১২:৫৮ পি.এম
জাপানে মুসলিম আগমনের ধারণা সাধারণত ১৮ থেকে ১৯ শতকের মধ্যভাগে ঘটেছে বলে মনে করা হয়। তবে, ইতিহাসের বিভিন্ন সূত্র অনুযায়ী, জাপানে মুসলিম আগমনের ঘটনা অনেক প্রাচীন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মুসলমানদের আগমন ঘটে তারও কয়েক শ বছর আগে। যদিও বিভিন্ন প্রতিকূলতার কারণে ইসলামের প্রসার দেশটিতে অনেক পরে হয়েছে।
ঐতিহাসিকদের বর্ণনায় দেখা যায়, ৭৩৬ খ্রিস্টাব্দে পারস্যের একদল পর্যটক জাপান সফর করেছিলেন। তাদের মধ্যে সিরিয়ান খ্রিস্টান এবং পারস্যের জরথ্রুস্ট ধর্মের অনুসারীরাও ছিলেন। এ থেকে ধারণা করা হয়, ইসলামের সোনালি যুগে জাপানে মুসলিম বণিক, পরিব্রাজক বা ধর্ম প্রচারকের আগমন ঘটতে পারে। তবে সংরক্ষিত ইতিহাস অনুযায়ী, জাপানে আগমনকারী প্রথম মুসলমানের নাম সদরুদ্দিন। তিনি ১২৭৫ খ্রিস্টাব্দে মঙ্গোলীয় শাসক কুবলাই খানের প্রতিনিধি হিসেবে জাপানে গিয়েছিলেন।
মুসলিম নথিপত্রে জাপান
আরও পড়ুন: গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া
মুসলিম মানচিত্রকার ইবনে খুরদাদবেহের (মৃত্যু ৯১৩ খ্রি.) রচনায় জাপানের উল্লেখ রয়েছে। এটি সর্বপ্রাচীন মুসলিম রচনা, যেখানে জাপানের বর্ণনা পাওয়া যায়। তিনি জাপানকে ওয়াকওয়াক ভূমি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, চীনের পূর্বে ওয়াকওয়াক ভূমি রয়েছে, যা স্বর্ণে এত সমৃদ্ধ যে তারা তাদের কুকুরের গলার চেইন এবং বানরের কলারও এই ধাতু দিয়ে তৈরি করে। তারা স্বর্ণের সুতায় বোনা কাপড় তৈরি করে। এখানে উন্নতমানের আবলুস কাঠ পাওয়া যায়।
ওয়াকওয়াক থেকে স্বর্ণ ও আবলুস রপ্তানি হয়। একাদশ শতকের মানচিত্রকার মাহমুদ কাশগরি ঐতিহাসিক সিল্ক রোডের স্থলপথ চিহ্নিত করেছেন। তিনি জাপানকে সিল্ক রোডের শেষ প্রান্ত হিসেবে উল্লেখ করেছেন।
জাপানে মুসলিম আগমনের সূচনা
ইউয়ান রাজবংশের শাসক কুবলাই খান ১২৭৫ খ্রিস্টাব্দে জাপানে একটি প্রতিনিধিদল পাঠান। তাদের মধ্যে সদরুদ্দিন ছিলেন। তিনি পারস্যের মুসলিম ছিলেন। জাপানে মঙ্গোল অভিযান ব্যর্থ হওয়ার পর ১২৮১ খ্রিস্টাব্দে তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইউয়ান রাজদরবারে হুই মুসলিমদের বিশেষ মর্যাদা ও অবস্থান ছিল। তাই নিকটবর্তী অঞ্চলের প্রভাবশালী জনগোষ্ঠী হিসেবে জাপানে তাদের বিচরণ ছিল বলেই অনুমান করা যায়।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা
খ্রিস্টীয় চতুর্দশ শতকে মিং সাম্রাজ্যের শাসক হংউয়ের দরবারে চারজন মুসলিম সেনাপতি ও উপদেষ্টা ছিলেন। তাঁদের মধ্যে একজন সেনাপতি লান ইউ। তিনি ছিলেন একজন হুই মুসলিম। তাঁর মালিকানায় ১০ হাজার কাতানা (জাপানি তলোয়ার) ছিল, যা প্রমাণ করে, জাপানের সঙ্গে তাঁর গভীর দৃঢ় যোগাযোগ ছিল।
জাপানে ইসলাম প্রচারের প্রথম প্রচেষ্টা
পর্তুগিজ নাবিকদের নথি থেকে জানা যায়, খ্রিস্টীয় ষোড়শ শতকে জাপানে প্রথম ইসলাম প্রচারের চেষ্টা হয়েছিল। যেখানে বলা হয়েছে, একজন আরব যাত্রী জাপানে ইসলাম প্রচারের জন্য গমন করেছিলেন। তিনি ১৫৫৫ খ্রিস্টাব্দে মালাক্কা দ্বীপপুঞ্জের উদ্দেশে সমুদ্র যাত্রা করেছিলেন।
দূর থেকে ইসলাম জানা
আরও পড়ুন: গ্রিসে নৌকা থেকে ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার, ১৮ জনকে জীবিত উদ্ধার
এদো যুগে (১৬০৩-১৮৬৮) জাপানের মানুষ ইসলাম সম্পর্কে পরোক্ষভাবে জানতে পেরেছিল। তখন ডাচদের মাধ্যমে ইউরোপীয় জ্ঞানচর্চার সুবাদে জাপানি পণ্ডিতরা উসমানীয় সাম্রাজ্য ও মধ্যপ্রাচ্যের সমাজ সম্পর্কে জানার সুযোগ পান। আরাই হাকুসেকির (১৬৫৭-১৭২৫) মতো ব্যক্তিত্ব ‘ডাচ ইতিহাস’ গ্রন্থে ইসলামের উল্লেখ করেছেন। তাঁর বর্ণনায় ইসলাম ছিল মুহাম্মদ প্রতিষ্ঠিত একেশ্বরবাদী ধর্ম। ইহুদি ও খ্রিস্টধর্মের সঙ্গে এর কিছু সাদৃশ্য থাকলেও খতনা ও বহু বিবাহের মতো কিছু প্রথায় এর স্বাতন্ত্র্য রয়েছে।
সিরাতের মাধ্যমে ইসলাম জানা
১৮৭০ খ্রিস্টাব্দে জাপানি ভাষায় মহানবী (সা.)-এর জীবনী অনুবাদ করা হয়। বইটি সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে অনুবাদ করা হলেও এটি জাপানিদেরকে ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করে।
উসমানীয় নৌযান
আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোতে ছয়জনকে হত্যার সন্দেহভাজন হামলাকারীর হাসপাতালে মৃত্যু
১৮৯০ সালে আরেকটি গুরুত্ব ঘটনা জাপানিদের মুসলিম বিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে। সে বছর সুলতান দ্বিতীয় আবদুল হামিদ আর্তুগুল নামের ফ্রিগেট জাহাজটি প্রেরণ করেন। জাহাজটি ১৬ সেপ্টেম্বর ১৮৯০ খ্রিস্টাব্দে জাপানের ওয়াকায়ামা প্রিফিকচার উপকূলে ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। এতে জাহাজের ৬০৯ জন আরোহীর মধ্যে মাত্র ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকি সবাই নিখোঁজ হয়। এই ঘটনা জাপানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তী সময়ে নিখোঁজ ব্যক্তিদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যা জাপানিদের মুসলমানদের ব্যাপারে কৌতূহলী করেছিল।
জাপানে ইসলামের শুভ সূচনা
সমাজতান্ত্রিক বিপ্লবের রাশিয়াসহ সমগ্র মধ্য এশিয়ার মুসলমানদের ওপর চরম বিপর্যয় নেমে এসেছিল। তখন এই অঞ্চল থেকে তুর্কি ও তাতার জনগোষ্ঠীর কয়েক শ মুসলিম শরণার্থী জাপানে আশ্রয় গ্রহণ করে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন শহরে বসবাস শুরু করে। তাদের প্রচেষ্টায় কয়েকজন জাপানি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এসব তুর্কির প্রচেষ্টায় ১৯৩৫ সালে কোবে শহরে জাপানের সবচেয়ে প্রাচীন মসজিদ নির্মিত হয়। এর আগে রুশ-জাপান যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিম সেনারা ১৯০৫ সালে ওসাকা দ্বীপে জাপানের প্রথম মসজিদ নির্মাণ করেন। তবে মসজিদটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
রাশিয়ায় জন্ম নেওয়া লেখক আবদুর রশিদ ইবরাহিমের আহ্বানে সাড়া দিয়ে প্রথম জাপানি হিসেবে ইসলাম গ্রহণ করেন কোতারো ইয়ামাউকো। তিনি ১৯০৯ সালে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি ওমর ইয়ামাউকা নামধারণ করেন। প্রথম জাপানি হিসেবে তিনি হজ করার সৌভাগ্য অর্জন করেন। ইসলাম গ্রহণের সেই ধারাবাহিকতা আজও অব্যাহত আছে। বর্তমানে জাপানে চার লাখ ২০ হাজার মুসলমানের বাস। তাদের বেশিরভাগ অভিবাসী হলেও বিপুলসংখ্যক জাপানিও আছে।
আরও পড়ুন: চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১৪ জন
তথ্যঋণ—প্রবন্ধ : ইসলাম ইন জাপান; সাম রিফ্লেকশনস অন দ্য ফার্স্ট মুসলিম ভিজিটর টু জাপান; ফাউন্টেন ম্যাগাজিন ডটকম; ইসলাম অ্যাওয়ারনেস ডটনেট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন