০২:৫৪ পি.এম
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই। শনিবার (৩ অক্টোবর) রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান নির্মাতা। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুডুরে তার জন্ম। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষার একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে এসে নতুন ভাবনা, ভিন্নধর্মী নির্মাণশৈলী এবং বিভিন্ন ঘরানার পরীক্ষার মাধ্যমে ভারতীয় সিনেমায় তিনি একটি আলাদা জায়গা তৈরি করেছিলেন।
আরও পড়ুন: নিজের অভিনীত ১১টি সিনেমাকে সেরা মনে করেন পরেশ রাওয়াল
চলচ্চিত্রে তার পথচলা শুরু হয়েছিল নির্মাতা এলভি প্রসাদের সহকারী হিসেবে। ১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ সিনেমা দিয়ে তিনি পরিচালক হিসেবে অভিষেক করেন। এরপর একে একে বহু প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেন। তার সবচেয়ে আলোচিত কাজগুলোর মধ্যে একটি হলো ‘পুষ্পক বিমানম’।
১৯৮৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় কমল হাসান অভিনয় করেছেন এবং এতে কোনো সংলাপ ছাড়াই কালো হাস্যরসের গল্প বলা হয়েছিল। ব্যতিক্রমী নির্মাণের জন্য সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি অর্জন করে। নব্বইয়ের দশকেও চলচ্চিত্র নির্মাণের আগ্রহ হারাননি সিঙ্গীতম। তার সর্বশেষ সিনেমা ‘সিং গীতম’, যা নাগ অশ্বিন প্রযোজনা করেছেন। চলতি বছর সিনেমাটির কাজ সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। জুনিয়র এনটিআর তাকে সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন দূরদর্শী নির্মাতা হিসেবে স্মরণ করেছেন।
চিরঞ্জীবী মন্তব্য করেছেন, "তার কল্পনা ও নতুন কিছু করার সাহস ভারতীয় সিনেমাকে দিয়েছে বহু স্মরণীয় চলচ্চিত্র।" ভেঙ্কটেশ দাগ্গুবতী, সুধীর বাবু, কিরণ আব্বাভারাম এবং সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদও শোক জানিয়েছেন।
আরও পড়ুন: রাঘবের সঙ্গে মাঝ আকাশে উপবাস ভাঙলেন পরিণীতি
সূত্র: ইন্ডিয়া টুডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন