সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-২ পাবনা।
গ্রেপ্তারকৃত দুজন হলেন চাটমোহর উপজেলার সাজনাই দক্ষিণপাড়া গ্রামের মোছা. রেশমা খাতুন (৩০) এবং তার স্বামী মো. রবি মোল্লা (৪২)। রেশমা খাতুন ৬ নম্বর এবং রবি মোল্লা ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল। অভিযানে হত্যা মামলার ৬ নম্বর আসামি রেশমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর ভাদুর বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ১ নম্বর আসামি রবি মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে চাটমোহর উপজেলার পাশডাঙ্গা ইউনিয়নের সাজনাই এলাকায় রবি মোল্লার বাড়ির সামনে পাকা সড়কের ওপর পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেককে হামলা করা হয়। এ সময় এজাহারনামীয় আসামিরাসহ কয়েকজন তাকে লোহার রড, কাঠের খাইটা, কাঠের বাটাম ও বাঁশ দিয়ে মারধর করেন। ফলে আব্দুল বারেক নিহত হন।
এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ২। মামলায় রবি মোল্লা ও রেশমা খাতুনসহ মোট ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ সরকারের বিষয়ে তারা এখনও স্পষ্টভাবে পলিসি জানায়নি। তিনি উল্লেখ করেন, "আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে তারা সেখানে ইনভাইট করেনি।"
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলায় ৪ দিনের সফরের শেষ দিনে ঢাকায় ফেরার পথে ভোলা সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, "বাংলাদেশ-ভারতের ব্যাপারে কিছু কিছু রিজার্ভেশন আছে, বিশেষ করে পতিত সরকারের প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছেন এবং সেখানে বসে রাজনীতি করার সুযোগ দিয়েছেন।" তিনি মনে করেন, এটি সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয়। তিনি বলেন, "ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার কিন্তু তাদের পক্ষ থেকে সেই সুসম্পর্কের জন্য তেমন কিছু দেখা যায় না।"
স্পিকার বলেন, "ভারত এবং বাংলাদেশের মধ্যে সৎ প্রতিবেশীসুলভ সমমর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক আমরা চাই।"
তিনি বলেন, "তারেক রহমান ব্যাপক জনপ্রিয়তা নিয়ে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন।" তিনি উল্লেখ করেন, "গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের ফল দেশের প্রতিটি বিভাগে, স্তরে ধস নেমেছে, হত্যা, গুম, খুন, মানিলন্ডারিং অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।"
স্পিকার বলেন, "এ পরিস্থিতি থেকে উন্নয়ন করতে অনেক সময় লাগবে। সাত মাস এটার জন্য খুবই অল্প সময়।"
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "আমার মনে হয় সংস্কার পর্ব ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।" তিনি উল্লেখ করেন, "প্রধানত আইনকানুনে অনেক সংস্কার আনতে হবে।" তিনি জানান, "যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা চলছে।"
স্পিকার বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কিছুটা অসুবিধা দেখা দিচ্ছে, রাজনৈতিক দলসমূহের মধ্যে এখনো তারা একমত হতে পারেনি।"
তিনি উল্লেখ করেন, "সরকারি দল বিএনপি ও বিরোধী দল যদি একটা সমঝোতায় আসে, তাহলে বিগত ১৬-১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনা থেকে জনগণ মুক্তি পেতে পারে।"
স্পিকার আশা প্রকাশ করেন যে, "জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকার এবং বিরোধী দল উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি বলেন, "আশা করি সংসদের আগামী অধিবেশনে সংস্কার প্রস্তাব নিয়ে সরকার এবং বিরোধী দল একমত হলে আইনে যে সংস্কার করে পরিবর্তন দরকার তা যদি আনতে পারি, তাহলে এই যে গত ১৬ বছরের দুঃশাসন থেকে জনগণ মুক্তি পাবে।"
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, "একটা স্থিতিশীল পরিবেশের প্রয়োজন।" তিনি উল্লেখ করেন, "বিরোধী দলকেও ধৈর্য ধরতে হবে।" তিনি বলেন, "সরকার ও বিরোধী দলের মধ্যে যদি সুন্দর বোঝাপড়া থাকে, তাহলে দেশ উন্নয়নের পথে যেতে পারবে।"
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, নিজ কার্যালয়ে এক নারীকে জিম্মি করে কুচক্রী মহলের সাথে যোগসাজশে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও অশোভনীয় ভিডিও কন্টেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জেলা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে পাবনার সাংবাদিকরা ডিবির ওই ওসিকে প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পাশাপাশি তারা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওসি রাশিদুল ইসলামকে পাবনা থেকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও সাংবাদিক নেতারা বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের ন্যায় পিরোজপুরে ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পূরহিতদের সমন্বয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাণ্ডাারিয়া পৌরসভা মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করেন।
পরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহিম মোল্যা, ভাণ্ডারিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সমাজ সেবক জুলফিকার হায়দার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান, উৎপল হাওলাদার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জনসচেতনতার অভাবেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে।
তিনি ইমাম ও পুরোহিতদের উদ্দেশে বলেন, মসজিদের খুতবা এবং মন্দিরের ধর্মীয় আলোচনা ও উপাসনালয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরতে হবে। ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব। এ লক্ষ্যেই ইমাম ও পুরোহিতদের সম্পৃক্ত করে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটে জেলা ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার কাজও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইনবিল্লাহ, বিএনপি নেতা আকরাম খান, ছাত্রদল নেতা ঋত্বিক হালদার রোহিত ও সাহারিয়া জামান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ