শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৮ এম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপকরণ বিতরণ করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
অনুষ্ঠানে উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার থেকে নির্বাচিত ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৩৯ জন নারী উপকারভোগীর মাঝে সেলাই মেশিন এবং ১২টি পরিবারের মধ্যে নতুন বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য সরোয়ার আলমগীর তার বক্তব্যে বলেন, "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" তিনি আরও উল্লেখ করেন যে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণের বিতরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে উপকারভোগীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আয়েও অবদান রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. আবু সালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বরাদ্দকৃত সামগ্রী ও ঘরের চাবি তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ