ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্মৃতিশক্তি হারিয়ে ২৪ দিন নিখোঁজের পর পরিবারের কাছে ফিরলেন ৯০ বছরের বৃদ্ধা নূরজাহান আক্তার


স্মৃতিশক্তি হারিয়ে ২৪ দিন নিখোঁজের পর পরিবারের কাছে ফিরলেন ৯০ বছরের বৃদ্ধা নূরজাহান আক্তার

বয়সের ভারে স্মৃতিশক্তি হারিয়ে পথ ভুলে শেরপুরে চলে আসা ৯০ বছরের বৃদ্ধা নূরজাহান আক্তারকে ২৪ দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পিবিআই। এর আগে, অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) রাতে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত হলে পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান। নূরজাহান আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল দিলাকান্দা গ্রামের মৃত আফছর আলী ও মৃত আমেনা খাতুনের মেয়ে।

জানা গেছে, গত ৪ নভেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষমপুর গ্রামে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভোর ৬টার দিকে বের হন নূরজাহান। বয়সের কারণে স্মৃতিশক্তি হারিয়ে পথ ভুল করেন তিনি। ছোট ছেলের বাড়িতে না পৌঁছায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। তবে ২৪ দিনেও তার খোঁজ মেলেনি।

আরও পড়ুন: রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিল নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের সন্ত্রাসীরা

এদিকে, গত ২৫ নভেম্বর শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকায় রাস্তার পাশে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধার ছবি প্রকাশ করেও তার পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। শনিবার দুপুরে বৃদ্ধার পরিচয় শনাক্তে জেলা পিবিআইয়ের সহায়তা চান রবিউল ইসলাম রতন। পরে পিবিআই সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্য যাচাই-বাছাই করে পরিচয় শনাক্ত করেন।

পরিচয় শনাক্তের পর পিবিআই ও ‘আজকের তারুণ্য’ সংগঠনের সদস্যরা পরিবারের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে রাতে বৃদ্ধার পুত্রবধূ মরিয়ম আক্তার ও ভাতিজা হাসিম মিয়া নেত্রকোনা থেকে শেরপুর জেলা হাসপাতালে ছুটে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে নূরজাহান আক্তারকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ ২৪ দিন পর শাশুড়িকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুত্রবধূ মরিয়ম আক্তার। এ সময় তিনি বলেন, 'দুনিয়ার মধ্যে এহনও যে ভালা মানুষ আছে এইডারও তার প্রমাণ। আমি স্যারদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ ওগোর (পিবিআই ও আজকের তারুন্য) ভালো করবো। আমার মায়ের মত শ্বাশুড়ীকে রাস্তা থনে তুইল্যা আইন্যা হাসপাতালে ভর্তি করছে। আমি তাগো ধন্যবাদ জানাই।'

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, 'আমরা কিছুদিন ধরে এই বৃদ্ধার পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। অবশেষে পিবিআইয়ের সহযোগিতায় আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি এবং তার পরিবারের কাছে সুন্দরভাবে হস্তান্তর করতে পেরেছি। আমি আমার সংগঠনের প্রতিটা সদস্য, পিবিআই ও হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।'

আরও পড়ুন: নাজিরপুরে শ্রমিক দলের আংশিক কমিটি গঠনের চার দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগ

পিবিআই জামালপুরের পুলিশ সুপার, শেরপুরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পংকজ দত্ত বলেন, প্রযুক্তির সহায়তা ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে আমরা সক্ষম হয়েছি এবং উনাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া বাড়ছে নিরাপত্তা ও যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ এম


আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া বাড়ছে নিরাপত্তা ও যোগাযোগ

এক সময় সন্ধ্যা নামার পূর্বে যেখানে দোকানপাট বন্ধ হয়ে যেত, আতঙ্কে বাসিন্দারা ঘরে ফিরতেনÑ সেই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখন চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। নতুন সড়ক নির্মাণের জন্য পাহাড় কেটে তৈরি হচ্ছে, সেতু, কালভার্ট এবং পানি নিষ্কাশনের নালা নির্মাণ করা হচ্ছে। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে গড়ে তোলা হচ্ছে দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা।

দীর্ঘদিন ধরে সশস্ত্র অপরাধী চক্রের আধিপত্য, সরকারি পাহাড় দখল, অবৈধ প্লটবাণিজ্য এবং সংঘাতের কারণে প্রায় ৩,১০০ একর আয়তনের আলোচিত এই জনপদে যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (২৬ ইসিবি) তত্ত্বাবধানে ছয়টি সড়ক নির্মাণের প্রকল্পে ইতোমধ্যে ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের জুনে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সড়ক যোগাযোগের মাধ্যমে নিরাপত্তা ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে দীর্ঘদিন বিচ্ছিন্ন ও অস্থিরতায় থাকা জঙ্গল সলিমপুরে।

মোট ছয়টি সড়ক নির্মাণের পাশাপাশি তৈরি হচ্ছে চারটি সেতু, ২৫টি কালভার্ট, আরসিসি রিটেইনিং ওয়াল এবং পানি নিষ্কাশনের নালা।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্মাণাধীন সড়কগুলো পরিদর্শন করা হলে দেখা যায়, পাহাড়ের ভেতরে একাধিক পথে নির্মাণকাজ চলছে। কোথাও আগে থেকেই থাকা সরু পথ প্রশস্ত করা হচ্ছে, আবার কোথাও নতুন করে পাহাড় কেটে সড়কের অবয়ব তৈরি করা হচ্ছে। পাহাড়ি ঢাল ধরে নির্মিত এসব সড়ক একদিকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন অংশকে যুক্ত করবে, অন্যদিকে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।

২৬ ইসিবির উদ্যোগে সাংবাদিকদের পরিদর্শনে প্রকল্পের ছয়টি সড়কের নকশা, নির্মাণকাজের অগ্রগতি এবং অবকাঠামোগত পরিকল্পনা তুলে ধরা হয়। ২৬ ইসিবির অধিনায়ক ও সড়কটির নির্মাণ প্রকল্পের পরিচালক লে. কর্নেল কামরুল আল মাসুদ জানান, চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে কাজ শুরু হয়। ২০২৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

পাহাড়ের ভেতরে ছয় সড়কের নেটওয়ার্ক

জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ বিচ্ছিন্ন এলাকাগুলোকে সংযুক্ত করতে ছয়টি সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী সড়কগুলোর মোট দৈর্ঘ্য ১২.১ কিলোমিটার। এর মধ্যে ছিন্নমূল বাজার থেকে আলীনগর স্কুল পর্যন্ত প্রথম সড়কটির দৈর্ঘ্য ২.৩ কিলোমিটার। দ্বিতীয় সড়কটি আলীনগর স্কুল থেকে জলিল টেক্সটাইল লিংক রোড পর্যন্ত ১.৫ কিলোমিটার। তৃতীয়টি আলীনগর স্কুল থেকে তিন নম্বর বাজার লিংক রোড পর্যন্ত ২.৭ কিলোমিটার। চতুর্থ সড়কটি আলীনগর স্কুল থেকে ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড পর্যন্ত ১.৯ কিলোমিটার। পঞ্চমটি আলীনগর স্কুল থেকে ছিন্নমূল বাজার পর্যন্ত ২.৭ কিলোমিটার এবং ষষ্ঠটি ছিন্নমূল বাজার থেকে এমআর চৌধুরী ফায়ারিং রেঞ্জ পর্যন্ত এক কিলোমিটার।

প্রকল্পের মানচিত্রে দেখা যায়, এসব সড়কের মাধ্যমে জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং দক্ষিণে বায়েজিদ লিংক রোডের সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে পাহাড়ের ভেতরের বিভিন্ন জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত সহজ হবে।

পাহাড়ি এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে শুধু সড়ক নির্মাণ নয়, পানি নিষ্কাশন এবং ভূমির স্থিতিশীলতা রক্ষায়ও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী ছয়টি সড়কে চারটি সেতু এবং ২৫টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ২.১ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল এবং ১৪.১ কিলোমিটার ওপেন ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া পানি চলাচলের জন্য থাকবে ৪৬৮টি ক্রস ড্রেন।

পাহাড়ি ঢাল ধরে সড়ক নির্মাণের ক্ষেত্রে মাটি ধসে পড়া ঠেকাতে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। বর্ষায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি যাতে সড়কের ক্ষতি করতে না পারে, সে জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা।

আগে দোকান বন্ধ হতো সন্ধ্যায়

সড়ক নির্মাণের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন নিয়েও কথা বলেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের মতে, সবচেয়ে বড় পরিবর্তন হলো আগের আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে আসার সুযোগ।

স্থানীয় দোকানদার আবুল কালাম বলেন, "আগে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হতো। এরপর ঘরে ফিরে দরজা বন্ধ করে থাকতে হতো। এলাকায় চলাচল নিয়ে ভয় কাজ করত। এখন সড়ক নির্মাণ হওয়ায় বিভিন্ন দিকে যাতায়াত করা যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের উপস্থিতি বেড়েছে। এতে তারা আগের চেয়ে নিরাপদ বোধ করছেন।"

আরেক ব্যবসায়ী জানান, "আগে সন্ধ্যার পর দোকান খোলা রাখার সাহস পেতেন না। এখন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও সড়ক নির্মাণের কারণে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে ব্যবসা-বাণিজ্যও বাড়বে বলে আশা করছেন তিনি।"

স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, "দীর্ঘদিন এলাকার মানুষ যোগাযোগ সমস্যায় ভুগেছে। পাহাড়ের ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ছিল কষ্টসাধ্য। নতুন সড়ক হলে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, জরুরি প্রয়োজনে যাতায়াত এবং দৈনন্দিন কাজ সহজ হবে। তবে এলাকার নিরাপত্তা ও উন্নয়ন যেন দীর্ঘমেয়াদে বজায় থাকে, সেটিই তাদের প্রত্যাশা।"

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, "দীর্ঘদিন এখানে ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে। পাহাড় রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সেনাবাহিনীর উদ্যোগে সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে।"

জঙ্গল সলিমপুরের পরিচিতি দীর্ঘদিন ধরেই ছিল দখল, অবৈধ বসতি ও সশস্ত্র অপরাধী চক্রের আধিপত্যের কারণে। সরকারি খাসজমি ও বনভূমির বড় অংশে গড়ে ওঠে অবৈধ বসতি। এর বিরুদ্ধে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান ও অপরাধবিরোধী তৎপরতা চালিয়েছে প্রশাসন। তবে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলা ও বাধার মুখে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। চলতি বছরের ১৯ জানুয়ারি সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‌্যাবের উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিভাগে তিন মাসে ৩২ হাজার গ্রেফতার, উদ্ধার ১৪৭টি অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ এম


খুলনা বিভাগে তিন মাসে ৩২ হাজার গ্রেফতার, উদ্ধার ১৪৭টি অস্ত্র

সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও অনলাইন জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে গত তিন মাসে খুলনা রেঞ্জের পুলিশ ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করেছে। শনিবার খুলনা রেঞ্জ পুলিশ এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে (২৭ নভেম্বর পর্যন্ত) এসব অভিযান পরিচালিত হয়। এই সময়ের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে ৩ হাজার ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তিন মাসে সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে ২৯২, অক্টোবরে ১৪৫ এবং নভেম্বরে ১৫২ জন গ্রেফতার হয়েছেন। অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে গ্রেফতারের সংখ্যা সেপ্টেম্বরে ছিল এক হাজার ৮৮, অক্টোবরে এক হাজার ১১ এবং নভেম্বরে এক হাজার ৪৩৫ জন। নভেম্বরের প্রথম ২৭ দিনে এ ধরনের গ্রেফতার বেড়েছে, যা আগের দুই মাসের তুলনায় বেশি।

এদিকে, মাদকবিরোধী অভিযানে তিন মাসে ১ হাজার ৪০৩টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় গ্রেফতার হয়েছেন এক হাজার ৭৮৪ জন। অভিযানে প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজাসহ হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৪০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪২ জনকে গ্রেফতার করার পাশাপাশি ১৪৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার মধ্যে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান এবং ১৫টি ওয়ানশুটার গান অন্তর্ভুক্ত। এছাড়া ১১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, তিন মাসে বিভিন্ন মামলায় মোট ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৯ হাজার ৭৫১ জন। সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০, অক্টোবরে ১০ হাজার ৩২৪ এবং নভেম্বরে ১০ হাজার ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

চোরাচালান ও অনলাইন জুয়াবিরোধী অভিযানের অংশ হিসেবে রেঞ্জ পুলিশ ৬৭টি চোরাচালান সংক্রান্ত মামলায় ২৯ জন এবং ৬৪টি অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় ১৬৩ জনকে গ্রেফতার করেছে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা দায়ের করেছে পুলিশ। এ সময় ৫ হাজার ৮৭৯টি প্রসিকিউশন দেওয়ার পাশাপাশি ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী ২ হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে, যার মধ্যে মোটরসাইকেল ১ হাজার ৯৬৬টি।

খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%