ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা


গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। লেনদেনের জন্য টাকা পাঠানো ও গ্রহণ— উভয় প্রকার কার্যক্রমই বন্ধ রয়েছে। ফলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বা তুলতে না পেরে বৃহস্পতিবার দিনভর এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে হয়েছে অধিকাংশ গ্রাহককে। এই কারণে অনেক দোকানও বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে এনবিআর ৯৭টি হিসাব বন্ধ করেছে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে। তবে, এই ৯৭টি হিসাবের বাইরেও অনেক হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে জেলাটিতে মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল, তাদের বিপত্তিতে পড়েছেন।

আরও পড়ুন: নারী শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান মোহাম্মদ আক্তারুজ্জামানের

গত বুধবার রাত থেকে মেসেজের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার সারাদিন এই ধারা অব্যাহত ছিল। অনেকের অ্যাকাউন্টে হাজার থেকে লাখ টাকা আটকে গেছে। সাধারণ গ্রাহকরা মন্তব্য করেছেন, মোবাইল ব্যাংকিং এখন দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পাশাপাশি জরুরি লেনদেন চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, "এমএফএস বিধিমালা অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।"

অন্যদিকে নগদের মুখপাত্র জাহিদুল ইসলাম সজল বলেন, "কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে– এমন তথ্য আমাদের কাছে নেই। নগদ কোনো এলাকার সেবা বন্ধ করেনি।" নগদের প্রযুক্তিতে এলাকা সুনির্দিষ্ট করে সেবা বন্ধ করার সুযোগ নেই। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, "কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন হলে বিএফআইইউর নির্দেশনায় হিসাব বন্ধ হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়।" হিসাব খোলার সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নেওয়া হলেও গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছেন কিংবা কোন এলাকায় তাঁর মোবাইল নম্বর ব্যবহার হচ্ছে, তা এমএফএস প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় সহিংসতায় দুই মামলায় ১৩ হাজার ৩৪ আসামি

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এমন দাবি করলেও গোপালগঞ্জের অনেক গ্রাহক গত বুধবার রাত থেকে মোবাইল ব্যাংকিং সাময়িক বন্ধের মেসেজ পেয়েছেন। সেখানে লেখা হয়েছে, "স্যার/ম্যাডাম এমএফএস বিধিমালা আনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।"

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে বিকাশের প্রায় এক হাজার ৪০০ এজেন্ট রয়েছে। নগদের আছে এক হাজার ৭৫০ এজেন্ট। উপায় বা রকেটের গ্রাহক এ জেলায় খুবই নগণ্য। এসব এজেন্টের মাধ্যমে জেলার পাঁচ উপজেলায় প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে অন্তত ২০ কোটি টাকা লেনদেন হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের মুন্সি মার্কেটের তৃতীয় তলায় গিয়ে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস খোলা পাওয়া গেছে। সেখানে ক্যাশ কাউন্টারে লেনদেন করতে দেখা যায়। ওই ডিস্ট্রিবিউশন হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, "গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সরকারের পক্ষ থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। এজন্য ডিলার, এজেন্ট বা কোম্পানিকে দায়ী করা যায় না। এটি স্থায়ীভাবে বন্ধ হয়নি।" এতে অনেকের টাকা আটকে গেছে। লেনদেনে সমস্যা হচ্ছে। ব্যবসার ক্ষতি হচ্ছে। একদিন ব্যবসা বন্ধ থাকলে অনেক ক্ষতি হয়। তাঁর ধারণা, আন্দোলন ঘিরে মোবাইল ব্যাংকিং বন্ধ থাকতে পারে। আন্দোলন ছোট হলে দ্রুত খুলতে পারে মোবাইল ব্যাংকিং। আর বড় হলে একটু দেরি হতে পারে।

বিকাশের আঞ্চলিক ব্যবস্থাপক মারুফ হাসান সজিব জানান, "কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ হয়নি। গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা অনেক অ্যাকাউন্টে লেনদেনবিষয়ক সমস্যা দেখা দিয়েছে। ঘন ঘন বড় লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে এমনটি হতে পারে।" বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে বৃহস্পতিবার এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি।

আরও পড়ুন: আদালতের নির্দেশনায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রকেটের আঞ্চলিক ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, "অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। তবে গ্রাহকদের কাছ থেকে অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ পেয়েছি।"

বিকেলে শহরের বড় বাজারের আলিয়া মাদ্রাসা মোড়, নতুন বাজার, ফলপট্টি, মাছ বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্টদের কাছে গিয়ে গ্রাহক ভোগান্তি চোখে পড়েছে। বিশেষ করে পরিবারের খরচ, জরুরি সেবা, পানি, বিদ্যুৎ বিল, চিকিৎসা ও কৃষিকাজের প্রয়োজনীয় অর্থ পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর বিশ্বাস বলেন, "মাসের শেষ। এখন হাতে টাকা নেই। ডিসেম্বর মাসে বেতন পাব। অ্যাকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা ছিল। গতকাল সকালে ঘুম থেকে ওঠার আগেই অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে। তাই ধারদেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি। আমাদের মতো সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন চালু রাখার দাবি জানাচ্ছি।"

শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী সালাহউদ্দিন মোল্যা বলেন, "গতকাল বেলা ১১টা ৫৫ মিনিটে মেসেজ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এখন লেনদেন করতে পারছি না। শুক্র, শনি সাপ্তাহিক ছুটি। পরের দুদিন লকডাউন। কবে লেনদেন করতে পারব সেটারও ঠিক নেই।"

আরও পড়ুন: ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে: প্রয়োজনীয় তথ্য ও আবেদন পদ্ধতি

তামান্না পারভীন নামে এক নারী বলেন, "ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। বিকাশ সেবা বন্ধ থাকায় ছেলেকে টাকা পাঠাতে পারছি না।"

বিকাশ এজেন্ট তিন্নি স্টোরের স্বত্বাধিকারী তাজুল ইসলাম মোল্লা বলেন, "প্রতিদিন আমার এখানে অন্তত ১৫০ জন টাকা লেনদেন করেন। এর মধ্যে সিংহভাগ গ্রাহক বিকাশের। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ১০০ জন গ্রাহক এসেছেন। এর মধ্যে মাত্র ১০ জন লেনদেন করতে পেরেছেন। এ ১০ জনই আবার অন্য জেলার বাসিন্দা।"

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, "মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করা ঠিক হয়নি। এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছে। সন্দেহজনক লেনদেনকারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ করলে সমস্যা নেই। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মোবাইল অ্যাকাউন্ট বন্ধ করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।"

এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সমকাল। মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

আরও পড়ুন: শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেমায়েতপুরে পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ এম


হেমায়েতপুরে পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় অবস্থিত এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে, যেখানে চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় চার পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে, কারখানার অ্যাডমিন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. নুরুল আমিন সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা সংঘবদ্ধভাবে কারখানায় অনধিকার প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় কর্মকর্তাদের মারধর, ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ করা হয়েছে। এজাহারে ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল লুটের কথা উল্লেখ রয়েছে। সব মিলিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় ৯২ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত শ্রমিকেরা কারখানাটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কর্মীদের মারধরের ঘটনায় কারখানার নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গতকাল দুপুরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, হামলার পেছনের কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং চলমান শ্রমিক আন্দোলনের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিটি খাতের অনিয়মে জড়িতদের কালো তালিকাভুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ এম


আইসিটি খাতের অনিয়মে জড়িতদের কালো তালিকাভুক্তির দাবি

‘ডিজিটাল বাংলাদেশ’ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে অনিয়ম ও অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করার দাবি করেছে বেসিস সংস্কার পরিষদ। একইসাথে, পূর্ববর্তী সরকারের সময়ে সরকারি প্রকল্পের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যাচাই করার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তাদের উদ্বেগ, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় আইসিটি অবকাঠামো, ডেটাবেজ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে।

জাতীয় আইসিটি অবকাঠামো এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার জন্য ১০ দফা সুপারিশে এসব দাবি উত্থাপন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এসব সুপারিশ উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, লাইসেন্স প্রদান, সরকারি প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ এবং ব্যান্ডউইথ কেনাকাটাসহ আইসিটি খাতের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরেও পূর্ববর্তী সরকারের আমলে কাজ পাওয়া কিছু প্রতিষ্ঠান সরকারি প্রকল্পের কাজ পাচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ১৪ দল এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করার দাবি জানানো হয়েছে পরিষদের পক্ষ থেকে।

২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল রূপান্তরের প্রস্তাব করেছে বেসিস সংস্কার পরিষদ। এই উদ্দেশ্যে জাতীয় ডিজিটাল রূপান্তর রোডম্যাপ তৈরি করে নির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পরিষদের মতে, এ উদ্যোগের মাধ্যমে আইসিটি খাতে অন্তত ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে প্রায় চার কোটি তরুণের মধ্যে সরকারি হিসাবে ২১ লাখ বেকার রয়েছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ স্নাতক বের হচ্ছেন। এই বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আইসিটি খাতকে কাজে লাগানো অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস এবং নাশকতার ঘটনাও তুলে ধরা হয়। বক্তাদের অভিযোগ, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা। পাশাপাশি আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু ও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এসব ঘটনার পেছনে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করে পরিষদ।

পরিষদের ১০ দফা সুপারিশে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা এবং নাশকতার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি শিল্পাঞ্চল এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

সরকারি প্রকল্পে উন্মুক্ত প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা, সাইবার নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করার প্রস্তাব রয়েছে সুপারিশে। এছাড়া, আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ, বেসিসের গঠনতন্ত্র সংস্কার এবং সদস্য ও ভোটার তালিকা পরিশুদ্ধ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, আহ্বায়ক রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের এবং সদস্যসচিব নাদিম হৃদয় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে অটোচালক হত্যাকাণ্ড, সেনা সদস্য শাহিন শেখকে পুলিশের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ এম


রংপুরে অটোচালক হত্যাকাণ্ড, সেনা সদস্য শাহিন শেখকে পুলিশের কাছে হস্তান্তর

রংপুরে তিন দিন নিখোঁজ থাকার পর পুলিশ সেনা সদস্যের ভাড়া বাসার স্টোররুম থেকে অটোচালক আরিফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ উঠেছে, টাকা নেওয়া ও ব্ল্যাকমেইল নিয়ে বিরোধের কারণে সেনা সদস্য শাহিন শেখ তাকে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ রাসেল নামে একজনকে গ্রেপ্তার করেছে। পরে সেনা সদস্য শাহিন শেখকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অটোচালক আরিফুল ইসলাম আরিফ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তাকে খুঁজতে গিয়ে বুধবার রাতে নগরীর ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় সেনা সদস্য শাহিন শেখের ভাড়া বাসায় তার অবস্থানের তথ্য পায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দুর্গন্ধ পাওয়া যায়। একপর্যায়ে বাসার স্টোররুম থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

সেনা সদস্য শাহিন শেখ জানান, “আমি অটোচালক আরিফকে হত্যা করতে চাই নাই। সে আমার কাছে টাকা ও ব্ল্যাকমেইল করত বিভিন্ন সময়। সেজন্য তাকে হত্যা করেছি।”

এ ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সেনা সদস্য শাহিন শেখের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার রাতে সেনা কর্তৃপক্ষ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, গত সোমবার নিহত আরিফুলের বাবা লিঠান মিয়া ছেলের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান মোহাম্মদ আক্তারুজ্জামানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ এম


নারী শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান মোহাম্মদ আক্তারুজ্জামানের

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, নারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং কল্যাণে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, ‘গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের নারী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশ ও জাতির ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। তোমরা দেশসেরা হওয়ার স্বপ্ন দেখো এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো।’

এ সময় কলেজ জাতীয়করণ ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘গফরগাঁওয়ে নারী শিক্ষাপ্রতিষ্ঠান গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের চেষ্টা করব। এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমি নজর রাখব।’

গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে এবং প্রভাষক সাব্বির কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কলেজ গভর্নিং বডির সভাপতি শামীমা সুলতানা এবং মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাছিনুন নাহার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%