ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিবাদ


ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিবাদ

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এমএইচ গ্রুপ (ইলিয়াছ ব্রাদার্স)’ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের স্বাক্ষরিত একটি জরুরি প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কিছু দুষ্কৃতকারী আকস্মিকভাবে খাতুনগঞ্জের এমএইচ গ্রুপের (ইলিয়াছ ব্রাদার্স) অফিসে ভাঙচুর করে এবং নৈরাজ্য সৃষ্টি করে। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংগঠনটি ভবিষ্যতে এ ধরনের মব, লুটপাট, বিশৃঙ্খলা ও অরাজকতামূলক তৎপরতা বরদাশত না করার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

এদিকে, চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, খাতুনগঞ্জ একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ইলিয়াছ ব্রাদার্সের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তানজিল ইসলাম ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করে, যাঁরা মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: রামপুরায় বাসে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ এম


রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি ঘটলো

জাতীয় সংসদ সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিশ্বব্যাংকের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক কর্মকর্তা ড. মোহাম্মদ ওসমান ফারুক (৮৮)। এই পদত্যাগের মাধ্যমে কিশোরগঞ্জের রাজনীতি থেকে ড. মোহাম্মদ ওসমান গণি পরিবারের নাটকীয় প্রস্থান ঘটেছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ড. ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রের বাসায় অবস্থান করে তার আকস্মিক পদত্যাগপত্র পাঠানোর ঘটনায় দলের মধ্যে এবং দলের বাইরে নানা প্রশ্ন ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ মনে করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে গুরুত্বপূর্ণ কোনো পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ না পেয়ে তিনি অভিমান থেকে পদত্যাগ করেছেন। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ড. ওসমান ফারুকের হোয়াটসঅ্যাপ ও রোমিং নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে, অভিমানের অভিযোগ নাকচ করে দিয়েছেন তার ঘনিষ্ঠ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। ড. ওসমান ফারুকের ঘনিষ্ঠ আত্মীয় ও সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মিজবাহ উদ্দিন আহমেদ টুটুল যুগান্তরকে বলেছেন, "এসব কিছুই নয়। পদ-পদবি বা দায়িত্ব পাওয়া না-পাওয়া নিয়ে তার কোনো ক্ষোভ বা মান-অভিমান নেই, কখনো ছিলও না। প্রকৃতপক্ষে চিকিৎসক তাকে দীর্ঘ ভ্রমণ (ট্রাভেলিং) থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার বয়সটাও তো বিবেচনায় আনতে হবে।"

তথ্যানুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ (সাবেক কিশোরগঞ্জ-৪) আসন থেকে ড. মোহাম্মদ ওসমান ফারুক ছাড়া বিএনপির মনোনয়নে আর কারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার নজির নেই। তিনি অতীতের সব রেকর্ড ভেঙে অষ্টম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন।

পেশায় কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ২০০১ সালের ১০ অক্টোবর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত এ পদে ছিলেন।

বিগত সরকারের আমলে দীর্ঘ প্রায় আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন ওসমান ফারুক। সেই সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেয় বিএনপি ও এলাকাবাসী।

এর আগে ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের রাজনীতিতে এশিয়ার প্রখ্যাত মৃত্তিকাবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ওসমান গণির আবির্ভাব ঘটে। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে সবাইকে চমকে দেন। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণ সত্ত্বেও সরকারের কোনো মন্ত্রিত্ব বা পদ গ্রহণ না করে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবেই এলাকা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখেন তিনি।

ড. ওসমান ফারুকের পদত্যাগের ফলে কিশোরগঞ্জের রাজনীতিতে ওই পরিবারের সক্রিয় অধ্যায়ের আপাতত সমাপ্তি ঘটলেও স্থানীয় রাজনীতির মাঠে তাদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ এম


রাজধানীতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ মোট পাঁচটি স্থানে এই বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিট থেকে রাত পৌনে ১০টার মধ্যে এই বিস্ফোরণের ঘটনাগুলি ঘটে।

এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে, আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ এম


গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ, অডিও এবং ছবি ব্যবহার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধৈর্য্য প্রদর্শন করছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায়, একজন সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতারা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ এলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার নিরীহ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যদিও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগবে, তবে সরকার নিশ্চিত করতে চায় যে কোনো নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান।

তিনি বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’

তবে আত্মরক্ষার প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না। সরকার এখন পর্যন্ত ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে।

টুঙ্গিপাড়া থানায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান সম্পর্কে তিনি জানান, সেখানে ২০০ সদস্য রয়েছেন। তাদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি এবং পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ এম


ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা এবং অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি ফ্যাসিস্ট স্বৈরাচার ও খুনি হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার রাতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি সংগঠনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর এত ভোট পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে বিভিন্ন দলের দুর্নীতি, জুলুম ও জনদুর্ভোগের কারণে জনগণ নতুন নেতৃত্বের প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা থেকেই জামায়াতে ইসলামী বিপুলসংখ্যক মানুষের সমর্থন পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। আগামী জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোকে সামনে রেখে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে গোপালগঞ্জে পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন থানায় ও অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও সরকারের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ এসব বিষয় দেখছেন কি না, তা আমরা জানি না। এসব ঘটনার মাধ্যমে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার পরিচয় ফুটে উঠছে। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

জেলা জামায়াতের আমির মোবারক আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যাপক কুতুবুল ইসলাম নোমানী, অ্যাডভোকেট আব্দুল বাতেন, অ্যাডভোকেট জালাল উদ্দীন, মোহাম্মদ মহসিন, অধ্যাপক জোনায়েদ হাসান, জেলা শিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি প্রমুখ।

সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম, এলাকার সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%