১০:১৬ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : দেশের চারটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে।
রোববার, দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাঙ্গালহালিয়া খাল এবং জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে এসব অভিযান পরিচালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকারি ওষুধ বিতরণে অনিয়ম, ওষুধের মজুত ঘাটতি এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশের প্রাথমিক সত্যতা দুদক পেয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক
অভিযানের সময় হেপাটাইটিস-বি পরীক্ষার ১ হাজার ২৫০টি রিএজেন্ট কিট থাকার কথা থাকলেও ৪০০টি পাওয়া যায়। বাকি ৮৫০টি কিটের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ সময় ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়সংক্রান্ত নথিসহ বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের দরপত্রে অনিয়ম, সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কাজ প্রদান, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ভবনের নকশা অনুমোদনে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন প্রকল্পের রেকর্ডপত্র, বাজেট ও বিল-ভাউচারসংক্রান্ত নথি সংগ্রহ করে দুদক টিম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাঙ্গালহালিয়া খালের ভাঙন রোধে গৃহীত প্রকল্পে অনিয়মের অভিযোগে পরিচালিত অভিযানে প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করা হয়। পরে একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পের বিভিন্ন অংশের পরিমাপ নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় নথি ও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে, জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে লাইসেন্সবিহীন ঠিকাদার নিয়োগ এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার
এ সময় প্রতিষ্ঠানটির নয়টি শাখায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে নিয়োজিত ২৩৯ জন শ্রমিকের নিয়োগসংক্রান্ত লাইসেন্স, হাজিরা খাতা এবং বেতন পরিশোধের বিল-ভাউচার সংগ্রহ করা হয়।
দুদকের এনফোর্সমেন্ট টিমগুলো সংগৃহীত নথিপত্র, তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন