ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে : এ্যাব আহ্বায়ক


প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে : এ্যাব আহ্বায়ক

নীলফামারী, ২৯ আগস্ট, ২০২৬ : ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।

নীলফামারী-১ আসনের সাবেক সদস্য তুহিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছেন। এই প্রক্রিয়ায় নীলফামারী পিছিয়ে থাকবে না।’

তিনি নীলফামারীর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং জেলায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক

আজ বিকেলে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তুহিন এসব কথা বলেন।

তিনি বলেন, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে নীলফামারীর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।

তিনি বলেন, ‘জেলার শিক্ষা খাতকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজ চলছে।’

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৯ জন আহত

এর আগে, তিনি আজ শনিবার দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত ৮০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তামান্না ইয়াসমিন এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করবে জেলা পরিষদ। যার মধ্যে আজ ৮০ জনের মাঝে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। 

আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১১ বছরের মাদরাসাছাত্র নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৬ এম


শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর, ২৯ আগস্ট, ২০২৬ : বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিপিএ-৫ বা ভালো সার্টিফিকেট থাকলেই হবে না, এই সমাজের মধ্যে নৈতিকতাটাকে প্রাধান্য দিচ্ছি কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। শিক্ষায় নৈতিকতা বড় গুণ। 

আজ শনিবার লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। 

বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমরা (সরকার) শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি। দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দিচ্ছে। তারা আমাদের অর্জন ও মেধাকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত। এ জন্য তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে যদি অগ্রাধিকার দিতে পারি তাহলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাব।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম যেন চলে, সেটা আমাদের চ্যালেঞ্জের অংশ।

মন্ত্রী আরও বলেন, নৈতিকতা বা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত সমাজ। তাই সবাইকে নৈতিকতার চর্চা করতে হবে। 

তিনি বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের প্রথম ধাপ। এরপর ইন্টারমিডিয়েট আরও অনেক কঠিন। আর এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অনেক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার নতুন করে কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ এম


খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : খাদ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ), ২৯ আগস্ট, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, দেশের সব জেলার খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নু স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ। 

তিনি বলেন, দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা যথাযথভাবে হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্যগুদামে অনিয়মের ঘটনা শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন খাদ্য নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে। খাদ্য মজুতের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

দেশে সার সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে কোনো সার সংকট নেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানানো হয়েছে। তবে, কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে।’ 

তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদনের জন্য সার সরবরাহ নিয়ে কৃষকদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না।

মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এ প্রকল্পের সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাখন, ড্যাবের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. বদরুল আলম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর-মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন। 

পরে, মুন্নু ক্যাফেটেরিয়ার সভাকক্ষে ব্যুরো অব সোশ্যাল ওয়াচ আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সেমিনার-২০২৬’-এর উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন নির্বাহী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৬ এম


ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন নির্বাহী

দুই আর্জেন্টাইন নির্বাহী ঘুষ দেওয়ার স্বীকারোক্তি দিলেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী—হুগো জিনকিস এবং তার ছেলে মারিয়ানো জিনকিস, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ফুটবল কর্মকর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন, যা আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক সম্প্রচার ও বাজারজাতকরণ স্বত্ব হাসিল করার জন্য ছিল।

মার্কিন কৌঁসুলিদের সঙ্গে একটি স্থগিত অভিশংসন চুক্তির (ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) অধীনে তারা এই স্বীকারোক্তি প্রদান করেন, যাতে আইনি বিচার এড়ানো সম্ভব হয়। এই চুক্তির অংশ হিসেবে জিনকিস বাবা-ছেলে ৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত বা জরিমানা হিসেবে প্রদান করতে সম্মত হয়েছেন। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে থাকা জালিয়াতির অভিযোগগুলো তুলে নেওয়া হবে।

আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান 'ফুল প্লে'-এর সহ-মালিক হিসেবে এই দুই নির্বাহী বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মিডিয়া স্বত্ব পেতে কোটি কোটি ডলার ঘুষ প্রদান করেছিলেন। ২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কর্মকর্তাদের ওপর মার্কিন প্রশাসনের চালানো অভিযানের পর থেকেই এই তদন্ত ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া চলমান ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদের ‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ এম


নেছারাবাদের ‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

 

 

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. রিয়াদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. মহিবুল্লাহ নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
সভাপতি পদে মো. রিয়াদুল ইসলাম ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৩২২ ভোট। ফলে ১৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন রিয়াদুল ইসলাম।
 
সাধারণ সম্পাদক পদে মো. মহিবুল্লাহ ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৫৫ ভোট।
 
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্লাবের মোট ভোটার সংখ্যা ছিল ৭৪৯ জন। এর মধ্যে ৬৬৩টি ভোট পড়েছে। ভোট পড়ার হার প্রায় ৮৮ দশমিক ৫২ শতাংশ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
 
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শামসুল আরেফিন, সহ-সাধারণ সম্পাদক ইউনুস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবুল আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক হামিম, সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রবিউল ও কামাল হোসেন।
 
উল্লেখ্য, ১৯৫৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত বিন্না ইয়ংমেন্স ক্লাবটি বলদিয়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
 
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার পর মো. রিয়াদুল ইসলাম ও সম্পাদক মহিবুল্লাহ ক্লাবের সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%