মো. ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি:
০৩:৩২ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন ও শিহাব নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং শিহাব করিম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার সময় ধান মাড়াইকলটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিকুর রহমান হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম রতন হায়দার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক ও খন্দকার লিলি সরকার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ হক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-তারাটিয়া-সানন্দবাড়ি সড়কের হাতিভাঙ্গা ইউনিয়নের কাঁঠাল বিল এলাকায় নদীর ভাঙনরোধে নির্মিত প্যালাসাইডিং ও সিসি ব্লক ফাটল ধরার পর ধসে পড়েছে। কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই সড়কের সুরক্ষার জন্য নির্মিত এসব অবকাঠামো ধসে পড়ার ঘটনা ঘটে। ধসে পড়া অংশে ফের মেরামতের নামে জোড়াতালির কাজ শুরু হলেও স্থানীয়দের মধ্যে কাজের মান নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, দায়সারা মেরামতের কারণে নতুন করে ধসে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সিসি ব্লকে ফাটল ধরে ধসে পড়ে। ব্লকের চাপের কারণে প্যালাসাইডিং ভেঙে যায়। এছাড়া, সড়কের পাশের নদী থেকে মাটি তুলে প্যালাসাইডিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে নির্মিত ব্লকগুলো দুর্বল হয়ে ফাটল ধরে ধসে পড়ে। বর্তমানে পুনরায় মেরামতের নামে জোড়াতালির কাজ চললেও তা নিয়েও স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ-তারাটিয়া বাজার-সানন্দবাড়ি সড়কের সংস্কার কাজের দায়িত্ব পায় মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ। ২০২৪ সালের ১ আগস্ট কাজ শুরু হয়। ২০২৫ সালের ৩ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এ সড়কের কাঁঠাল বিল এলাকায় ৪৫৫ মিটার প্যালাসাইডিং নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় ৩২ লাখ ৩১ হাজার ৮৬৫ টাকা। এছাড়া ২ হাজার ৫২৫ বর্গমিটার সিসি ব্লক নির্মাণের জন্য বরাদ্দ ছিল ২৪ লাখ ৮৪ হাজার ১৬৬ টাকা। সব মিলিয়ে এ দুটি কাজের বরাদ্দ ৫৭ লাখ ১৬ হাজার ৩১ টাকা। কাজ শেষ হওয়ার কিছুদিন পরই প্যালাসাইডিং ও সিসি ব্লকে ফাটল ধরে ধসে পড়ে। পরে সেগুলো মেরামতের উদ্যোগ নেয়া হয়। বর্তমানে পুনরায় মেরামতের কাজ চলছে।
সরেজমিনে কাঁঠাল বিল এলাকায় গিয়ে দেখা যায়, ধসে পড়া প্যালাসাইডিং ও সিসি ব্লক মেরামতের কাজ চলছে। ধসে যাওয়া ব্লকগুলো তুলে নতুন করে বসানো হচ্ছে। কিন্তু ব্লক ধসে প্যালাসাইডিংয়ের মাঝখানে ভেঙে গেছে। সেখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। সেই প্রকল্পে ২০ থেকে ৩০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। আবার বিভিন্ন স্থানে ফাটল ধরা ও ক্ষতিগ্রস্ত অংশে সিমেন্টের প্রলেপ দিয়ে মেরামত করা হচ্ছে। কোথাও কোথাও ফাটল ও ভাঙা অংশ ঢেকে দেয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের প্যালাসাইডিং নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। একপর্যায়ে সেগুলো ধসে পড়ে। বর্তমানে আবার মেরামতের কাজ শুরু হয়েছে। তবে অভিযোগ উঠেছে যে, শুধুমাত্র দায়সারা মেরামত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, ‘নদী থেকে মাটি তুলে আবার সেখানেই ডাম্পিং করা হয়েছে। এরজন্য মাটি সড়ে গিয়ে ব্লক ধসে পড়েছে। বর্তমানে মেরামতের কাজ চললেও দায়সারা কাজ করা হচ্ছে। ভারি বৃষ্টি হলেই ব্লক ধসে যেতে পারে। আর প্যালাসাইডিংয়ের ভাঙা অংশে কোনো ধরনের মেরামত কাজ না করে সেখানে বালুর বস্তা ফেলে জোড়াতালির মেরামত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
একই এলাকার রাকিব হাসান বলেন, ‘এ কাজে পুরোপুরি দুর্নীতি হয়েছে। এখান থেকে মাটি তুলে এখানেই দেয়া হয়েছে। কাজে সিমেন্ট ব্যবহার করা হয়েছে কম। দেওয়ালটা (প্যালাসাইডিং) ১০ ইঞ্চির জায়গায় ৫ ইঞ্চি করা হয়েছে। দুর্নীতি করার কারণেই ব্লক ধসে পড়ছে।’
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের মালিক শ্যামল চন্দ্র সাহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ করলেও এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে পরে ফোন করে কথা বলবেন বলে ফোন রেখে দেন তিনি।
দেওয়ানগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড নদী থেকে মাটি উত্তোলন করেছিল। ধসে যাওয়া অংশে পুনরায় সংস্কার কাজ করা হচ্ছে। বর্তমানে কাজ প্রায় শেষের দিকে।’
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, ‘কাজ শেষ হওয়ার পরও এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে এর দায়ভার ঠিকাদার প্রতিষ্ঠানকে নিতে হবে। ধসে যাওয়া অংশে পুনরায় সংস্কার কাজ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রাকো শহরের কেন্দ্রে ছয়জনকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত তরুণ বন্দুকধারী হাসপাতালে মারা গেছেন। সোমবার ভোরে পুলিশ এই তথ্য প্রকাশ করেছে। এটি পোল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ পরিসরে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটল।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার গাড়ির ভিতর থেকে ক্রাকোর ঐতিহাসিক প্রধান চত্বরে উপস্থিত লোকজনের দিকে গুলি চালায় ওই তরুণ। ঘটনার কিছু মিনিটের মধ্যে পুলিশ তাকে গুলি করে আটক করে। তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
সরকার জানিয়েছে, হামলাকারীর বয়স ২৪ বছর। তিনি পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের অস্ট্রোভিয়েক শভিয়েন্তোকশিস্কি শহরের অধিবাসী। শহরটির জনসংখ্যা ৬০ হাজারের কিছু কম। সরকার জানিয়েছে, উগ্র ডানপন্থী মতাদর্শের প্রভাবে তিনি হামলা চালাতে পারেন। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যারোলিনা গালেতস্কা সোমবার রেডিও টোক এফএমকে জানান, হামলাকারীর পোশাকে বিভিন্ন ধরনের প্রতীক ছিল। এর মধ্যে কয়েকটি পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব প্রতীকের সঙ্গে বিভিন্ন বিষয়ের সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা সেগুলো বিশ্লেষণ করছেন। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের মধুখালীতে রডবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মাগুরা থেকে আসা একটি রডবোঝাই ট্রাক মরিচ বাজার মোড়ে সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়।
এই ঘটনায় বাসের যাত্রী, চালক এবং সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ