১০:০১ পি.এম
চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান মন্তব্য করেছেন যে, সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কথিত ‘লকডাউনের’ মাধ্যমে সৃষ্ট নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আজ বিকেলে নগরীর লালখান বাজার মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী শক্তির সৃষ্ট নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাজিমুর রহমান আরও বলেন, বিদেশে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তি গুজব, অপপ্রচার এবং সহিংসতার মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়া হচ্ছে। কথিত লকডাউনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে অগ্নিসংযোগ, জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হচ্ছে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হলো ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ সায়েন্স ফেস্টিভ্যাল
কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল এবং শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্ত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ অন্যান্য নেতারা বক্তব্য প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন