০৩:৪০ পি.এম
চীন আন্তর্জাতিক বাজারের জন্য ভিটি-৪ সিরিজের প্রধান যুদ্ধট্যাংকে উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নয়ন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবিতে ট্যাংকটির উন্নত সংস্করণ, সম্ভাব্য নাম ভিটি-৪বি দেখা যাচ্ছে। এই সংস্করণে উন্নত বর্ম, সক্রিয় সুরক্ষাব্যবস্থা, আধুনিক সেন্সর এবং ড্রোন মোকাবিলায় বাড়তি অগ্নিশক্তি সংযোজন করা হয়েছে।
ঝুহাই বিমানবন্দরে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ট্যাংকটি পৌঁছানোর ছবি প্রকাশিত হয়েছে। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর দেশটির প্রধান প্রতিরক্ষা ও বিমান প্রদর্শনী ‘এয়ারশো চায়না’তে অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে এটি প্রদর্শন করা হতে পারে। দ্বিবার্ষিক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক নাম ১৬তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন।
নতুন সংস্করণটি আগের ভিটি-৪এ মডেলের তুলনায় বেশ কিছু ক্ষেত্রে উন্নত হয়েছে। এতে চীনের পরবর্তী প্রজন্মের সাঁজোয়া যান, বিশেষ করে চতুর্থ প্রজন্মের টাইপ-১০০ ট্যাংক পরিবার এবং উন্নত টাইপ-৯৯বি ট্যাংকে ব্যবহৃত প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। তবে সামগ্রিক নকশা ও কাঠামোর দিক থেকে ভিটি-৪বি এখনো তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধট্যাংকের বৈশিষ্ট্য ধরে রেখেছে।
আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে
বর্ম ও অস্ত্রব্যবস্থায় বড় পরিবর্তন
নতুন ট্যাংকটির অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন এর বর্মে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার থেকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্যাংকটির সামনের অংশ ও দুই পাশে আগের তুলনায় মোটা বিস্ফোরক প্রতিক্রিয়াশীল বর্ম (ইআরএ) যুক্ত করা হয়েছে। এই বর্ম সামনের নিচের অংশ এবং চলাচলের চাকার কিছু অংশ পর্যন্ত বিস্তৃত।
অস্ত্রব্যবস্থায়ও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রচলিত ১২ দশমিক ৭ মিলিমিটার মেশিনগানের পরিবর্তে ট্যাংকটির ছাদে বসানো হয়েছে দূরনিয়ন্ত্রিত ৩০ মিলিমিটার কামান। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে লয়টারিং মিউনিশন ও এফপিভি ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের অস্ত্র সংযোজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই কামান ড্রোনের পাশাপাশি পদাতিক সেনা এবং ট্যাংকবিধ্বংসী অস্ত্রধারী দলের বিরুদ্ধেও বাড়তি অগ্নিশক্তি সরবরাহ করতে পারে।
ভিটি-৪বিতে পূর্ণাঙ্গ সক্রিয় সুরক্ষাব্যবস্থা (অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম) যুক্ত করা হয়েছে বলেও ছবিতে ইঙ্গিত পাওয়া যায়। এটি সম্ভবত চীনের জিএল-৬ ব্যবস্থা। দেশটির সাম্প্রতিক প্রধান যুদ্ধট্যাংকগুলোতেও এ প্রযুক্তি দেখা গেছে।
আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা
এই ব্যবস্থায় ট্যাংকের টারেটের চারপাশে চারটি ফেজড-অ্যারে রাডার প্যানেল রয়েছে, যা চারদিক থেকে আসা হুমকি শনাক্ত করতে পারে। পাশাপাশি টারেটের পেছনের দিকে বসানো হয়েছে দুটি ইন্টারসেপ্টর লঞ্চার। এগুলোর কাজ হলো ট্যাংকের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র বা অন্য হুমকি মাঝপথে প্রতিহত করা।
ট্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ ও লক্ষ্য শনাক্ত করার সক্ষমতাও বাড়ানো হয়েছে। কমান্ডারের প্রচলিত দর্শনযন্ত্রের জায়গায় বসানো হয়েছে আলাদাভাবে স্থাপন করা বড় ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড (ইও/আইআর) সেন্সর। চীনের উন্নত ট্যাংকগুলোতে ব্যবহৃত একই ধরনের সেন্সরব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করা এবং ছবি বিশ্লেষণের প্রযুক্তি রয়েছে।
যোগাযোগব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। আগের অ্যান্টেনার বদলে মোটা ও দণ্ডাকৃতির অ্যান্টেনা বসানো হয়েছে। এগুলো উচ্চগতির তথ্য আদান-প্রদানে সহায়তা করতে পারে। ফলে ট্যাংকটির সঙ্গে অন্য সামরিক যান ও ইউনিটের যোগাযোগ এবং যুদ্ধক্ষেত্রে সমন্বয় বাড়ার সম্ভাবনা রয়েছে।
ছবিতে দূরনিয়ন্ত্রিত অস্ত্রব্যবস্থার এক পাশে ছোট একটি রেডিও-ফ্রিকোয়েন্সি অ্যারেও দেখা গেছে। তবে এর সুনির্দিষ্ট কাজ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এটি আলাদা অগ্নিনিয়ন্ত্রণ রাডার হতে পারে। আবার এটি উচ্চক্ষমতার ক্ষুদ্র মাইক্রোওয়েভ বিকিরণযন্ত্রও হতে পারে, যা ট্যাংকের দিকে আসা ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থা অকার্যকর করতে সক্ষম। সে ক্ষেত্রে প্রচলিত ইন্টারসেপ্টর ব্যবস্থার পাশাপাশি ড্রোন প্রতিরোধে আরেকটি প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত হবে।
আরও পড়ুন: ফিলিপাইন ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভিটি-৪ সিরিজ দেশটির সবচেয়ে সফল রপ্তানিমুখী প্রধান যুদ্ধট্যাংক পরিবার। পাকিস্তান, থাইল্যান্ড ও নাইজেরিয়ার সেনাবাহিনীতে এই সিরিজের ট্যাংক ব্যবহার করা হচ্ছে। নতুন সংস্করণটির উন্নয়ন ও প্রদর্শন আন্তর্জাতিক অস্ত্রবাজারে চীনের সাঁজোয়া যান রপ্তানির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ভিটি-৪বির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাব্য কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত মূল্যায়নের জন্য আনুষ্ঠানিক তথ্য এবং প্রদর্শনীর অপেক্ষা করতে হবে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন