১০:৪১ পি.এম
খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : খুলনা জেলা শাখার মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতি ১০টি দাবি তুলে ধরে নিকাহ্ রেজিস্ট্রারদের অবসর বয়স ৬৭ থেকে ৭৫ বছর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করেছে।
আজ রোববার দুপুরে, সংগঠনের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বর্তমান সীমিত আয়ের মধ্যে জীবনযাপন করা এবং অফিসের ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই কারণে বিধিমালা অনুযায়ী অধিক্ষেত্র অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখার পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাক হলফনামা বন্ধ করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধার ফুলছড়িতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো অন্তর্ভুক্ত রয়েছে- সর্বশেষ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ ধারা অনুযায়ী কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখা, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন নির্দিষ্ট কোনো ভাতা না থাকায় অবসরের বয়স ৬৭ বছর থেকে ৭৫ বছর বৃদ্ধি করা, বাবার অবসরের পর তার পুত্রকে অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি নিয়োগ প্রদান, বিবাহের ক্ষেত্রে বরের বয়স ১৮ বছর এবং কনের বয়স ১৬ বছর নির্ধারণ করা, নিকাহ্ রেজিস্ট্রারদের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করা, নিকাহ্ রেজিস্ট্রারদের নিজ খরচে অফিস পরিচালনার জন্য অফিস সহকারী রাখার অনুমতি প্রদান, বিবাহের রেজিস্ট্রেশন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা (৫ লাখ টাকা পর্যন্ত) এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা, তালাক রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা করা, বিবাহের নকল বাবদ ফি ৫০ টাকার পরিবর্তে ৫শ’ টাকা করা, কমিশন ফি ১ হাজার টাকা করা, বাল্যবিবাহ বন্ধ করতে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন বন্ধ করা, বিবাহের ব্যাপারে নোটারি পাবলিকের হলফনামা সম্পূর্ণ বন্ধ করার জন্য পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে লিপিবদ্ধ নাম ও ঠিকানা মোতাবেক অনলাইনে বিবাহ ও তালাক নামা সংশোধনের বিধান করা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাইফুল হাসান, নির্বাহী সভাপতি এ, এইচ, এম, জিনাত আলী, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, কাজী জাকারিয়া আকন্দ, কাজী মুহাম্মদ আব্দুল গফুর, কাজী সাদিকুল ইসলাম, কাজী দ্বীন মুহাম্মদ, কাজী আব্দুল কাদির, কাজী কবির হোসেন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন