০৯:১৯ পি.এম
পেছনের ডান পায়ে রয়েছে একটি গভীর ক্ষত। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং চামড়া উঠে গেছে। যন্ত্রণার কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। সে ধীরগতিতে এক পা এক পা করে অগ্রসর হচ্ছে। তবে অসুস্থতার এই কঠিন সময়ে তাকে একা হতে দিচ্ছে আরেকটি হাতি। কখনো পাশে পাশে হাঁটছে, কখনো চলার পথে সঙ্গ দিচ্ছে। যেন বিপদের মুহূর্তে সঙ্গীকে আগলে রাখার দায়িত্ব তার উপর রয়েছে।
এভাবে গত তিন দিন ধরে আহত হাতিটির সঙ্গে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে অন্য একটি হাতি। বন্যপ্রাণীর এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে আবেগ ও বিস্ময় সৃষ্টি করেছে। তবে আহত হাতিটির শারীরিক অবস্থার কারণে উদ্বেগ বাড়ছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে বড় ধরনের বিপদ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে দেখা যাচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আহত হাতিটিকে তার সঙ্গীসহ লোকালয়ে ঘুরতে দেখা যায়।
আরও পড়ুন: মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থানের চামড়া উঠে গিয়ে সাদা হয়ে গেছে এবং সেখান থেকে পুঁজ বের হচ্ছে। আঘাতের কারণে পায়ে ভর দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে এবং চলার সময় বারবার থেমে যেতে হচ্ছে তাকে।
হাতিটি কিভাবে আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের কারো গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা মো. জুবায়ের বলেন, ‘আহত হাতিটির সঙ্গে থাকা অন্য হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। আহত হাতিটি যখন কষ্ট করে সামনে এগিয়ে যায়, তখন সুস্থ হাতিটিও তার পাশে পাশে হাঁটে। কখনো মনে হয়, তাকে সহযোগিতা করছে। এমন দৃশ্য দেখে আমাদের খুব মায়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘হাতিটির ক্ষত অনেক গভীর। সেখান থেকে পুঁজ বের হচ্ছে। দ্রুত চিকিৎসা না পেলে সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে। এতে হাতিটির জীবনও বিপন্ন হতে পারে। আমরা চাই, বন বিভাগ দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক এনে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করুক।’
আরও পড়ুন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযানে উচ্ছেদ হলো শতাধিক অবৈধ কাঠের চৌকি
এ বিষয়ে টেকনাফের বাহারছড়ার শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সকালে চিকিৎসক দল এসে হাতিটির চিকিৎসা দেবে।’
তিনি আরো বলেন, ‘আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন, সে জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিন দিন ধরে অন্য হাতিটি তার অসুস্থ সঙ্গীকে ছেড়ে যায়নি। সব সময় তার সঙ্গে থাকছে। দেখে মনে হচ্ছে, যেন তাকে আগলে রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন