ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নয়াদিল্লি থেকে ম্যানিলা, আটলান্টা ২০২৬ সালে নতুন গতি পেয়েছে কোয়াড


নয়াদিল্লি থেকে ম্যানিলা, আটলান্টা ২০২৬ সালে নতুন গতি পেয়েছে কোয়াড

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কোয়াডভুক্ত চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হন। চলতি বছরে এটি ছিল তাদের তৃতীয় বৈঠক। এর আগে মে মাসে ভারতের নয়াদিল্লি এবং জুলাই মাসে ফিলিপাইনের ম্যানিলায় কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

কোয়াড নিয়ে অধিকাংশ আলোচনা ও বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে দীর্ঘ প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষ দিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে ভারতের নয়াদিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন হওয়ার কথা থাকলেও, তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এরপর থেকেই সম্মেলনটি নিয়ে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর এটি কোয়াড নেতাদের প্রথম শীর্ষ বৈঠক হবে। এই কারণে সম্মেলনটি ঘিরে আগ্রহ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি ও প্রযুক্তিপণ্যের সরবরাহে সীমাবদ্ধতা এবং চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সম্ভাব্য ‘জি-৩’ মডেল নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে ম্যানিলার সম্মেলন কোয়াডের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন ও জল্পনার অবসান ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে শীর্ষ সম্মেলন না হলেও ২০২৬ সাল কোয়াডের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এ বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তিনটি বৈঠকের মাধ্যমে জোটটির অভিন্ন অগ্রাধিকারগুলো নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পূর্বে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে।

এমতাবস্থায়, ৩১ অক্টোবর আটলান্টায় অনুষ্ঠিত কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৮ কোটি ৫০ লাখ ডলারের বেশি প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

এছাড়া, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোতে বর্জ্য থেকে গুরুত্বপূর্ণ খনিজ পুনরুদ্ধারের অবকাঠামো ও স্থাপনা গড়ে তুলতে ১ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব উদ্যোগকে কোয়াডের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক চাপ প্রয়োগের বিষয়ে জোটভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন অবস্থান আরো স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়বেন কাতারের আমির শেখ তামিম

আটলান্টার বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াডভুক্ত দেশগুলো নির্বিচার রপ্তানি নিষেধাজ্ঞা এবং বাজারভিত্তিক নয়, এমন নীতি ও কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের মতে, গুরুত্বপূর্ণ শিল্পে অতিরিক্ত উৎপাদনের কারণে এসব নীতি বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে।

২০২৬ সালের মে মাসে নয়াদিল্লিতে ঘোষিত ‘কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’-এর ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ খনিজ পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে কোয়াড। বর্জ্য থেকে এসব খনিজ সংগ্রহে সহযোগিতার মাধ্যমে জোটটি এ খাতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্ব বাড়াতে চায়।

ভারতের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সমমনা দেশগুলোর সঙ্গে প্রযুক্তি ও নীতিগত সহযোগিতা বাড়িয়ে গুরুত্বপূর্ণ খনিজের উৎপাদন ও পরিশোধনে নিজস্ব সক্ষমতা জোরদার করতে পারবে দেশটি।

২০২৬ সালে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোয়াডের অবস্থান আরো স্পষ্ট হয়েছে। অর্থনৈতিক চাপ প্রয়োগের বিরোধিতার পাশাপাশি জোটটি নিজেদের আসিয়ানের ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে ঘোষণা করেছে। জুলাই মাসে ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে কোয়াডভুক্ত দেশগুলো সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, প্রযুক্তি এবং মানবিক সহায়তার মতো বিষয়ে আসিয়ানের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সমর্থন জানায়।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

আগে কোয়াডের বিভিন্ন বিবৃতিতে আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকার কথা বলা হলেও, এবার আসিয়ানের ইন্দো-প্যাসিফিক বিষয়ক দৃষ্টিভঙ্গির প্রতি সরাসরি সমর্থন জানানো হয়েছে। এতে কোয়াডের কার্যক্রম আসিয়ানের নেতৃত্বাধীন উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, সেই দীর্ঘদিনের অস্পষ্টতা দূর হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসুও বলেছেন, ম্যানিলার বৈঠক কোয়াডের পক্ষ থেকে আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থনের স্পষ্ট বার্তা দিয়েছে।

গত সপ্তাহে আটলান্টায় অনুষ্ঠিত বৈঠকে প্রথমবারের মতো ‘কোয়াড বিজনেস লিডার্স ফোরাম’ গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে চার দেশের ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নীতি বিশেষজ্ঞরা অংশ নেবেন। এর লক্ষ্য বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। এ ছাড়া সরকারি অর্থায়নে সহযোগিতার সুযোগ খুঁজতে চার দেশের রপ্তানি ঋণ সংস্থাগুলো আগামী ১৮ নভেম্বর টোকিওতে বৈঠক করবে।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। কৌশলগত তেল মজুত বাড়াতে গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো ‘কোয়াড জ্বালানি নিরাপত্তা ফোরাম’ আয়োজন করা হয়। হরমুজ সংকটের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে এ উদ্যোগের গুরুত্ব বেড়েছে। এশিয়ায় অপরিশোধিত তেল আমদানি আগের পর্যায়ে ফিরলেও মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় পরিশোধন কার্যক্রম কম থাকায় ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির বাজারে চাপ রয়ে গেছে।

আরও পড়ুন: মুদ্রাস্ফীতির চোরাবালিতে ডুবছে রিপাবলিকানরা?

আটলান্টায় অনুষ্ঠিত কোয়াড বৈঠকের যৌথ বিবৃতিতে মে মাসের নয়াদিল্লি বৈঠকে নেওয়া কয়েকটি উদ্যোগের অগ্রগতিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো ‘কোয়াড-অ্যাট-সি’ জাহাজ পর্যবেক্ষণ মিশন এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ইন্দো-প্যাসিফিক লজিস্টিকস নেটওয়ার্কের দ্বিতীয় মহড়া।

কোয়াডের ভবিষ্যৎ ও প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও, ২০২৬ সালে জোটটির কার্যক্রমে নতুন গতি এসেছে। নয়াদিল্লি, ম্যানিলা ও আটলান্টায় তিনটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে সদস্যদেশগুলো অভিন্ন অগ্রাধিকার নির্ধারণ, ঘোষিত উদ্যোগ বাস্তবায়ন এবং সহযোগিতার পরিধি বাড়িয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত শীর্ষ সম্মেলনের আগে কোয়াড নিজের কার্যক্রমে ধারাবাহিকতা তৈরি করেছে। এখন এই উদ্যোগগুলোকে আরো কার্যকর ও সুসংহত করার চ্যালেঞ্জ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ধামরাইয়ে পোশাকশিল্পের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


ঢাকার ধামরাইয়ে পোশাকশিল্পের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের পোশাকশিল্প খাতে চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকার ধামরাইয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিকদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢাকা-আরিচা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের উদ্যোগে পরিচালিত বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সামনের সারিতে অবস্থানরত নেতারা অভিযোগ করেন যে, দেশের অর্থনীতিকে পঙ্গু করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পোশাকশিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

তারা জানান, গার্মেন্টস কারখানায় কোনো ধরনের নৈরাজ্য তারা প্রত্যাশা করেন না। অবিলম্বে এ ধরনের অপচেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল হাসান অভি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জনি, ধামরাই শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. লেহাজউদ্দিন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবি ও এইচবিআরসির মধ্যে টেকসই আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


খুবি ও এইচবিআরসির মধ্যে টেকসই আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন এবং সেন্টার ফর হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্দেশ্য হলো টেকসই আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়ন উদ্যোগে গবেষণা, উদ্ভাবন, শিক্ষা, প্রদর্শনীমূলক কার্যক্রম এবং বাস্তবায়নে কৌশলগত সহযোগিতা প্রতিষ্ঠা করা।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং এইচবিআরসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক পিইঞ্জ উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত এমওইউ’র কপি বিনিময় করা হয়।

এ সময় স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ ও ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা ও নকশাগত উদ্ভাবন, টেকসই, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং বসতি উন্নয়ন, পানির নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। এছাড়া টেকসই নির্মাণসামগ্রী ও প্রযুক্তির ব্যবহার, ভবনের কার্যকারিতা উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্টার্নশিপ এবং পেশাগত দিকনির্দেশনা প্রদানের বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় নকশা প্রতিযোগিতা, স্টুডিও কার্যক্রম, কর্মশালা, সেমিনার এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আয়োজনের পাশাপাশি প্রদর্শনীমূলক প্রকল্প, নমুনা প্রকল্প তৈরি এবং পরীক্ষামূলক বাস্তবায়নেও দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে কারিগরি প্রকাশনা, গবেষণালব্ধ জ্ঞান প্রচার এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারণী বিষয়ে সহায়তা প্রদানের সুযোগ তৈরি হবে।

এছাড়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে একাডেমিক জ্ঞানের সঙ্গে মাঠপর্যায়ের গবেষণা, পেশাগত চর্চা ও বাস্তব প্রয়োগের সমন্বয় ঘটবে। পাশাপাশি স্থানীয় প্রেক্ষাপটের উপযোগী উদ্ভাবনী ও সাশ্রয়ী স্থাপত্য, প্রকৌশল এবং পরিকল্পনাবিষয়ক সমাধান উন্নয়নের ক্ষেত্র তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং নিয়ে কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং নিয়ে কর্মশালা

এসবিএসি ব্যাংক পিএলসির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে সম্প্রতি ‘রিপোর্টিং অব অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম (ওইএমএস) অ্যান্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই)’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন এসবিএসি ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মোঃ রাশেদ আক্তার। এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোঃ হাসান শাহরিয়ার এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের আইসিএমআইটিএস বিভাগের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান কবির।

এ সময় এসবিএসি ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও এসভিপি মোঃ মাজহারুল হাসানও উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সঠিকভাবে ওইএমএসের মাধ্যমে রপ্তানি প্রতিবেদন দাখিল এবং এফডিআই রিপোর্টিং বিষয়ক এই কর্মশালায় মোট ৬২ জন অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরকে যানজট-শব্দদূষণমুক্ত করতে ১৫ সপ্তাহের বিশেষ কর্মপরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


গাজীপুরকে যানজট-শব্দদূষণমুক্ত করতে ১৫ সপ্তাহের বিশেষ কর্মপরিকল্পনা

গাজীপুর মহানগরকে যানজট ও শব্দদূষণমুক্ত, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ১৫ সপ্তাহের একটি কৌশলগত ও সময়াবদ্ধ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে ‘জুলাই চত্বর’ পর্যন্ত এলাকার যানজট ও শব্দদূষণ মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়সভায় এই পরিকল্পনা ও উদ্যোগের বিস্তারিত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। তিনি উল্লেখ করেন, গাজীপুরকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় শহরে চলাচলকারী অটোরিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণের জন্য ই-নিবন্ধন কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। যানজট নিয়ন্ত্রণ এবং নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে স্কাউট সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করা হয়। এ কাজে সিনিয়র সিটিজেন, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বক্তারা শহরের যানজটের তিক্ত অভিজ্ঞতা ও নাগরিক ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন। তারা অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, শব্দদূষণ রোধ এবং যানজট কমাতে বিকল্প সড়ক ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন।

বক্তারা বলেন, গাজীপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, শব্দদূষণমুক্ত ও যানজটমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

সভায় গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (মিডিয়া) মো. আরিফ হোসাইন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম আরও বক্তব্য দেন।

এ সময় শিক্ষক, সাংবাদিক, বিএনসিসি সদস্য, সংশ্লিষ্ট যানবাহন সমিতির নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%