০১:৫৪ পি.এম
জোমেল ওয়ারিক্যানের ডেলিভারিটি মিডঅনে পাঠিয়ে একটি সিঙ্গেল নিলেন মুশফিকুর রহিম। ইনিংসে এটি ছিল তার নবম রান।
কেউ যদি মনে করেন, একটি সিঙ্গেলই তো! এর আবার এমন বিস্তারিত বিবরণ দেওয়ার কী আছে, তাহলে তারা ভুল করবেন। এই রানটি মুশফিকের জন্য অন্য দশটি সিঙ্গেলের মতো নয়। এটি তার জন্য অত্যন্ত বিশেষ। এই সিঙ্গেলের মাধ্যমে তিনি টেস্ট ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। ১০৭ ম্যাচে তার ৭ হাজার রান এসেছে ৩৯-এর বেশি গড়ে।
মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের চেয়ে তিনি অনেকটা দূরত্বে অবস্থান করছেন। মুমিনুল ৮২ ম্যাচে ৩৭.৫৩ গড়ে করেছেন ৫ হাজার ২৯৩ রান।
আরও পড়ুন: এসে গেছেন হামজা, দোহায় আটকা ফারহান
মুশফিক এখন ডন ব্রাডম্যান, সনাৎ জয়াসুরিয়া, লেন হুটন, দিলীপ ভেঙ্গসরকার, ব্রেন্ডন ম্যাককলাম, মাইক হাসি ও মোহাম্মদ আজহারউদ্দিনের চেয়েও এগিয়ে রয়েছেন। এদের মধ্যে ডন ব্রাডম্যান ৬৯৯৬, জয়াসুরিয়া ৬৯৭৩, হুটন ৬৯৭১, দিলীপ ৬৮৬৮, ম্যাককলাম ৬৪৫৩, হাসি ৬২৩৫ ও আজহারউদ্দিন ৬২১৫ রান করেছেন।
রানের হিসাবে চূড়ায় উঠা মুশফিক সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির দিক দিয়েও বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন। তিনি ১৪টি সেঞ্চুরি করেছেন, ডাবল সেঞ্চুরির সংখ্যা ৩টি। মুমিনুল ১৩ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন