নাও হতে পারে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশ না করা সূত্রের বরাতে বলা হয়, আমোদেই ও অ্যানথ্রপিকের অন্য নির্বাহীরা মনে করেন, যেসব কাজ এআই মানুষের চেয়ে ভালো করতে পারে, সেসব ক্ষেত্রে এআইয়ের হাতে কর্তৃত্ব না দেওয়াটা অযৌক্তিক, এমনকি অনৈতিকও হতে পারে। রোগ নিরাময়ের মতো কাজের ক্ষেত্রে এ বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন দেশের বাইরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে।
ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি এসব কথা বলেন।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, সীমান্তে বৈঠককে কেন্দ্র করে যেসব ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, সেগুলোর বিষয়ে ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও জানান, দেশের কৃষি উৎপাদন বাড়াতে পদ্মা ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি নেতাকর্মীদের আহ্বান জানান যে, জাতীয় স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ