ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

শিল্পাঞ্চলে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিআইজির


শিল্পাঞ্চলে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিআইজির

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে তৈরি পোশাকশিল্প ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

রবিবার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

ডিআইজি বলেন, বর্তমানে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের কোথাও নেতিবাচক কিছু শোনা যায়নি। রেঞ্জ ডিআইজি হিসেবে আমি নিশ্চিত করতে পারি, কারখানায় প্রবেশ করে শ্রমিকরা যথারীতি তাদের কাজকর্ম অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি

তিনি আরও বলেন, চলতি মাসের ১ তারিখে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপর মজুরি বোর্ড প্রথম বৈঠক করে তাদের ব্রিফ করেছে। শ্রমিকদের নিয়ে আমরা সাভার-আশুলিয়া এলাকায় বসেছিলাম। তারা বলছেন, এ আন্দোলন আসলে তাদের নয়। কারণ তাদের যে দাবিগুলো ছিল, সেগুলোর প্রতি সরকার অত্যন্ত সহানুভূতিশীল। বর্তমান সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সরকার চিন্তা করে। শ্রমিকরা যদি কাজ করেন এবং তাদের যদি আন্দোলনের প্রতি একাত্মতা না থাকে, তাহলে এটি আসলে অস্থিতিশীলতা সৃষ্টিকারী একটি গোষ্ঠীর অশুভ পাঁয়তারা।

মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক একটি সংবেদনশীল বিষয়। তাদের আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। যারা পরিবেশ অশান্ত করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত আশুলিয়া ও সাভার এলাকায় প্রায় ১৫টি মামলা হয়েছে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ এলাকায় আমাদের শতাধিক গ্রেপ্তার রয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউই শ্রমিক নন, সবাই সংকট সৃষ্টিকারী। এ ছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জেও আমরা শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। সেখানেও একই অবস্থা। গ্রেপ্তারকৃতদের মধ্যে শ্রমিক নেই। এরা সবাই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিশেষ গোষ্ঠীর সদস্য, যারা এ শিল্পকে ধ্বংস করতে চায় এবং রাষ্ট্রকে অস্থিতিশীল রাখতে চায়।

কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, আমাদের গোয়েন্দা পুলিশ ও পোশাকধারী পুলিশ সক্রিয় রয়েছে। কারা এসব করছে, তা আমাদের জানা আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিক ভাই-বোনদের প্রতি আহ্বান, আপনাদের আবেগকে কাজে লাগিয়ে তারা এসব করছে। তাই এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। কারখানা, বাসস্থান ও রাস্তায় পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। কারখানা এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে টানা কয়েক দিনের আন্দোলনের পর সাপ্তাহিক ছুটি শেষে সকাল থেকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কর্মস্থলে প্রবেশ করে নিজ নিজ ইউনিটে কাজ শুরু করেন তারা।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


দুর্গাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

‘করব সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় দিবসটির উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালির পর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অতিরিক্ত) মো. রায়হানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ ম মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এছাড়া সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন পঙ্কজ মারাক, দিলোয়ারা বেগম ও মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য কয়েকটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘ইউনিটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’, ‘বিপিনগঞ্জ চিনাকুড়ি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.’ এবং ‘দুর্গাপুর পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতি লি.’-কে পুরস্কৃত করা হয়। পরে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং অন্যান্য সমবায় সমিতিকে দেশের সার্বিক উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি কারাগারে পুরো কোরআন হিফজ করলেন ১৯ বছরের ফিলিস্তিনি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ইসরাইলি কারাগারে পুরো কোরআন হিফজ করলেন ১৯ বছরের ফিলিস্তিনি তরুণী

ইসরাইলি কারাগারের বন্দিদশা, প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। তিনি কেবল কোরআন হিফজ করেই থেমে থাকেননি; নিজের বিচারিক শুনানিতে এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ তিলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেছেন।

ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম ‘প্রিজনার্স মিডিয়া অফিস’ বা ‘মাকতাব আল-ইলাম আল-আসরা’ জানিয়েছে, জানা আবু ওয়ারদা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি ইসরাইলের ড্যামন কারাগারে বন্দি রয়েছেন।

গ্রেপ্তারের আগে জানার পবিত্র কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ করা ছিল। কারাগারে বন্দি থাকার সময় বাকি অংশ মুখস্থ করে সম্পূর্ণ কোরআনের হাফেজ হন তিনি। সম্প্রতি আদালতে নিজের বিচারিক শুনানির সময় উপস্থিত ব্যক্তিদের জানান, তিনি এক বৈঠকেই সম্পূর্ণ কোরআন মুখস্থ তিলাওয়াত করেছেন।

জানা শুধু নিজের হিফজ সম্পন্ন করেই ক্ষান্ত হননি। কারাগারে অন্য নারী বন্দিদেরও কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন তিনি। তার উদ্যোগে কারাগারের ভেতরেই গড়ে উঠেছে ধর্মীয় শিক্ষা ও অধ্যয়নের পরিবেশ। বন্দিত্বের মধ্যেও সহবন্দিদের মধ্যে জ্ঞানচর্চা ও ধর্মীয় শিক্ষার আগ্রহ ছড়িয়ে দিচ্ছেন এই তরুণী।

জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতিও তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে স্নাতক শেষ করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তিনি। তার স্বপ্ন, একদিন কোরআন ও হাদিসের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তবে কারাগারের জীবন তার জন্য মোটেও সহজ নয়। ড্যামন কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীরা খাবারের সংকট, কঠোর বন্দি-পরিস্থিতি এবং বিভিন্ন বিধিনিষেধের মুখোমুখি হচ্ছেন। জানাও গ্রেপ্তার ও এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় অপমানজনক তল্লাশির শিকার হয়েছেন বলে বন্দিবিষয়ক সংগঠনটি জানিয়েছে।

এমনকি বন্দিদশায় নিজের পরিবারের কাছের মানুষদের হারানোর খবরও তাকে দেরিতে জানতে হয়েছে। কারাগারে পরিবারের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় স্বজনদের সঙ্গে তাঁর বিচ্ছিন্নতা আরও বেড়েছে।

বন্দিত্বের মধ্যেও জানার এই অর্জন ফিলিস্তিনি বন্দিদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও কোরআনচর্চার আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রতিকূল পরিস্থিতিতে নিজের পড়াশোনা অব্যাহত রাখা এবং অন্য বন্দিদের শিক্ষাদানের মাধ্যমে তিনি কারাগারের জীবনেও জ্ঞানচর্চার একটি পরিবেশ তৈরি করেছেন।

বন্দিশালার দেয়াল তার স্বাধীনতা সীমিত করতে পারলেও জ্ঞান অর্জন ও ধর্মীয় শিক্ষার প্রতি তার আগ্রহ থামাতে পারেনি।

সূত্র: সান নিউজ এজেন্সি, প্রিজনার্স মিডিয়া অফিস (আসরামিডিয়া) ও ফিলিস্তিনি শরণার্থী পোর্টাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার অস্ত্রোপচারের পর পোপ লিও: ‘বেশ ভালো আছি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ক্যানসার অস্ত্রোপচারের পর পোপ লিও: ‘বেশ ভালো আছি’

ক্যানসারের অস্ত্রোপচারের পর পোপ চতুর্দশ লিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি ‘বেশ ভালো আছেন’। লাতিন আমেরিকার তিনটি দেশ সফরের আগে তিনি এই তথ্য প্রকাশ করেন।

শুক্রবার (৬ নভেম্বর) উরুগুয়ে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোপ উল্লেখ করেন, এই সফর অবশ্যই হওয়া উচিত বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিকিৎসার সময় যাঁরা তাঁকে সহায়তা করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

পোপ ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। তাঁর মতে, ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা চিকিৎসার জন্য সবচেয়ে ভালো পন্থা।

লাতিন আমেরিকার তিনটি দেশের সফরের প্রথম গন্তব্য হিসেবে পোপ উরুগুয়ে সফর শুরু করেছেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উরুগুয়েতে ক্যাথলিক ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে কম এবং দেশটি তুলনামূলকভাবে বেশি ধর্মনিরপেক্ষ। ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের কারণে তিন সপ্তাহ আগে তাঁর এই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের নির্বাচনে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, ২৭ নভেম্বর চূড়ান্ত ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


নিউজিল্যান্ডের নির্বাচনে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, ২৭ নভেম্বর চূড়ান্ত ফলাফল

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চয়তার মুখোমুখি, কারণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার গঠনের ক্ষেত্রে অগ্রগামী অবস্থানে রয়েছে।

অন্যদিকে, বামপন্থী বিরোধী জোটের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অত্যন্ত সীমিত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নির্বাচন শেষ হওয়ার পর এখন কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো।

কোন ভোটগুলো এখনো গণনা বাকি?

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন রোববার সকালে প্রকাশিত প্রাথমিক ফলাফলে জানিয়েছে, আগাম ভোট ও নির্বাচনের দিন মিলিয়ে প্রায় ২৪ লাখ ভোট গণনা করা হয়েছে।

তবে এই হিসাবের মধ্যে প্রায় চার লাখ বিশেষ ভোট অন্তর্ভুক্ত হয়নি। এর মধ্যে বিদেশে অবস্থানরত নাগরিকদের দেওয়া প্রায় এক লাখ ভোট এবং নিউজিল্যান্ডের ভেতরে নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানকালে দেওয়া ভোট রয়েছে।

আগামী ২৭ নভেম্বর ভোটের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

ঐতিহাসিকভাবে বিশেষ ভোটের ক্ষেত্রে বামপন্থী দলগুলোর প্রতি সমর্থন বেশি দেখা গেছে। এর ফলে লেবার পার্টি বা গ্রিন পার্টি অতীতে ডানপন্থী জোটের কাছ থেকে অতিরিক্ত এক বা দুটি সংসদীয় আসন পেয়েছে।

দলীয় ভোটের মোট হিসাব পরিবর্তন কিংবা স্থানীয় নির্বাচনী আসনগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল পরিবর্তনের মাধ্যমে এমনটি ঘটতে পারে।

আসনসংখ্যায় অতিরিক্ত বৃদ্ধি

নিউজিল্যান্ডের মিক্সড-মেম্বার প্রোপোরশনাল (এমএমপি) নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা দুটি ভোট দেন। একটি নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি যে রাজনৈতিক দলকে সরকারে দেখতে চান, সেই দলের জন্য।

মোট ৭১টি নির্বাচনী এলাকার বিজয়ীরা সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হন। বাকি আসনগুলো দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে বণ্টন করা হয়।

উদাহরণ হিসেবে, প্রাথমিক হিসাবে লেবার পার্টি ২৯ দশমিক ৩৬ শতাংশ ভোট পেয়ে ৩৬টি আসন পেয়েছে।

দলটি ২১টি নির্বাচনী এলাকায় জয়ী হওয়ায় ওই আসনগুলোর প্রার্থীরা সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ১৫টি আসন দলীয় তালিকায় প্রার্থীদের অবস্থান অনুযায়ী বণ্টন করা হয়েছে।

এই নির্বাচনী ব্যবস্থার উদ্দেশ্য হলো, অন্তত পাঁচ শতাংশ ভোট পাওয়া দলগুলোকে সংসদে তাদের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

তবে এবারের নির্বাচনে ভোটাররা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, যাকে বলা হচ্ছে 'ওভারহ্যাং'। এ ব্যবস্থায় কোনো দল তার প্রাপ্ত দলীয় ভোটের অনুপাতে যত আসন পাওয়ার কথা, স্থানীয় নির্বাচনী এলাকায় তার চেয়ে বেশি আসন জয় করে।

ন্যাশনাল পার্টি মোট ভোটের ২৯ দশমিক ২১ শতাংশ পেয়েছে। এই হিসাবে দলটির সংসদে ৩৬টি আসন পাওয়ার কথা।

কিন্তু দলটি স্থানীয় নির্বাচনী এলাকায় ৪২টি আসনে জয়ী হয়েছে। ফলে স্বাভাবিক হিসাবের চেয়ে অতিরিক্ত ছয়টি আসন পেয়েছে দলটি।

অন্যদিকে, বামপন্থী আদিবাসী দল তে পাতি মাওরি এক শতাংশেরও কম দলীয় ভোট পেয়েও পাঁচটি নির্বাচনী আসনে জয়ী হয়েছে। ফলে দলটির ক্ষেত্রেও পাঁচটি আসনের ওভারহ্যাং তৈরি হয়েছে।

এর ফলে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নিউজিল্যান্ডের সংসদ সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১-এ, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ওয়েলিংটনের সংসদ ভবনের আগে থেকেই সংকীর্ণ বিতর্ককক্ষে এতসংখ্যক সদস্যের স্থান সংকুলান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আসন পরিবর্তনের সম্ভাবনা

এখন সবার নজর কয়েকটি হাড্ডাহাড্ডি নির্বাচনী এলাকার দিকে। এসব আসনের ফল পরিবর্তিত হলে নির্বাচনের চূড়ান্ত রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়তে পারে। তবে বামপন্থী জোটের ক্ষমতায় যাওয়ার পথ এখনো অত্যন্ত কঠিন।

দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা—হ্যামিল্টন ইস্ট এবং ওয়াইরারাপায় লেবার পার্টির প্রার্থীরা মাত্র কয়েক শ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন।

বিশেষ ভোটের কারণে ন্যাশনাল পার্টির পক্ষেও কয়েকটি আসনের ফল পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লেবার পার্টি ওই দুটি আসনে জয়ী হলে এবং অন্যান্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনে নিজেদের জয় ধরে রাখতে পারলে ন্যাশনাল পার্টির সংখ্যা গরিষ্ঠতা ও সংসদের আকার কমে আসবে। তবে তাতেও ডানপন্থী জোটের ক্ষমতায় থাকার সম্ভাবনা বজায় থাকবে।

লেবার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটকে সরকার গঠন করতে হলে নির্বাচনী এলাকার আসন এবং দলীয় ভোট—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। তবে ন্যাশনাল পার্টির অতিরিক্ত ছয়টি আসনের সুবিধা দলীয় ভোটের পরিবর্তনের প্রভাব অনেকটাই সীমিত করে রেখেছে।

জোট গঠনের আলোচনা

আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের পরই দলগুলো নতুন সরকার গঠনের জন্য জোট আলোচনায় বসবে।

তবে গত নির্বাচনের পর ছয় সপ্তাহ ধরে চলা জোট আলোচনার অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে, এবারও সরকার গঠনের আনুষ্ঠানিক সমঝোতা চূড়ান্ত হতে সময় লাগতে পারে।

বর্তমানে ন্যাশনাল পার্টি, উদারপন্থী অ্যাক্ট পার্টি এবং জনতুষ্টিবাদী এনজেড ফার্স্ট পার্টির সমন্বয়ে গঠিত জোট ২০২৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে। জোটের দলগুলো জানিয়েছে, তারা আবারও একসঙ্গে কাজ করতে আগ্রহী।

অন্যদিকে, বিশেষ ভোটের ফলাফলে বামপন্থী জোট এগিয়ে গেলে লেবার পার্টি, গ্রিন পার্টি, তে পাতি মাওরি এবং মধ্যপন্থী নতুন দল অপরচুনিটির সমন্বয়ে চার দলের জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।

অপরচুনিটি পার্টির নেতা কিউলায়ে ওং জানিয়েছেন, তার দল প্রথমে সর্বোচ্চ ভোট পাওয়া রাজনৈতিক দলের সঙ্গে জোট আলোচনা শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%