ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ


দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

ঢালিউডে অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি অর্জন করেছেন অভিনেতা বাপ্পারাজ। কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের পুত্র হলেও, তিনি বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

পর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিগত জীবনেও রয়েছে সিনেমার মতো একটি প্রেমের কাহিনী। ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য পরিবারের বাধা অতিক্রম করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত বাবার লোকজনের হাতে ধরা পড়তে হয় তাকে। নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পারাজের।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল

এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্তিশালী করেন। ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’ সিনেমার পাশাপাশি ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ চলচ্চিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

তবে অভিনয়জীবনের বাইরেও বাপ্পারাজের প্রেম ও বিয়ের গল্পটি বেশ চমকপ্রদ। সম্প্রতি তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অধ্যায়ের কথা তুলে ধরেন।

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাইলেও, পরিবারের সম্মতি পাননি বাপ্পারাজ। শেষ পর্যন্ত পরিবারের অমতেই তিনি পালিয়ে যান। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে সম্পন্ন করেন তারা।

সেই অভিজ্ঞতা জানিয়ে বাপ্পারাজ বলেন, "সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।"

আরও পড়ুন: দীর্ঘ বিরতি ভেঙে ‘নসীব’ সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

উল্লেখ্য, অভিনয়জীবনে ব্যর্থ প্রেমিক চরিত্রে বিশেষ পরিচিতি রয়েছে বাপ্পারাজের। বিশেষ করে ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটি দর্শকদের কাছে এখনো আলোচিত। বাস্তব জীবনে অবশ্য প্রেমের গল্পের পরিণতি সুখের হয়েছে। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তার দুই মেয়ে বিবাহিত। ফলে তাদের কারো অভিনয়ে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে বিএনপির সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে যুক্ত করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরবর্তীতে এটি কণ্ঠভোটে পাস হয়।

জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করে নূরুল ইসলাম মনি বলেন, "বিরোধী দলের যে সদস্যদের থাকার কথা ছিল, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সব সময়ের জন্যই আছে এবং থাকবে।" তিনি আরও বলেন, "এই কমিটির চূড়ান্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। তারা এলে আমরা সংবিধান সংশোধন কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করব।"

১২ সদস্যের বিশেষ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন। এবার দলটির একজন সদস্যকে বাদ দিয়ে স্বতন্ত্র থেকে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি মির্জা ফয়সল আমীনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি এলিজা জামানকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিতে জামায়াতের এমপি আবদুল বারী সরদারের বদলে দলটির এমপি মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে চিফ হুইপ বলেন, "আমাদের বিরোধী দল থেকে ছায়া মন্ত্রিসভা (স্বাস্থ্য মন্ত্রণালয়) দেখেন মোসলেহউদ্দিন ফরিদ সাহেব। বিরোধী দল থেকে তাকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সে কারণে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কুতুবদিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুটি ঘটনায় একদিনের মধ্যে পানিতে ডুবে তিনটি শিশুর মৃত্যু ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ায় বাড়ির পাশে অবস্থিত পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নেজাম উদ্দিনের ৮ বছর বয়সী মেয়ে আলিফা এবং খোকনের ৪ বছর বয়সী মেয়ে রাইসা মনি। দীর্ঘ সময় ধরে খোঁজার পর পুকুর থেকে তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত ঘোষণা করেন।

রাইসা মনির নানা মোহাম্মদ হোছাইন জানান, রাইসা এক সপ্তাহ আগে কৈয়ারবিলের বিন্দাপাড়া থেকে বেড়াতে তার বাড়িতে আসে। বিকেলে তার খালা ও ভাগ্নি আলিফা এবং রাইসা একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে পুকুরে ডুবে মাহমুদুল হকের দুই বছর বয়সী মেয়ে ফাইজার মৃত্যু ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, একই দিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের পারিবারিকভাবে দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

একদিনে তিন শিশুর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে

শমিত সোম এবং হামজা চৌধুরীর পর ফারহানের অবিশ্বাস্য গোলের মাধ্যমে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলংকার বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে।

প্রথমার্ধের বিরতির পর ৫৩ মিনিটে ফারহান দুর্দান্ত একটি গোল করেন। প্রথমার্ধের বিরতির আগে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। শমিত সোমের গোলের পর অধিনায়ক হামজা চৌধুরী দলের জন্য দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ৮ মিনিটে শমিত গোল করেন এবং ৪৩ মিনিটে হামজা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাদের কল্যাণে স্বাগতিকরা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায়।

৪৩ মিনিটে হামজা ইব্রাহিমের পাস বক্সের বাইরেই পেয়েছিলেন। তিনি দৌড়ে শ্রীলংকার এক ডিফেন্ডারকে পিছনে ফেলেন। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর ফারহান আলী অবিশ্বাস্য একটি গোল করেন। বক্সের সামান্য বাইরে বল পেয়ে তিনি বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটিয়ে ফিনিশিং টাচটি তার পা থেকেই আসে। শ্রীলংকার ফুটবলরা কেবল অসহায়ের মতো ফারহানের দিকে তাকিয়ে ছিল। হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।

৫৩ মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্যান্য ফুটবলাররা।

এর আগে হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরা ভুল করেন। এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে প্রবেশ করে। ৮ম মিনিটে গোল করে শমিত দলকে এগিয়ে নেন।

খেলার শুরু থেকেই বাংলাদেশ উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়।

বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারিতে গোলের আনন্দে উল্লাস শুরু হয়।

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান ৬১ বছর বয়সেও শরীরচর্চা ও ফিটনেস ধরে রেখে ভক্তদের চমকে দিচ্ছেন। পর্দায় একের পর এক অ্যাকশন দৃশ্য, পেশিবহুল শরীর এবং দীর্ঘ শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও তিনি কীভাবে নিজেকে ফিট রাখেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই।

এই অভিনেতা ২ নভেম্বর ৬১ বছরে পা দিয়েছেন। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসা ফিটনেসের অভ্যাসগুলো নতুন করে আলোচনায় এসেছে।

দিনে একবেলা খাবার

শাহরুখের খাদ্যাভ্যাসের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো দিনে একবার খাবার খাওয়ার অভ্যাস। ২০২৪ সালে ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সাধারণত দিনে একবারই খাবার খান। তবে এটি কোনো বিশেষ ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতি অনুসরণের জন্য নয়; বরং এটি তার ব্যক্তিগত অভ্যাস।

তার খাদ্য তালিকায় অঙ্কুরিত শস্য, গ্রিলড চিকেন, ব্রকলি এবং সামান্য ডাল রয়েছে। সাধারণ ও পরিচিত খাবারই তার পছন্দ। তবে এর মানে এই নয় যে তিনি পছন্দের খাবার থেকে নিজেকে দূরে রাখেন। অন্যের বাড়িতে গেলে বিরিয়ানি, রুটি, পরোটা, ঘি দিয়ে তৈরি খাবার এবং লাচ্ছিও তিনি উপভোগ করেন।

জিমে মাত্র ৩০ মিনিট

শরীরচর্চার জন্য শাহরুখ দীর্ঘ সময় ব্যয় করেন না। ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিদিন প্রায় ৩০ মিনিট ব্যায়াম করেন। এমনকি গভীর রাতে শুটিং শেষে বাড়ি ফিরেও ব্যায়ামের জন্য সময় বের করেন।

তার ব্যক্তিগত প্রশিক্ষক প্রশান্ত সাওয়ান্ত ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, সাধারণত তাদের ব্যায়ামের সেশন ৪৫ মিনিটের মতো হয়। সপ্তাহে চার থেকে পাঁচ দিন শরীরের বিভিন্ন অংশের পেশি লক্ষ্য করে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যায়ামের পাশাপাশি শাহরুখ খেলাধুলাও উপভোগ করেন।

মহামারির সময় ফিটনেসে মনোযোগ

করোনাকালে কাজের ব্যস্ততা কমে যাওয়ায় শাহরুখ শরীরচর্চায় বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পান। সে সময় নিয়মিত ব্যায়াম শুরু করেন এবং শরীর গঠনে মনোযোগী হন। পরবর্তী সময়ে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় তার পেশিবহুল শরীর ও অ্যাকশন দৃশ্য দর্শকদের নজর কাড়ে।

ঘুমের অভ্যাসেও পরিবর্তন

২০২৪ সালে শাহরুখ জানিয়েছিলেন, সাধারণত ভোর ৫টার দিকে ঘুমাতে যেতেন। শুটিং শেষে রাত ২টার দিকে বাড়ি ফিরে ব্যায়াম করেও ঘুমাতে যেতেন। তবে ২০২৫ সালের ডিসেম্বরে দুবাইয়ের এক অনুষ্ঠানে তিনি জানান, এখন পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন। শরীরচর্চার পর পেশির পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন বলে ঘুমের সময় বাড়াতে চান তিনি।

তবে বিশেষজ্ঞদের সাধারণ পরামর্শ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো প্রয়োজন। তাই শাহরুখের ব্যস্ত সময়সূচি বা কম ঘুমের অভ্যাস অনুসরণ করা উচিত নয়।

ফিটনেসের সঙ্গে অভিনয়ের যোগ

অ্যাকশন হিরো হওয়ার স্বপ্ন থেকেই শাহরুখ শরীর গঠনে আগ্রহী হন। তার বিভিন্ন সিনেমার চরিত্র অনুযায়ী ব্যায়ামের ধরনেও পরিবর্তন আসে। প্রশিক্ষক সাওয়ান্তের মতে, প্রায় দুই দশক ধরে শৃঙ্খলার সঙ্গে শরীরচর্চা করে আসছেন এই অভিনেতা। চোটের বিষয়টি বিবেচনায় রেখে ব্যায়াম ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াতেও গুরুত্ব দেওয়া হয়।

সব মিলিয়ে শাহরুখের ফিটনেসের মূলমন্ত্র হলো ধারাবাহিকতা। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করা, নিয়মিত ব্যায়াম এবং খাবারের বিষয়ে সচেতন থাকাই দীর্ঘদিন ধরে তার ফিট থাকার অভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে তার ব্যক্তিগত খাদ্যাভ্যাস সবার জন্য উপযোগী নাও হতে পারে।

সূত্র: নিউজ ১৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%