০৮:৫৮ পি.এম
দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণই শেষ কথা নয়, বরং প্রশিক্ষণকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই আয়ের সুযোগে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি উল্লেখ করেন, অর্জিত দক্ষতা দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করা কেবল শুরু, এরপর প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি ও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা এস এম জাকারিয়া ও স্ত্রী বরখাস্ত
হুমায়ুন কবির আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা ও বেসরকারি খাতের মধ্যে আরো শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজস্ব ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী। তিনি জানান, কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রকল্পে ঢাকা, যশোর ও নীলফামারীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ হাজার ৩৯১ জন ভর্তি হন। তাঁদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন প্রশিক্ষণ সম্পন্ন করেন।
টেইলারিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, অটোমেকানিকস, ড্রাইভিং, মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিংসহ নয়টি বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি উপবৃত্তি, ক্যারিয়ার কাউন্সেলিং, নমনীয় শিক্ষা সহায়তা এবং স্বকর্মসংস্থানের জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর চ্যারিটি ওয়ার্কসের প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট স্পেশালিস্ট মনজুর মুরশিদ বলেন, পাঁচ বছর মেয়াদি প্রকল্প হলেও করোনার কারণে এক বছর কাজ করা সম্ভব হয়নি। তারপরও সফলভাবে প্রকল্পটি শেষ হয়েছে।
আরও পড়ুন: রামপালে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
তিনি বলেন, হাতে-কলমে শিক্ষা দেওয়াই এ প্রকল্পের লক্ষ্য। বাংলাদেশ ছোট দেশ হলেও জনসংখ্যা অনেক। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলেই বাংলাদেশের জনসংখ্যা বড় সম্পদে পরিণত হবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতি ও কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও বিভিন্ন দেশের ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় ভাষা যুক্ত করা গেলে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ আরো বাড়বে। শ্রমবাজারের উপযোগী দক্ষতা অর্জনে নিজেদের প্রস্তুত করতে হবে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
প্রশিক্ষণের সফলতা শুধু কতজন প্রশিক্ষণ নিয়েছেন, তা দিয়ে বিবেচনা করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণার্থীরা কতটা শিখতে পেরেছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব হাসান এবং সংস্থাটির ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা গ্র্যাজুয়েটরা তাঁদের জীবন পরিবর্তনে প্রশিক্ষণের ভূমিকা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন