সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৪৮ পি.এম
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা এবং অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। গাজার মানবিক পরিস্থিতির সংকট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে দেশটি।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টোন পিটার্স ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডন স্যারের সঙ্গে এক ফোনালাপে এই উদ্বেগ তুলে ধরেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী উইনস্টোন পিটার্স শিগগিরই ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহিনের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
বিশ্বজুড়ে ফিলিস্তিনে দশকের পর দশক ধরে চলমান ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সমালোচনা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি এবং দখলদারিত্বকে ‘অবৈধ’ হিসেবে ঘোষণা করে। এর পর জাতিসংঘ সাধারণ পরিষদও এক বছরের মধ্যে এই অবৈধ দখলদারিত্ব অবসানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ অবরোধের ফলে চরম অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই সমুদ্রপথটি যুদ্ধের পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সঙ্কট কাটিয়ে উঠতে আরব রাষ্ট্রগুলোকে ইরানের সাথে নতুন অর্থনৈতিক বা কূটনৈতিক সমঝোতা করতে হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত মন্তব্য করেন, "বর্তমান বাস্তবতায় হরমুজ প্রণালী আগের মতো স্বাভাবিক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। চলমান পরিস্থিতির পর ইরান আর কখনোই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সম্পর্কিত সশস্ত্র বাহিনীর সামরিক জাহাজগুলোকে এই প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে দেবে না।"
অধ্যাপক বারাকাত আরও উল্লেখ করেন, চলমান অচলাবস্থার কারণে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে উপসাগরীয় দেশগুলো। তাদের রপ্তানি পণ্যের প্রায় ৯০ শতাংশই বর্তমানে গন্তব্যে পৌঁছাতে পারছে না। বিশ্ববাজার কেবল উপসাগরীয় পণ্যের ওপর নির্ভর করে বসে থাকবে না; আন্তর্জাতিক ক্রেতারা ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে শুরু করেছে। যদিও সাময়িকভাবে পণ্যের দাম বেড়েছে, তবে আন্তর্জাতিক বাজারে এখন পর্যন্ত মারাত্মক সরবরাহ ঘাটতি তৈরি হয়নি।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী এই স্থবিরতা এড়াতে আরব দেশগুলোকে বাস্তবতা মেনে নিতে হবে এবং নিজেদের অর্থনীতি রক্ষায় সমঝোতার পথ বেছে নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ এবং জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে গ্রেফতার হৃদয় আহমেদ রাজুকে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী মোড়লের বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার বেশ কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হৃদয় আহমেদ রাজুকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ এবং অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। পুলিশ বলছে, হৃদয় এলাকায় এজেন্ট হিসেবে কাজ করে অর্থ সংগ্রহের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ নিতেন এবং অন্যদেরও এতে অংশ নিতে সহায়তা করতেন।
এ ঘটনায় হৃদয় আহমেদ রাজুসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানার একজন এসআই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মামলায় হৃদয় ছাড়া জুয়া খেলায় জড়িত আরও ১৬ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে তারা পলাতক রয়েছে। তাঁদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হৃদয় (২৪) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার অধিবাসী ছিলেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদয়কে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত অবস্থায় রোববার সকাল ৭টা ৩০ মিনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মাত্র একদিনের ব্যবধানে তার মৃত্যু ঘটে। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৮ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু ঘটেছে।
সোমবারের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা তিনজন বেড়েছে।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, "হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ