ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্বারা দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ৭২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার বাংলা মদ, একটি ইজিবাইক এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৫ জুন রাত সাড়ে ৯টার দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট থেকে প্রায় ৫০ গজ উত্তরে একটি সেতুর পাশে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুই হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে প্রাণ হারালেন ৫ জন, একই পরিবারের ৪ জন

আটক করা হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. আসমত (২০) এবং টেকনাফের নয়াপাড়া এফডিএমএন ক্যাম্প-২৬-এর বাসিন্দা আজিজুর রহমান (২০)।

একই দিন ভোর ৬টা ৪০ মিনিটে গর্জনবুনিয়া বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে জলিয়ার গুতা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে।

এর কিছুক্ষণ পর সকাল ৭টার দিকে রেজুপাড়া বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন হেডম্যানপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, আটক দুই আসামিকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মালিকবিহীন উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেছেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালি পেটে অলিভ অয়েল খাওয়া কতটুকু উপকারী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


খালি পেটে অলিভ অয়েল খাওয়া কতটুকু উপকারী?

খালি পেটে এক চামচ অলিভ অয়েল খাওয়া একটি হেলথ ট্রেন্ড যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটিকে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে প্রচার করা হয়। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিঃসন্দেহে স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, কিন্তু অনেকের মনেই প্রশ্ন যে সকালের এই বিশেষ অভ্যাসটি আসলেই হজমশক্তির উন্নতি ঘটায় কি না। চলুন জেনে নেওয়া যাক-

খালি পেটে অলিভ অয়েল খেলে কি হজমে সাহায্য হতে পারে?

অনেকের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত আছে যে খালি পেটে অলিভ অয়েল খেলে হজমশক্তি উন্নত হয়। অলিভ অয়েল হজমশক্তির উন্নতি করতে পারে, কিন্তু এটি কোনো অলৌকিক সমাধান নয় এবং এটি সবার জন্য সমান উপকারীও নয়। অলিভ অয়েল, বিশেষ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে উপকারী ফ্যাটি অ্যাসিড এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা পরিপাকতন্ত্রের সঠিক কার্যকারিতা বাড়াতে পারে। এটি অল্প পরিমাণে, ১ চা চামচ-১ টেবিল চামচ গ্রহণ করলে এনজাইম এবং পিত্তরস তৈরি হয়, যা চর্বি বিপাকের প্রক্রিয়াকে সহজতর করে।

খালি পেটে অলিভ অয়েল কাদের এড়িয়ে চলা উচিত?

খাবারের সঙ্গে অলিভ অয়েল খাওয়ার তুলনায় খালি পেটে এটি খেলে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যায়- এই দাবির সমর্থনে তেমন কোনো বৈজ্ঞানিক তথ্য নেই। কেউ কেউ, বিশেষ করে যাদের পাকস্থলী সংবেদনশীল, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা, পিত্তথলির সমস্যা বা অন্যান্য হজমের সমস্যা রয়েছে, তারা খালি পেটে তেল খেলে এক ধরনের অস্বস্তি অনুভব করতে পারেন।

হজমশক্তি উন্নত করার অন্যান্য উপায়

আপনি যদি অলিভ অয়েল পছন্দ করেন তবে সালাদ, শাক-সবজি এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবারে এটি ব্যবহার করতে পারে। খাবারের ক্ষেত্রে মূল কৌশলটি হলো ভারসাম্য এবং এটিকে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ব্যবহার করা। শুধুমাত্র অলিভ অয়েলের ওপর মনোযোগ না দিয়ে, স্বাস্থ্যকর হজমের জন্য সাধারণভাবে নিজের খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখলে তা অনেক বেশি উপকারী হবে। সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ফল ও শাক-সবজির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ফাইবার গ্রহণ করুন। সঠিক সময়ে খাবার গ্রহণ করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য প্রকাশ করেছেন।

মন্ত্রী বলেন, কোনো যাচাই-বাছাই ছাড়াই বর্ডারে কাউকে এনে পুশ-ইন করিয়ে দেওয়া এটি কোনো যথাযথ বা আন্তর্জাতিক প্রক্রিয়া নয়। তিনি আরও বলেন, যদি ভারতের কাছে এমন কোনো বাংলাদেশি নাগরিকের তালিকা থাকে, যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছে, তবে তারা কূটনৈতিক বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সরবরাহ করতে পারে। বাংলাদেশ সরকার নিয়মতান্ত্রিকভাবে তাদের জাতীয়তা যাচাই (ন্যাশনালিটি ভেরিফিকেশন) করবে এবং সত্যতা সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় তাদের ফেরত নিয়ে আসবে।

তিনি আরো উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের প্রতিটি সীমান্তে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পারে, মন্ত্রী এমন মন্তব্য করেন।

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সর্বশেষ আপডেট জানিয়ে মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তদের মধ্যে তিনজনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। ভারতীয় আইন অনুযায়ী সেখানে মামলা দায়েরের পর আসামিদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সরকার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অসম্পন্ন তদন্ত কাজ সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুই দেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র, আইনি পরোয়ানা (ওয়ারেন্ট) সহকারে আসামিদের ফেরত পাওয়ার আবেদন ইতোমধ্যে পাঠিয়েছে। বাংলাদেশ পক্ষ আসামিদের দ্রুত হস্তান্তরের বিষয়ে আশাবাদী।

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের অবস্থান ও তাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতারের পর আবুধাবি থেকে বাংলাদেশ সরকারকে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়। ওই বার্তায় পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ করা হয়। বাংলাদেশ সরকার অত্যন্ত দ্রুততার সাথে মাত্র তিন দিনের মধ্যে সমস্ত আইনি ও প্রাতিষ্ঠানিক নথিপত্র প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের নিকট পাঠিয়েছে। কয়েকদিন আগে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই নথিপত্র ইউএই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

বর্তমানে বেনজীর আহমেদ সে দেশের ফেডারেল পুলিশের হেফাজতে রয়েছেন, এটি উল্লেখ করে মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত প্রত্যুত্তরের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

 শুক্রবার (২৬ জুন) বিকেলে ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

 ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (সিভিটিএস) বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকায়। তিনি মো. আবদুর রশিদের মেয়ে।

 পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন এবং তিনি আজিজ সুপার মার্কেটের ১৪তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একা থাকতেন। তবে, ঠিক কবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

 বিকেল পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 শাহবাগ থানা-পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লজ্জার রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


লজ্জার রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

তিউনিসিয়া বিশ্বকাপে হতাশাজনক এক অভিযান শেষ করল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরে যাওয়ার পাশাপাশি তারা নিজেদের নাম লিখিয়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায়।

উত্তর আফ্রিকার এই দলটি দুর্বল রক্ষণভাগের কারণে পুরো টুর্নামেন্টজুড়ে ভুগেছে। তিন ম্যাচে তারা মোট ১২ গোল হজম করেছে। এর মাধ্যমে তারা এক আসরের গ্রুপ পর্বে সর্বাধিক গোল হজমের রেকর্ডে ভাগ বসিয়েছে।

এর আগে ২০০২ বিশ্বকাপে সৌদি আরব এবং ২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়া গ্রুপ পর্বে ১২টি করে গোল হজম করেছিল। এবার সেই বিব্রতকর তালিকায় যুক্ত হলো তিউনিসিয়ার নাম।

বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরেই তিউনিসিয়া ফুটবল ফেডারেশন প্রধান কোচকে বরখাস্ত করে। নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর আশা জাগালেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। পরের দুই ম্যাচেও তারা হারের বৃত্ত থেকে বের হতে পারেনি।

শুধু তিউনিসিয়াই নয়, স্বাগতিক কাতারও রক্ষণভাগের দুর্বলতায় ভুগেছে। গ্রুপ পর্বে তারা ১০ গোল হজম করে, এবং সবচেয়ে বেশি গোল খাওয়া দলের তালিকায় জায়গা করে নিয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে শক্তিশালী রক্ষণভাগই সফলতার অন্যতম ভিত্তি। সেখানে মাত্র তিন ম্যাচে ১২ গোল হজম করা দলের কৌশলগত ও রক্ষণাত্মক দুর্বলতার স্পষ্ট প্রমাণ। তিউনিসিয়ার এবারের বিশ্বকাপ অভিযান তাই শুধু হতাশার নয়, বরং রেকর্ড বইয়ে একটি বিব্রতকর অধ্যায় হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%