ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা, ঘণ্টায় ৬০ কিমি বেগে হতে পারে


দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা, ঘণ্টায় ৬০ কিমি বেগে হতে পারে

কার্তিকের বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দেশের ৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এমন তথ্য বুধবার (১১ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান পূর্বাভাসে উল্লেখ করেছেন, বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ বায়ুমান স্কোর ৯৬

গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের রামগতি ও যশোরে দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টিপাত ছাড়াও নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় ৯ মিলিমিটার, ময়মনসিংহে ৭ মিলিমিটার, বগুড়ায় ৫ মিলিমিটার এবং ফরিদপুরে ২ মিলিমিটার বৃষ্টির ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১৭৭ বাংলাদেশি সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১৭৭ বাংলাদেশি সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৫৩ জন সদস্য এবং পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন।

বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। প্রশ্নোত্তর অধিবেশনটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন প্রকার সমরাস্ত্র তৈরির কার্যক্রম চলছে। আধুনিক সমরাস্ত্র নিজ দেশে উৎপাদনের লক্ষ্যে বর্তমান সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের কার্যক্রমও বেগবান করছে।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বনির্ভর ও রপ্তানিমুখী করার উদ্দেশ্যে চট্টগ্রামে দ্বিতীয় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯ পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।

বিএনপির এমপি সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, দেশে কৃষি খাসজমির পরিমাণ ১৮ লাখ ২৫ হাজার ২০৭ দশমিক ৭৪ একর। বান্দোবস্তযোগ্য কৃষি খাসজমির পরিমাণ ১৩ লাখ ২৮ হাজার ৪৪৫ দশমিক ২৭৪৫ একর। ২০২৫-২৬ অর্থবছরে ১৯০ দশমিক ০১ একর কৃষি খাসজমি বন্দোবস্তপ্রাপ্ত যোগ্য। বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন পরিবারের সংখ্যা ১ হাজার ৮৮২টি। অকৃষি খাসজমির পরিমাণ ২১ লাখ ৪ হাজার ৩৭৫ দশমিক ৯১০৯ একর। বন্দোবস্তযোগ্য অকৃষি খাসজমির পরিমাণ ১ লাখ ১২ হাজার ৭২৩ একর।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, দেশে কৃষি বীজাগারের সংখ্যা ৩ হাজার ৫২৯টি এবং অব্যবহৃত কৃষি বীজাগারের সংখ্যা ৩ হাজার ২৯৬টি।

বিএনপির এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের আওতায় গবেষকরা এ পর্যন্ত ১ হাজার ১৯৩টির অধিক উচ্চফলনশীল ও প্রতিকূলতাসহিষ্ণু ফসলের জাত এবং ১ হাজার ৭৭৫টি আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ভবিষ্যতের ক্রমবর্ধমান যাত্রী ও কার্গো চাহিদা মেটানোর জন্য এবং বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে সরকারের ঢাকার আশেপাশে একাধিক রানওয়ে বিশিষ্ট নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিএনপির এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে বেসামরিক বিমানমন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশে ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। বোয়িংগুলো ২০৩১ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসগুলো ২০৩৩ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে।

জামায়াতের এমপি মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান জানান, বর্তমানে দেশে মোট ভাতা ভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।

সংরক্ষিত আসনের জামায়াত দলীয় এমপি নাজমুন নাহারের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, দেশে সরকারি বনভূমির ২ লাখ ১৭ হাজার একর অবৈধ জবরদখলে রয়েছে। দখলকৃত জমি উদ্ধারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।

সংরক্ষিত আসনের এমপি মাহবুবা হাকিমের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনভূমি অবৈধ দখলদারদের মধ্যে ৮৮ হাজার ২১৫ ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বনভূমি পুনরুদ্ধারে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিএনপির এমপি কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারের রাজস্ব বাজেট থেকে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত ১৮টি অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডে ৪ হাজার ২৫১ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৭শ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিএনপির এমপি হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী জানান, বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারের চেষ্টা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারের চেষ্টা চলছে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে আজ রাত সাড়ে ৭টার দিকে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে নিজের মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি জানান। বুধবার (১১ নভেম্বর) তার পোস্টে উল্লেখ করা হয়েছে, "আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।"

আসিফ নজরুল আরও জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি একই সঙ্গে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে সাড়া না দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

পোস্টের শেষে সাবেক এই উপদেষ্টা নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে আক্ষেপ প্রকাশ করেন। তিনি ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর তিন বহিরাগত আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর তিন বহিরাগত আটক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসনের কাছে সোর্পদ করেছেন। আটক হওয়ার পর তারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দিলেও তাদের পক্ষ থেকে কোনো সাংগঠনিক প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

ঘটনার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে কয়েকজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে হঠাৎ ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। স্লোগান শুনে ক্যাম্পাসে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে কিছু ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলোর কোনোটিরই ছিল না নেমপ্লেট।

আটককৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২), সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, তারা কেউই মাভাবিপ্রবির শিক্ষার্থী নন।

আটকের পর তারা প্রাথমিকভাবে নিজেদের ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। তবে কোন ইউনিটের সদস্য বা কোনো পদে আছেন কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজ দেখা যায়নি। এ সময় আটক একজনের মুঠোফোনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে তোলা একটি ছবি দেখা যায়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করলেও তারা ক্যাম্পাসে আসার উদ্দেশ্য বা কার নির্দেশে এসেছিলেন, সে বিষয়ে মুখ খোলেননি।

প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলী এবং সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস ও আনোয়ার কবির সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের আটকের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত শিক্ষকদের ভূমিকা, ক্যাম্পাসে বহিরাগতদের উসকানি এবং আটক ব্যক্তিদের ভুয়া রাজনৈতিক পরিচয়ের বিষয়টি তুলে ধরেন।

এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


কুড়িগ্রামের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। বিচারকদের মুগ্ধ করেছেন নজরুলের কবিতা, বক্তব্য এবং রচনায়।

কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—এই তিন বিভাগে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়া শিক্ষার্থীরা হলেন—কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), কামিল দ্বিতীয় বর্ষের মো. আনিচুর রহমান সাইফী (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা)।

সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে বলে জানা গেছে। এই উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসায় একযোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতা—এই পাঁচটি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, উপজেলা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান।

কবিতা আবৃত্তিতে প্রথম হওয়া আলামিন আশিক বলেন, ‘আল্লাহর রহমত এবং পিতা-মাতা ও শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে।’

উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়া আনিচুর রহমান সাইফী জানান, ‘এ অর্জন শুধু আমার একার নয়; মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।’

রচনায় প্রথম হওয়া ফারহাজুল ইসলাম জানান, তিনি ছোটবেলা থেকেই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

রাজারহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই মন্তব্য করেন, ‘তিন শিক্ষার্থীর এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের। আশা করছি, জাতীয় পর্যায়েও তারা কাঙ্ক্ষিত ফল অর্জন করবে এবং প্রতিষ্ঠান তথা দেশের জন্য অবদান রাখবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%