০৪:০৯ পি.এম
ডিজনি এবার দর্শকদের জন্য উপস্থাপন করতে যাচ্ছে তুমুল জনপ্রিয় রোমান্স-ফ্যান্টাসি বই ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র সংস্করণ। হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন নিশ্চিত করেছে যে, বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলা এই উপন্যাসটির স্বত্ব আনুষ্ঠানিকভাবে ডিজনি কিনে নিয়েছে।
এর আগে, ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত একটি নিলামে প্যারামাউন্ট পিকচার্স এই স্বত্ব অধিগ্রহণ করেছিল। তবে স্কাইড্যান্সের সঙ্গে সংস্থাটির একীভূতকরণ প্রক্রিয়ার কারণে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে প্যারামাউন্টের হাত থেকে উপন্যাসটির স্বত্ব নিজেদের দখলে নেয় ডিজনি।
প্যারামাউন্ট যখন এটি কিনেছিল, তখন নেটফ্লিক্সের হিট সিনেমা ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’-এর চিত্রনাট্যকার সোফিয়া আলভারেজকে এতে যুক্ত করা হয়েছিল। কিন্তু চুক্তি বাতিল হওয়ার পর ডিজনি এখন নতুন একজন চিত্রনাট্যকার খুঁজছে।
আরও পড়ুন: মক্কা থেকে বিয়ের ইঙ্গিত দিলেন নাজনীন নীহা
লেখিকা রেবেকা রসের ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’ সিরিজের প্রথম বই ‘ডিভাইন রাইভালস’, যা ২০২৩ সালের এপ্রিলে প্রকাশিত হয়। একই বছরের ডিসেম্বরে প্রকাশিত হয় এর সিক্যুয়েল ‘রুথলেস ভাওস’। মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বুকটক এ এটি দারুণ সাড়া ফেলে এবং বিশ্বজুড়ে বইটির ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়।
অ্যানিমেশন স্টুডিও থেকে বৈশ্বিক মিডিয়া সাম্রাজ্যে পরিণত হওয়া ডিজনি দীর্ঘদিন ধরেই ফ্যান্টাসি ও রোমান্সধর্মী গল্প দিয়ে বিশ্বজুড়ে রাজত্ব করছে। মার্ভেল, স্টার ওয়ার্স কিংবা পিক্সারের মতো বড় বড় প্রতিষ্ঠান অধিগ্রহণের পাশাপাশি তরুণ দর্শকদের ধরে রাখতে তারা প্রতিনিয়ত নতুন গল্পের পেছনে বিনিয়োগ করছে। ‘ডিভাইন রাইভালস’-এর মতো ব্যবসাসফল ও জনপ্রিয় বই কিনে নেওয়া ডিজনির সেই ধারাবাহিক কৌশলেরই অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন