শাহানুর আলম, সুনামগঞ্জ প্রতিদিন:
০৩:২৩ পি.এম
সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় অনূর্ধ্ব-১৪ বছর বয়সীদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিশ্বম্ভরপুর থানা পুকুর প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমাদ উল্যাহ ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. আশিকুর রহমান আশিক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার, সুনামগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মদিনা আক্তার, স্থানীয় সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দক্ষ সাঁতারু তৈরি এবং পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা পালন করবে। পরে অতিথিদের উপস্থিতিতে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরির প্রশিক্ষণার্থীদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, প্রিভেন্টিভ মামলার আসামি, নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে সর্বমোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোট ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন ও শিহাব নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং শিহাব করিম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার সময় ধান মাড়াইকলটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিকুর রহমান হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম রতন হায়দার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক ও খন্দকার লিলি সরকার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ হক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ