ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজধানীতে চার বাসে আগুন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন


রাজধানীতে চার বাসে আগুন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে, বাড্ডা লিংক রোডে এবং রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তরা চারটি বাসে আগুন দেয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে, গত সোমবার দুপুর থেকে ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছেন।

বাসে আগুন

আরও পড়ুন: ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, রাত ৯টা ২৫ মিনিটে তিতুমীর কলেজের সামনে অলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের অপর একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া, বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাস এবং রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব ঘটনায় হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, মঙ্গলবার রাতে গাজিপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার খবরও পুলিশ পেয়েছে।

মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টার মধ্যে রাজধানীর আরো চারটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কৃষি মার্কেটের সামনে, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয় এলাকায় ককটেল হামলা চালানো হয়।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৫টি মামলা দায়ের করেছে। এর মধ্যে মিরপুর বিভাগে ১৫০ জন গ্রেপ্তার হয়েছে, যা সর্বাধিক।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

যাত্রাবাড়ী এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদপুরে তিন নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।

আরও পড়ুন: ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিবাদ

এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থ সঙ্গীকে ছেড়ে যায়নি পুরুষ হাতি, ড্রোনে শনাক্ত দুর্গম পাহাড়ে অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


অসুস্থ সঙ্গীকে ছেড়ে যায়নি পুরুষ হাতি, ড্রোনে শনাক্ত দুর্গম পাহাড়ে অবস্থান

টানা কয়েক ঘণ্টা ধরে অভিযান চলেছে। দুর্গম পাহাড়ে ড্রোন উড়িয়ে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন বিভাগ অবশেষে লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে অসুস্থ স্ত্রী হাতির অবস্থান চিহ্নিত করেছে। বুধবার হাতিটিকে ট্রাঙ্কুলাইজ (অজ্ঞান) করে চিকিৎসা দেয়ার পরিকল্পনা করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান মেলে। এর আগে ভোর থেকে একাধিক দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান শুরু হয়।

পুরুষ হাতিটি আহত সঙ্গীকে কখনো ছেড়ে যায়নি। কখনো সে পাশে হাঁটছে, আবার কখনো ধীরগতিতে চলা সঙ্গীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে টেকনাফের পাহাড়ে বন্য হাতি দুটির এমন দৃশ্য দেখা গেছে।

স্থানীয়দের মতে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক এলাকায় সোমবার ভোরে হাতি দুটিকে দেখা যায়। স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং চামড়া উঠে গেছে। ব্যথার কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। পরে হাতি দুটি পাহাড়ের ভেতরে চলে যায়।

আহত হাতিটির খবর পেয়ে উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ। মঙ্গলবার ভোর থেকে অভিযান শুরু হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় শিলখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

দুর্গম পাহাড়ে হাতিটির অবস্থান চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করা হয়। বনকর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালান। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেল ৩টার দিকে লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে পাহাড়ের গভীরে অসুস্থ স্ত্রী হাতিটির অবস্থান চিহ্নিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপুরায় পুলিশ বক্সের সামনে রাঈদা পরিবহণের বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


রামপুরায় পুলিশ বক্সের সামনে রাঈদা পরিবহণের বাসে আগুন

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের দ্বারা রাঈদা পরিবহণের একটি বাসে আগুন লাগানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানিয়েছেন, রাত ১১টা ৯ মিনিটে বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০০ নম্বরের রাঈদা পরিবহণের বাসটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা যেসব জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ এম


সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা যেসব জেলায়

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা থেকে বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ এম


ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিবাদ

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এমএইচ গ্রুপ (ইলিয়াছ ব্রাদার্স)’ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের স্বাক্ষরিত একটি জরুরি প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কিছু দুষ্কৃতকারী আকস্মিকভাবে খাতুনগঞ্জের এমএইচ গ্রুপের (ইলিয়াছ ব্রাদার্স) অফিসে ভাঙচুর করে এবং নৈরাজ্য সৃষ্টি করে। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংগঠনটি ভবিষ্যতে এ ধরনের মব, লুটপাট, বিশৃঙ্খলা ও অরাজকতামূলক তৎপরতা বরদাশত না করার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, খাতুনগঞ্জ একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ইলিয়াছ ব্রাদার্সের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তানজিল ইসলাম ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করে, যাঁরা মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%