রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩৪ পি.এম
নোয়াখালীর সেনবাগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে এমদাদুল হক, যিনি মুন্না নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে। তার বয়স ২৬ বছর।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এমদাদুল হক মুন্না সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমিরুল ইসলাম কোম্পানীর বাড়ির বাবুপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের সেনবাগ রাস্তার মাথা এলাকায় চৌমুহনী-ফেনী মহাসড়কের পাশে বিসমিল্লাহ অটো সেন্টারের সামনে অভিযান শুরু করে। এ সময় সন্দেহভাজন এমদাদুল হক মুন্নাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত মুন্নাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিতাস নদীর তীরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর তিতাস নদীর বুকে এই ঐতিহ্য ফিরে আসায় নদীর পাড়ে মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হরিপুর ইউনিয়ন বিএনপি ও হরিপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হরিপুর জমিদার বাড়ি পয়েন্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। হরিপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বলেন, "গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য নৌকা বাইচ। হাজার হাজার মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেন। এটি আমাদের বাংলার ঐতিহ্য। দীর্ঘদিন পর আমাদের এলাকার সকলের সহযোগিতায় এই নৌকা বাইচ প্রাণবন্ত হয়ে উঠে।" ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
উদ্বোধনের পর রঙিন পোশাক পরিহিত মাঝিমাল্লারা তাদের সুসজ্জিত নৌকা নিয়ে বাইচে অংশগ্রহণ করতে শুরু করেন। প্রতিযোগিতাটি হরিপুর জমিদার বাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরের নরহা গ্রামের ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।
উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ তিতাসের দুই পাড়ে দাঁড়িয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ এই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ উপভোগ করেন। নৌকা বাইচকে কেন্দ্র করে হরিপুর তিতাস নদীর পাড়ে দিনভর ছিল উৎসবের আবহ। দুপুর থেকেই নদীর পাড়ে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত নৌকা ও মাল্লার বাইচ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। পুরো সময়জুড়ে নেচে-গেয়ে, হেইও হেইও ধ্বনিতে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্ষধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। নৌকা বাইচে ইঞ্জিন চালিত ট্রলারসহ বিভিন্ন যানবাহনে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এই নৌকা বাইচ উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতি তিতন ফকিরের সভাপতিত্বে হরিপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী 'সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর শাপলা ভয়েজ ক্লাব' দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এম এ হান্নান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) চৌধুরী বিশ্বনাথন আনন্দ, থানার অফিসার ইনর্চাজ(ওসি) শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আর্টিন ফার্নিচারের চেয়ারম্যান ইয়াসিন হোসাইন রুমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অফিসের প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসার একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ পাল। সরকারি দপ্তরের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে তিনি একটি নান্দনিক ছাদ বাগান গড়ে তুলেছেন। পানছড়ি উপজেলা নির্বাচন অফিসের ছাদজুড়ে সারি সারি টব ও বিভিন্ন আকৃতির পাত্রে শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল, ফলজ ও সবুজ গাছ। এই সবুজ পাতার সমারোহের সঙ্গে ফুটে থাকা বাহারি ফুলে পুরো ছাদ পেয়েছে ভিন্ন এক সৌন্দর্য। ব্যস্ত কর্মঘণ্টার ফাঁকে এই সবুজ বাগান এখন কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশান্তির এক ছোট্ট ঠিকানা হয়ে উঠেছে।
শুধু সৌন্দর্যবর্ধন নয়, পরিবেশবান্ধব কর্মপরিবেশ তৈরির লক্ষ্যেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অভিমত, সরকারি একটি দপ্তরের ছাদে এমন বাগান অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকেও অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে বাগান তৈরিতে উৎসাহিত করতে পারে।
স্থানীয়দের মতে, শহর ও উপজেলা পর্যায়ে দিন দিন সবুজ জায়গার পরিমাণ কমে আসছে। এ অবস্থায় ভবনের ছাদে ফুল, ফল ও সবুজ গাছ লাগানোর উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে তৈরি হতে পারে মনোরম ও স্বস্তিদায়ক পরিবেশ।
পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ পালের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। দায়িত্ব পালনের পাশাপাশি অব্যবহৃত ছাদকে সবুজে সাজিয়ে তিনি দেখিয়েছেন যে, ইচ্ছা ও উদ্যোগ থাকলে ছোট পরিসরেও পরিবেশের জন্য ইতিবাচক কিছু করা সম্ভব। স্থানীয়দের প্রত্যাশা, পানছড়ির এই ছাদ বাগান শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনের অনুপ্রেরণা হয়ে উঠুক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নদী রক্ষা ও নদীর প্রতি মানুষের দায়বদ্ধতা বাড়ানোর আহ্বানে পিরোজপুরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ নদীবন্ধু সমাজের উদ্যোগে আলোচনা, নদীর কবিতা ও গান, বর্ণাঢ্য পদযাত্রা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দামোদর ব্রিজ সংলগ্ন বাংলাদেশ নদীবন্ধু সমাজের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রাণ কৃষ্ণ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা স্কাউটসের সম্পাদক, প্রকৃতি ও জীবন ক্লাব পিরোজপুরের সভাপতি এবং বাংলাদেশ নদীবন্ধু সমাজের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত কবির খান। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং পিরোজপুর কণ্ঠের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
আলোচনায় নদীবন্ধু জ্যোতির্ময় চক্রবর্তী রতন, লোকমান হোসেন, হাসনেয়ারা হক, মনিরুল আলম সেলিম এবং কবি সমর কৃষ্ণ হালদার, দেবনাথ মন্ডল, দেলোয়ার হোসেন আলম, দিলীপ কুমার মিস্ত্রী ও নাহিদ সরদার অংশ নেন।
বক্তারা বলেন, নদী শুধু জলধারা নয়; নদী মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নদী রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তারা গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নদীবন্ধু শামীম আহমেদ জালাল, কবি অপূর্ব রায় চৌধুরী, সাংবাদিক জাহিদুর রহমান, অবসরপ্রাপ্ত সসস্ত্র বাহিনী পরিষদের সদস্য মো, জাকির হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলী টিপু, কবি ও সাংবাদিক আব্দুর রাজ্জাক, কবি পলি, সুমনা বেপারি , সিনথিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঐকতান সঙ্গীত একাডেমির ব্যানারে সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কবি ও সাংবাদিক সুমন বেপারী ও তবলা শিল্পী দীপু নন্দী। নদীর গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন কণ্ঠশিল্পী পূজা রাণী সেন। নদীর কবিতা ও গানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
পরে নদী সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে স্থানীয় মানুষের মধ্যে নদী সংরক্ষণে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা বলেন, নদীর স্রোত বাঁচলে বাঁচবে প্রাণ-প্রকৃতি; নদী রক্ষার দায়িত্ব তাই শুধু কোনো একটি সংগঠনের নয়, সবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় অবস্থিত জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া। এই ভবনটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্মিত হয়েছে এবং এর প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছিলো ২ কোটি টাকা। শুক্রবার দুপুরে, দেওয়ানপাড়া জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। প্রধান অতিথি সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন, "শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি।" তিনি উল্লেখ করেন, দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসময় সাংসদ দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ