মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং
০৮:২২ পি.এম
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁর এই সফর ঘিরে নগরীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরডিএ চেয়ারম্যানের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময় ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনার অংশ। এ সময় প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে স্বাগত জানিয়ে তাঁকে অভিনন্দন জানান আরডিএ চেয়ারম্যান।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজশাহীর উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং আঞ্চলিক সম্ভাবনা বিকাশ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্ব পাবে।
রাজশাহীকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আরডিএ চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় তাঁর রাজশাহী সফরের আনুষ্ঠানিক অভ্যর্থনার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মোঃ ইমদাদুল হক (৪৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-৫।
সোমবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে চারঘাট থানার নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার ইমদাদুল হক চারঘাট থানার কামনি গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
মঙ্গলবার বিকালে এসআরবি-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নদায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের সখিপুরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সবুজ (১৪) নামে এক কিশোর চালককে অপহরণের পর হত্যার ঘটনায় মূলহোতা'সহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সখিপুরের বহেরাতৈল ইউনিয়নের আন্দিগ্রাম এলাকার গভীর জঙ্গল থেকে ওই কিশোরের মাথার খুলি, চুল ও হাড়সহ মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। এ সময় তার পরিহিত শার্ট ও স্যান্ডেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মামলার মূলহোতা শাহীন (৩০) ও হাবিব (৩৫)। তাদের মধ্যে হাবিবকে ১৯ অক্টোবর বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শাহীনের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী ভিকটিমের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এসআরবি-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানায় অতিরিক্ত ডিআইজি, এসআরবি ১৪ এর অধিনায়ক মো: মাসুদ রানা। তিনি জানান, সখিপুর উপজেলার মিলপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে সবুজ জীবিকার তাগিদে ভাড়ায় অটোভ্যান চালাত। গত ২৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ২৭ সেপ্টেম্বর সখিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপরই গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর থানার সুতী পলাশ এলাকায় চোরাই অটোভ্যানসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন আব্দুল করিম ও রফিকুল ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুই সহযোগী হাবিব ও শাহীন পালিয়ে যান বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে সবুজের বাবা বাদী হয়ে সখিপুর থানায় গত ১৫ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় অভিযোগ আনা হয়।
তিনি আরও বলেন, কিশোর সবুজ নিখোঁজ হওয়ার পর থেকেই এসআরবি-১৪-এর টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর বিকেল ৩টার দিকে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হাবিবকে গ্রেপ্তার করা হয়। পরে হাবিবকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূলহোতা শাহীনের অবস্থান শনাক্ত ও ভিকটিমের মরদেহ উদ্ধারে সখিপুরের বহেরাতৈল এলাকার আন্দিগ্রামের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। তবে রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের কারণে প্রথম দফায় অভিযান সফল হয়নি। সেই অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মূলহোতা শাহীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী একই এলাকার গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে সবুজের মরদেহের অবশিষ্টাংশ, মাথার খুলি, চুল, হাড়, পরিহিত শার্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিমের অটোভ্যান ছিনতাই করতেই তাকে অপহরণ ও হত্যার ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি জানান, গ্রেপ্তারকৃত হাবিবকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মূলহোতা শাহীনকে গ্রেপ্তার এবং মামলার আলামত উদ্ধারের পর তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মুখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত রোববার (১৮ অক্টোবর) এই অস্ত্রপচারটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। জামায়াত আমির দেশবাসীর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের একাধিক কর্মসূচিতে অংশ নিতে যান ডা. শফিকুর রহমান। এসব অনুষ্ঠানে তার মুখাবয়বে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।
জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, গত রোববার জামায়াতের আমিরের মুখের ত্বকে একটি লেজার সার্জারি সম্পন্ন হয়েছে। সার্জারির পর থেকে তার মুখে কিছুটা ফোলা ভাব দেখা যাচ্ছে।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও সাংগঠনিক ব্যস্ততার কারণে তাকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, কয়েকদিন বিশ্রাম নিলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
প্রতিবেদককে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে জানান, ‘দুতিন দিন আগে আমার মুখে একটি লেজার সার্জারি হয়েছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবো বলে আশা করছি।’
এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শান্ত এক বিকেলে ৬৫ বছর বয়সি জনপ্রিয় নারী সংসদ সদস্য হেলেন হেইনস নিজের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই একটি দ্রুতগামী সাদা ল্যান্ডক্রুজার গাড়ি তার ওপর তুলে দেয় এক চালক। হামলাটি যেন নিশ্চিত হয়, সেই জন্য চালক গাড়িটি ঘুরিয়ে এনে দ্বিতীয়বারের মতো তাঁকে আরেকটি গাড়ির সাথে পিষে ফেলে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে ওয়াঙ্গারাতা শহরের সেই ভয়াবহ দৃশ্যে উপস্থিত পথচারীরা স্তব্ধ হয়ে যান। মুহূর্তের মধ্যে এক সাহসী নাপিত ছুটে এসে চালকের হাত থেকে ছুরি কেড়ে নেন। সাধারণ মানুষ একজোট হয়ে ৪৩ বছর বয়সি ওই হামলাকারীকে ঘেরাও করে ফেলে, পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় হেলেনকে মেলবোর্নের হাসপাতালে নিয়ে যান। তবে দীর্ঘ অস্ত্রোপচারের পর আফসোসের বিষয় হলো, তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে। অপর পা-টি বাঁচানোর জন্য এখন চিকিৎসকেরা আপ্রাণ লড়াই চালাচ্ছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিশ্চিত করেছেন, এটি কোনো নিছক দুর্ঘটনা নয়, বরং পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। পরিস্থিতি এতটাই গুরুতর যে ঘটনার নেপথ্য কারণ জানতে পুলিশ ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ দল যৌথ তদন্ত শুরু করেছে।
হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা হেলেন হেইনস ছিলেন সাধারণ মানুষের খুব কাছের একজন মানুষ। তিনি কেবল রাজনীতিকই নন, একজন সাবেক নার্স, গবেষক ও তিন সন্তানের মা। গরুর খামারে বেড়ে ওঠা এই লড়াকু নারী ২০১৯ সাল থেকে নিজের যোগ্যতা ও ভালোবাসায় পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একজন সেবিকা ও নেত্রীর প্রতি এমন নির্মমতায় থমকে গেছে পুরো অস্ট্রেলিয়া। দেশজুড়ে এখন শুধুই তার প্রাণ ফিরে পাওয়ার আকুল প্রার্থনা।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ