ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান


নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক বাজার পরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা। তারা রাজধানীর কারওয়ান বাজারে নারী ব্যবসায়ীদের উচ্ছেদ না করে বাজারের খালি জায়গায় পুনর্বাসন এবং টোকেনের মাধ্যমে নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন। নিরাপদ কর্মপরিবেশ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত হলে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) আয়োজিত একটি অ্যাডভোকেসি সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। ‘বাধা অতিক্রম : বাজারে ব্যবসায়রত নারীদের নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডব্লিউসিএস’র সভাপতি অধ্যাপক ড. ইশরাত শামীম।

তিনি উল্লেখ করেন, কারওয়ান বাজারের ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের নেতৃত্বের বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ৩০ জন সন্তান যাতে পড়াশোনার সুযোগ পায়, সে জন্য ‘শিশুদের পাঠশালা’ চালু করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নারী ব্যবসায়ীদের ব্যবসার সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত তদারকিও করা হচ্ছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ প্রশ্নে সরকার ব্যর্থ: স্বেচ্ছাসেবক শক্তির অভিযোগ

সভায় উত্থাপিত মূল প্রবন্ধে সিডব্লিউসিএস’র প্রকল্প সমন্বয়কারী খাদিজা বেগম জানান, কারওয়ান বাজারের নারী ক্ষুদ্র উদ্যোক্তার ওপর পরিচালিত জরিপে তাদের ব্যবসা ও ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৫৫ দশমিক ৭ শতাংশ বিবাহিত, ৩১ দশমিক ৪ শতাংশ বিধবা এবং ১১ দশমিক ৪ শতাংশ স্বামী থেকে আলাদা রয়েছেন। তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মূলধনের সংকট, নিরাপত্তাহীনতা, চুরি ও হয়রানির মতো সমস্যার মুখোমুখি হতে হয়। নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন।

সভায় নারী ব্যবসায়ীরা ফুটপাত ও বাজার থেকে উচ্ছেদ না করার জন্য এবং তাদেরকে টোকেনের মাধ্যমে নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানান। সবজি বিক্রেতা রুমা খান ও লাবণী আক্তার বলেন, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হলে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসার পরিধি বৃদ্ধি করতে সক্ষম হবে।

কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার জানান, নারী ব্যবসায়ীরা এখন একটি শৃঙ্খলার মধ্যে এসেছেন। রাস্তা থেকে তাদের উচ্ছেদ করা হলে সিটি করপোরেশন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে বাজারের খালি জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।

ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিডব্লিউসিসিআই) প্রকল্প সমন্বয়কারী মো. নাসির উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের নারী ব্যবসায়ীদের মূলধারায় যুক্ত করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতায় যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।

আরও পড়ুন: আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

সভায় আরো বক্তব্য দেন ডিডব্লিউসিসিআই’র অর্থ ব্যবস্থাপক জুলকার নাইন, কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান, সিডব্লিউসিএস’র কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ও রীতা ভৌমিক এবং ব্যবসায়ী মো নুরুজ্জামান, মনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও আনোয়ার হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলার ভিত্তিতে তাদের আদালতে সোপর্দ করা হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, হাতিয়া থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এদিকে, সোমবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টা, সড়কে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করেছেন সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন। তিনি বলেন, "রেললাইনে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।" তারা রাতভর দায়িত্ব পালন করেছেন এবং কোথাও এমন ঘটনা তাদের নজরে আসেনি। তবে লাকসামের দিকে এমন কিছু ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। সেটি তাদের সীমান্তবর্তী এলাকা। এ বিষয়ে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংগঠনটির ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশের আইনি উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮, হাসপাতালে ভর্তি ৭৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮, হাসপাতালে ভর্তি ৭৭

মানিকগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ২ হাজার ২২৪ জনে পৌঁছেছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৭ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সাতজন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া মননো মেডিকেল কলেজ হাসপাতালে একজন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালে ১ হাজার ৬৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৩২ জনসহ মোট ২ হাজার ২২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। এই নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪৭ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেল পাইপলাইনে হুথি হামলা: রিয়াদের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


তেল পাইপলাইনে হুথি হামলা: রিয়াদের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সউদী আরবের রাজধানী রিয়াদের দিকে ছোড়া হুথি বিদ্রোহীদের একাধিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে সউদী নেতৃত্বাধীন সামরিক জোট। একই সাথে, দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম (ইস্ট-ওয়েস্ট) তেল পাইপলাইনেও সাম্প্রতিক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সউদী রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী গত কয়েকদিন ধরে সউদী আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে। এর অংশ হিসেবে, রিয়াদের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

হামলার ফলে রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এলাকায় অবস্থিত আরামকো কোম্পানির একটি প্রশাসনিক ভবনে কিছু আংশিক কাঠামোগত ক্ষতি ও সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, সউদীর জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেল পাইপলাইনের মূল কার্যক্রমও অক্ষুণ্ণ রয়েছে।

এদিকে, আঞ্চলিক ভূরাজনীতি এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে চলমান সংকটের মধ্যে সউদীর এই জ্বালানি রুট ও রাজধানী সুরক্ষা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সউদী কর্তৃপক্ষ দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তির বার্তা ছড়াতে শিশুদের নিয়ে আর্ট ওয়ার্কশপের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


শান্তির বার্তা ছড়াতে শিশুদের নিয়ে আর্ট ওয়ার্কশপের আয়োজন

শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছে ইতালিভিত্তিক সংগঠন ‘কালারস ফর পিস’।

এ কর্মশালাটি মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় ইতালির দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির ৫০ শিশু অংশগ্রহণ করে। এই শিশুদের মধ্যে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুরাও অন্তর্ভুক্ত ছিল।

‘শান্তি বলতে তুমি কী বোঝো’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মশালায় শিশুরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা ও কল্পনায় শান্তির বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি, কালারস ফর পিসের প্রতিষ্ঠাতা ও সভাপতি আন্তোনিও জান্নেল্লি, দক্ষিণ এশিয়া প্রকল্পের পেডাগজিক্যাল কো-অর্ডিনেশনের প্রধান আদ্রিয়ানা গ্রিসপো, নেপালে সংগঠনটির অ্যাম্বাসাডর অজয় দেশার এবং বাংলাদেশে সংগঠনটির অ্যাম্বাসাডর তানজিমা তাবাচ্ছুম এশা।

অনুষ্ঠানে ‘শান্তি প্রতিষ্ঠায় চারুকলায় শিশুদের সম্পৃক্ততার ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালারস ফর পিস বাংলাদেশের অ্যাম্বাসাডর ও ভিজ্যুয়াল আর্টিস্ট তানজিমা তাবাচ্ছুম এশা।

প্রবন্ধে তিনি উল্লেখ করেন, চারুকলায় শিশুদের অংশগ্রহণ শুধু তাদের সৃজনশীল বিকাশে সহায়ক নয়, বরং সহমর্মিতা, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। শিল্পকলা একটি সর্বজনীন ভাষা, যা ভৌগোলিক, ভাষাগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন অতিক্রম করে মানুষকে কাছাকাছি আনতে সক্ষম।

তানজিমা তাবাচ্ছুম এশা বলেন, ছবি আঁকা, সংগীত, নৃত্য ও নাটকের মাধ্যমে শিশুরা নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্যের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বুঝতে শেখে। তাই শিল্পশিক্ষা কেবল বিনোদনের বিষয় নয়, এটি শিশুদের মানবিক বিকাশ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

মূল প্রবন্ধে দক্ষিণ এশিয়ার শিশুদের নিয়ে ‘চিলড্রেন অব সাউথ এশিয়া ড্র পিস’ উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের শিশুদের ছবি আঁকার মাধ্যমে একত্র করার এ উদ্যোগ আন্তসাংস্কৃতিক বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়।

এছাড়া বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত শান্তি ও সম্প্রীতিবিষয়ক শিল্পকর্মশালা আয়োজন, বাংলাদেশ ও ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক শিশু-শিল্প প্রদর্শনীর প্রস্তাব দেওয়া হয়। শিশুদের শান্তির দূত হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে প্রতিষ্ঠিত কালারস ফর পিস একটি ইতালিভিত্তিক অলাভজনক সংগঠন। এই সংগঠনটি শিল্প, আশা ও সংহতির মাধ্যমে শিশুদের মধ্যে শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং বিভিন্ন দেশের শিশুদের মধ্যকার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক দূরত্ব কমাতে কাজ করছে। বর্তমানে বিশ্বের ১৫১টি দেশ ও অঞ্চলে এর কার্যক্রম রয়েছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সনদ ও স্মারক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%