০৩:৫৭ এম
বরিশাল নগরীতে রাতভর সতর্ক পাহারায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সৃষ্ট দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিয়োজিত রয়েছেন। তারা নগরবাসীর জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছে। এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে মিছিল, পাহারা এবং সতর্কতামূলক অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান করতে দেখা যায়। তার নেতৃত্বে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিএম কলেজ রোড, সদর রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের প্রতিবাদে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকার ঘোষণা দেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, ব্যবসায়িক এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, ক্ষয়ক্ষতি হয়েছে
এ সময় সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "বরিশাল নগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সর্বদা সতর্ক রয়েছেন।" তিনি আরও বলেন, "কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।" নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শিরিন আরও বলেন, "নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।" এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে জানান সিটি প্রশাসক। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "বরিশাল নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে পাহারাদারের ভূমিকা পালন করবে।" নগরীর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিতের পাশাপাশি দাঁত ভাঙা জবাব দিবে জনগণ। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান শিরিন।
এদিকে রাতভর বিএনপির নেতাকর্মীদের এমন সতর্ক অবস্থানের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে অবস্থান নেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: আরটির বিশেষ সেমিনারে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন