বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৭ পি.এম
রাজশাহীতে ডেঙ্গু সংক্রমণের কারণে মৃত্যু অব্যাহত রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত পাঁচ দিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ১৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১০৭ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। গত জুলাই মাস থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে রাজশাহী মেডিকেল হাসপাতালে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওইদিন ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। একই দিনে ডেঙ্গু আক্রান্ত মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। ১৮ সেপ্টেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন এবং ১৯ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যে তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু আক্রান্ত উল্লেখ করা হয়েছে।
এদিকে ২০ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ওইদিন ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। একই দিনে ডেঙ্গু আক্রান্ত ১৬ বছর বয়সী সাথী রাণীর মৃত্যু ঘটে। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সাথী রাণী ১৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় রামেক হাসপাতালে ভর্তি হন এবং ২০ সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু হয়।
অন্যদিকে ২১ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। ওইদিন ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। দিন শেষে হাসপাতালে ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন। ২২ সেপ্টেম্বর নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি হন। এদিন ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। একই দিনে আব্দুল করিম (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটে। এই সময়ে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছায়।
জানা গেছে, আব্দুল করিম পেশায় কৃষক ছিলেন এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা বটতলা এলাকায়। তিনি ১৬ সেপ্টেম্বর রাতে রামেক হাসপাতালে ভর্তি হন এবং ২২ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।
সবশেষ বুধবার হাসপাতালে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এদিন নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে বর্তমানে হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সকল সরকারি কলেজের চলমান ক্লাস রুটিনের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এই রুটিন নির্দিষ্ট ফরম্যাটে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ এবং ওয়ার্ড ফাইল আকারে তৈরি করতে হবে।
আরো পড়ুন
সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রুটিন তৈরির সময় বাংলায় ইউনিকোড এবং ইংরেজিতে টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করা বাধ্যতামূলক। নির্ধারিত রুটিনটি আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির [email protected] ই-মেইলে পাঠাতে হবে।
বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে অধিদপ্তর নির্ধারিত সময়ের মধ্যে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করেছে।
আরো পড়ুন
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ঝটিকা মিছিলের মাধ্যমে সমাজে নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা তৈরির যেকোনো চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে সমাজে অস্থিরতা ও আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে কোনো অবস্থাতেই যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক উভয়ভাবেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার বিষয় তুলে ধরে মন্ত্রী জানান, শহরের প্রতিটি নাগরিকের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে।
আরো পড়ুন
২ কার্গো এলএনজি কিনছে সরকার
তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও পাহাড় কাটা বন্ধসহ জনস্বার্থে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নগরী ও জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস ও লঞ্চের ভাড়া বেড়ে গেছে। তবে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, রেল মন্ত্রণালয় থেকে রেলের ভাড়া বাড়ানোর জন্য চাপ রয়েছে, অন্যথায় লোকসান আরও বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, "আমরা ১০ বছর ধরে রেলের ভাড়া বাড়াইনি। জনগণের প্রতি আমাদের মনোযোগ, দায়বদ্ধতা আছে।"
তিনি আরও বলেন, "এবার ভাড়া বাড়ানোর জন্য চাপ রয়েছে। নাহলে আরও লোকসান হবে। তবুও এখনও রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেইনি। আমি বলেছি, ভাড়া না বাড়িয়ে যা আছে তা যাতে রাখা যায়।" ফলে আপাতত আগের ভাড়া বহাল থাকবে। মন্ত্রী বলেন, "সর্বোচ্চ চেষ্টা করছি রেলের ভাড়া না বাড়ানোর। একান্তই যদি ভাড়া বাড়ে, সেটি যৌক্তিক হবে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেইনি।"
লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য বিষয়গুলি বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি, সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল, যা বর্তমানে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সিএনজির ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সিএনজির দাম বাড়েনি। কাজেই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই। যদি কারও বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া যায়, তবে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিল্লির ক্যালকাজি মন্দিরের নিকটবর্তী আস্থা কুঞ্জ পার্কে গত সোমবার সন্ধ্যায় ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার পর লেডি শ্রী রাম (এলএসআর) কলেজ আগামী বুধবার পর্যন্ত অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই কলেজটি ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এবং কর্তৃপক্ষ গত মঙ্গলবার দুপুর থেকেই নিয়মিত পাঠদান বন্ধ করে দেয়। একইসাথে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের ক্যাম্পাসের পেছনের গেট সংলগ্ন এলাকায় ঘোরাফেরা না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ গত মঙ্গলবার এই নৃশংস ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁড়াশি অভিযানের সময় বন্দুকযুদ্ধের ফলে এক অভিযুক্ত আহত হয়। এলএসআর-এর অধ্যক্ষ কণিকা কে. আহুজা জানিয়েছেন, বিষয়টি জানার পর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কলেজ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়।
অধ্যক্ষ আরও বলেন, "এমন হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা সরাসরি ক্লাস স্থগিত করি। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণই আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়।" তিনি জানান, কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং পুরো ক্যাম্পাস সংলগ্ন এলাকায় টহল বাড়ানোর জন্য বিশেষ অনুরোধ করেছে।
বিশেষ করে অমর কলোনি থানা পুলিশকে ক্যাম্পাসের পেছনের গেট, পাশের গলি এবং পার্কগুলোতে টহল জোরদার করার জন্য আবেদন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও কর্মীদের মানসিকভাবে সহায়তা করার জন্য শিক্ষক ও পরামর্শকেরা সার্বক্ষণিক পাশে থাকবেন বলেও আশ্বস্ত করা হয়েছে।
ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এলএসআর স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি অনুশা গর্গ বলেন, শিক্ষার্থীদের চলাচলের প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করা জরুরি, শুধুমাত্র ধরাবাঁধা সতর্কবার্তা জারি করে বসে না থেকে। তিনি উল্লেখ করেন, "নারীদের নিরাপত্তার ক্ষেত্রে বাঁধাধরা নীতি থেকে বেরিয়ে এলাকাভিত্তিক নিবিড় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) চালানো প্রয়োজন।"
শিক্ষার্থীরা মেট্রো স্টেশন, বাস স্টপ, পিজি (মেস) এবং বাজার এলাকা থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য যেসব পথ ব্যবহার করেন, সেগুলোতে দ্রুত নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। এছাড়া সড়কবাতি, স্পষ্ট দৃশ্যমানতা, গণপরিবহন সুবিধা, জরুরি সহায়তা সেবা এবং পুলিশের নজরদারি নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
সার্বিক পরিস্থিতিতে দিল্লি পুলিশের সাথে যোগাযোগ রেখে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কলেজ প্রশাসন নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ