মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩৯ পি.এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) রেলের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগে অভিযান শুরু করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
সকাল থেকে দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম খিলগাঁও লোকো শেডসহ রেলের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। লোকো শেডের স্টোরের জন্য বিভিন্ন ধরনের ইঞ্জিনের পার্টস, তেলসহ অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের পাশাপাশি অতিরিক্ত মালামাল বাহিরে বিক্রি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের তথ্য দুদকের কাছে রয়েছে। এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য রেলভবন ও কমলাপুর স্টেশনেও অভিযান চালায় দুদকের টিমটি।
সরকারি বিভিন্ন সেবা খাতে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী বা কমলাপুর লোকো শেডের কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে আলাদা চারটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানায় দুদক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্বীপজেলা ভোলায় বিদ্যুৎ উৎপাদন এবং প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ থাকা সত্ত্বেও গত ৩০ বছরে কাঙ্ক্ষিত গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ব্যবহারের অভাবে বিপুল পরিমাণ গ্যাস নষ্ট হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা শিল্পায়ন ও কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন।
এমন পরিস্থিতিতে, ভোলায় পরিকল্পিত শিল্পপার্ক, সারকারখানা এবং ৫০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ঘোষণায় নতুন আশার সঞ্চার হয়েছে। তবে, ভোলাবাসী এখন আর কেবল আশ্বাস নয়, তারা দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চান।
প্রাপ্ত তথ্যানুসারে, ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এই গ্যাসক্ষেত্রে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মওজুদ রয়েছে। ২০০৯ সালে বাণিজ্যিক উত্তোলন শুরু হয় এবং পরবর্তীতে ২০১৮ সালে 'ভোলা নর্থ' এবং ২০২৩ সালে 'ইলিশা-১' গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। কিন্তু তিন দশক পার হলেও এসব গ্যাসসম্পদের পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময়ে সারকারখানা, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল এবং এলএনজি প্ল্যান্ট গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত সেগুলি বাস্তবায়িত হয়নি। উদ্যোক্তারা বিভিন্ন সময়ে আগ্রহ দেখালেও প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে সেগুলি ভেস্তে গেছে।
हालांकि, সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলায় শিল্পপার্ক স্থাপনের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে পাইপলাইনের মাধ্যমে নিতে প্রায় সাত বছর সময় লাগতে পারে। তাই স্থানীয়ভাবে এই সম্পদ ব্যবহার করে সারকারখানা ও ৫০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশা জাগিয়েছে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন মন্তব্য করেন, গত ৩৪ বছরে রাজনৈতিক সদিচ্ছার অভাবে ভোলাবাসী গ্যাসভিত্তিক শিল্পকারখানা থেকে বঞ্চিত হয়েছে। অতীতে চাদাবাজিসহ নানা নেতিবাচক কারণে উদ্যোক্তারা ফিরে গেছেন। বর্তমান সরকারের কাছে তাদের দাবি হলো, জাতীয় গ্রিডে গ্যাস নেওয়ার পাশাপাশি ভোলাতেই অগ্রাধিকার ভিত্তিতে ভারী শিল্পকারখানা স্থাপন করা হোক।
ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর উল্লেখ করেন, ভোলার গ্যাস বরিশালে নিতে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয় হবে। এই বিপুল অর্থ অপচয় না করে ভোলাতেই সারকারখানা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও ইপিজেড তৈরি করা হলে স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতির উন্নতি হবে।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, উন্নয়নের বিভিন্ন সূচকে দ্বীপজেলা ভোলা এখনো অনেক পিছিয়ে। এই প্রাকৃতিক সম্পদের সঠিক সুষম ব্যবহারে কার্যকর পদক্ষেপ নিলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, গ্যাসভিত্তিক সার্বিক উন্নয়ন ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। জেলায় ছোট ও ভারী-দুই ধরনের শিল্প স্থাপনের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে জেলা প্রশাসন সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।
বিপুল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ভোলাকে একটি আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার পক্ষে এখন একাট্টা জেলাবাসী। দীর্ঘ প্রতিশ্রুতির ইতি টেনে তারা বাস্তবায়নমুখী সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে চান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ বারবার তাদের রাজনৈতিক চরিত্রের পরিচয় তুলে ধরছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘যারা আজ অগ্নিসংযোগ করছে, এটা নতুন কিছু নয়। তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তারা গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, গেজেট অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমন তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। তিনি মনে করেন, এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে দুই-চারজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও এর সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।’
বিজেসির উত্থাপিত দাবিদাওয়া প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে টিকিয়ে রাখা যায় এবং সেগুলোকে আরও আধুনিক করা যায়, সে বিষয়েও বিভিন্ন ধারণা তুলে ধরেছেন তারা। ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিজেসি লিখিতভাবে তাদের দাবিদাওয়া সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই। মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সংগঠনটির সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষিতে ঢাকার মিরপুর থানা এলাকায় মো. সিফাত হোসেন (২৬) নামে এক যুবকের হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে পারেনি।
এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন করে প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এলাকায় এম.এস. পাওয়ারের সামনে হাজারো ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন।
সেই আন্দোলনের সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল ও সালাহউদ্দিন মাহমুদ (এসএম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও অনেকে।
গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান।
তবে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ায় অসন্তুষ্ট হন সিফাতের বাবা কামাল হাওলাদার।
গত ১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতারা দ্রুত সময়ে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। পাশাপাশি, সিনেট কার্যকরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, “১৯৯০ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার ২০২৬ সালে আবার ক্ষমতায় আসার পর ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮তম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “ঢাবি, জাবি, চবিতে সিনেট কার্যকর হয়েছে, একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সিনেট কার্যকর হয়নি। অনতিবিলম্বে সিনেট অধিবেশন ডাকতে হবে। সিনেট কার্যকর করতে হবে এবং ১৮ তম রাকসুর তফসিল দিতে হবে। যদি এক্ষেত্রে কোন গড়িমসি করা হয়, যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই রাকসু নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বে। আজকে তাদের রাসু নির্বাচন নিয়ে এত ভয় কেন? নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন যে রাকসু থাকলে প্রশাসন নিজেদের মত করে নয় ছয় করে বাজেট করতে পারে না।”
তিনি আরও বলেন, “১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাকসুর তহবিলে যে শিক্ষার্থীদের জমাকৃত টাকা, সর্বশেষ তারা ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হিসাব দিতে পেরেছে। সেই ৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তারা টাকার হিসাব দিতে পারেনি। এই শিক্ষার্থীদের কষ্টার্জিত কয়েক কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ের সেই তৎকালীন দায়িত্বশীল শিক্ষকবৃন্দ মেরে খেয়েছেন।”
তিনি বলেন, “নতুন করে আবারও শিক্ষার্থীদের টাকা মেরে খাওয়ার ধান্দা করতেছেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে রাকসু নিয়ে কোন সদিচ্ছা দেখাচ্ছেন না। আর ওই বিএনপি সরকারের পেটুয়া বাহিনী ছাত্রদল ক্যাম্পাসে যেন চাদাবাজি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, ক্যান্টিন ডাইনিং এ যেন ফ্রি খাইতে পারে, আর ক্যাম্পাসে যেন শোডাউন নির্ভর রাজনীতি কায়েম করে, গেস্টরুম গণরুম কালচার কায়েম করে আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশকে বিনষ্ট করতে পারে, সেই ব্যবস্থার জন্যই আপনারা নির্বাচন চাচ্ছেন না।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আহমদ আহসানুল্লাহ ফারহান, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন হল, অনুষদ শাখার নেতাকর্মীবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ