১১:১১ পি.এম
সারাদেশের সকল ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে একটি অনন্য উদ্যোগের আওতায় আয়োজিত হতে যাচ্ছে 'সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬'। এটি দেশের তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবারের আয়োজক সংগঠন হিসেবে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
বুধবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠানটির বিস্তারিত তথ্য জানিয়ে দেন সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর সদস্য সচীব ও চবিসাসের যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী। আগ্রহী প্রতিনিধিরা নিবন্ধনের জন্য আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবেন। নিবন্ধন ফি জনপ্রতি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
‘With Truth, Courage, and Struggle’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০টি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তরুণ ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: আফতাবনগরে শিশুদের বইয়ের জগতে ফেরাতে আলোকায়নের ব্যতিক্রমী উদ্যোগ
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘Best National Campus Journalist Award’, সেমিনার, প্যানেল আলোচনা, স্টোরিটেলিং সেশন, নির্বাচিত সংবাদ প্রদর্শনী, ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।
‘Best National Campus Journalism Award’-এর আওতায় দুটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে ইনভেস্টিগেটিভ নিউজ বিভাগে গভীর অনুসন্ধান ও গবেষণাভিত্তিক প্রতিবেদন এবং ফিচার নিউজ বিভাগে সৃজনশীল, তথ্যবহুল ও মানবিক গল্পভিত্তিক প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়া হবে। সেমিনারে সাংবাদিকতার সমসাময়িক বিষয়, চ্যালেঞ্জ ও নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনায় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। স্টোরিটেলিং সেশনে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরা হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচিত সংবাদ প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
উৎসবটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং আটটি উপকমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় পরিচালনা পর্ষদে সমন্বয়ক হিসেবে রয়েছেন চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, আহ্বায়ক হিসেবে রয়েছেন চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন চবিসাসের যুগ্ম সম্পাদক মুনতাজ আলী।
অন্যদিকে, আটটি উপকমিটির দায়িত্বে রয়েছেন করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড স্পনসর টিমের আজিমুল ইসলাম, লজিস্টিকস অ্যান্ড ভেন্যু ম্যানেজমেন্ট টিমের রেদ্ওয়ান আহমদ, ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন অ্যান্ড ডিসিপ্লিন টিমের আতিকুর রহমান, আইটি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন টিমের গোলাম রব্বি, ম্যাগাজিন অ্যান্ড পাবলিকেশন টিমের মহসিন, ডেলিগেট কো-অর্ডিনেশন টিমের জাহিদুল হক, ফুড অ্যান্ড হসপিটালিটি টিমের মো. ফুয়াদ মন্ডল এবং প্রেস, মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্ড টিমের দায়িত্বে আছেন মোঃ শামীম হোসাইন।
আরও পড়ুন: এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
উৎসবের আয়োজন প্রসঙ্গে সদস্যসচিব মুন্তাজ আলী মন্তব্য করেন, “জাতীয় ক্যাম্পাস সাংবাদিকতা উৎসব শুধুমাত্র একটি উৎসব নয়; এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত হওয়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং নিজেদের পেশাগত দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হোক। দেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে উৎসবটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী। আয়োজনটি সফল করতে সকল ক্যাম্পাস সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা অংশগ্রহণ কামনা করছি।”
আগ্রহী প্রতিনিধিরা নির্ধারিত নিবন্ধন ফরম (https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6) পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন