ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

গুপ্তছড়া ফেরিঘাটের দীর্ঘদিনের সংকট নিরসনে উদ্যোগ: এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে প্রটেকশন ওয়ার্ক, চলবে নিয়মিত ড্রেজিং


গুপ্তছড়া ফেরিঘাটের দীর্ঘদিনের সংকট নিরসনে উদ্যোগ: এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে প্রটেকশন ওয়ার্ক, চলবে নিয়মিত ড্রেজিং

গুপ্তছড়া ফেরিঘাটের নাব্যতা সংকট, নদীভাঙন এবং যাত্রীসেবার বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা-এর নির্দেশনায়, শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় গুপ্তছড়া ফেরিঘাটে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (BIWTC)-এর যৌথ উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনার বিষয় ছিল ফেরিঘাটের নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাওয়া, ফেরিঘাট সংলগ্ন এলাকায় জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ করা এবং প্রয়োজনীয় প্রটেকশন ওয়ার্ক দ্রুত বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভা শেষে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রটেকশন ওয়ার্ক শুরু করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: আমতলীতে ইমরান পরিবহনের বাস খাদে, আহত ২৫

জরুরি সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ আরশাদ আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল আহমেদ ও আরিফুর রহমান, BIWTA চট্টগ্রামের কারিগরি সহকারী (পুর) মো. সবুজ আলী, পানি উন্নয়ন বোর্ড সন্দ্বীপের কার্য সহকারী রুবেল বর্ধন, BIWTA-এর কনসালট্যান্ট অ্যান্ড ফিল্ড ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাস্টার আবুল কাশেম, ফেরি কপোতাক্ষ-এর মাস্টার ইনচার্জ সাইফুল আলম এবং জিও ব্যাগ স্থাপনকারী প্রতিষ্ঠান PDL-এর প্রতিনিধি মো. সাদিকুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুপ্তছড়া ফেরিঘাটকে নিরাপদ, টেকসই ও সচল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের বদলে ভারতীয় কাঁচা খেজুরে ভরছে দেশের বাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


মধ্যপ্রাচ্যের বদলে ভারতীয় কাঁচা খেজুরে ভরছে দেশের বাজার

ভারতে উৎপাদিত কাঁচা খেজুর, যা দেশের বাজারে ‘আরবের খেজুর’ নামে পরিচিত, এখন মধ্যপ্রাচ্যের মাধ্যমে বিমানযোগে নয়, প্রতিবেশী ভারত থেকে স্থলপথে বাংলাদেশে আসছে। এই পরিবর্তনের ফলে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে, এর ফলে দামও কমেছে। এর ফলে সারা দেশে বেড়েছে এই মৌসুমি ফলের সরবরাহ ও চাহিদা।

প্রতিদিন সকালে চট্টগ্রামের পাইকারি ফলের বাজারে কাঁচা খেজুর বোঝাই ট্রাক পৌঁছায়। সেখান থেকে ভ্যান, পিকআপ ও দূরপাল্লার ট্রাকে করে কক্সবাজার, কুমিল্লা, ফেনী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

কয়েক বছর আগেও হলুদাভ রঙের, টসটসে শাঁস ও মিষ্টি স্বাদের এই কাঁচা খেজুর মূলত সংযুক্ত আরব আমিরাত ও মিসর থেকে বিমানযোগে আমদানি করা হতো। উচ্চ পরিবহন ব্যয় ও কাস্টমস শুল্কের কারণে তখন এর দামও ছিল অনেক বেশি। তবে বর্তমানে ভারতীয় স্থলবন্দর হয়ে আমদানি হওয়ায় সেই ব্যয় প্রায় অর্ধেক হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু চট্টগ্রামের এই বাজারেই প্রতিদিন ৯ হাজার থেকে ১০ হাজার কেস কাঁচা খেজুর বিক্রি হয়। এতে দৈনিক লেনদেন হয় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। মৌসুমের চূড়ান্ত সময়ে প্রতিদিন ৮ থেকে ১০টি ট্রাক বাজারে আসে।

বর্তমানে ১০ কেজির প্রতি কেস কাঁচা খেজুরের দাম মানভেদে ১ হাজার ৩০০ থেকে ২ হাজার টাকা। তবে কোনো দিন সরবরাহ কম হলে প্রতি কেসে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম বেড়ে যায়।

চট্টগ্রামের কদমতলীর বাসিন্দা ইশমাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, প্রতি বছরই তিনি এই ফল কেনেন। মিষ্টি স্বাদের সঙ্গে হালকা কষভাব থাকায় এটি পরিবারের সবার, বিশেষ করে শিশুদের কাছে জনপ্রিয়। তিনি ২৮০ টাকা কেজি দরে দুই কেজি খেজুর কিনেছেন।

বিশ্ব কলোনির ফল ব্যবসায়ী মো. আবুল কালাম বলেন, পাইকারি বাজার থেকে ১০ কেজির দুটি কেস ১ হাজার ৮৫০ টাকা দরে কিনেছেন। প্রতিদিনই ক্রেতারা কাঁচা খেজুর খুঁজছেন এবং আগামী কয়েক সপ্তাহও বিক্রি ভালো থাকবে বলে আশা করছেন।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বলেছেন, আগে মিসর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিমানযোগে কাঁচা খেজুর আমদানি করতে প্রতি কেজিতে ৫০০ টাকারও বেশি ব্যয় করতে হত। এখন ভারতীয় স্থলবন্দর দিয়ে আসায় পরিবহন ব্যয় কমেছে। ফলে একই মানের খেজুর ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এটি এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে জুনের শেষ সপ্তাহে কাঁচা খেজুর বাজারে আসা শুরু হয়েছে। সাধারণত আগস্টের মাঝামাঝি পর্যন্ত এই মৌসুম থাকে। বেনাপোল, সোনামসজিদ, বুড়িমারী ও সাতক্ষীরাসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে খেজুর দেশে প্রবেশ করে। পরে চট্টগ্রাম হয়ে সারা দেশে সরবরাহ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬১

ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। এর মধ্যে শুক্রবার (২৪ জুলাই) একসাথেই ১৪ জন মারা গেছেন। এই ভয়াবহ বন্যার কারণে রাজ্যের ২ হাজারেরও বেশি গ্রামের ১১ লাখেরও বেশি মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীও সহায়তা করছে।

বন্যা পরিস্থিতির বিষয়ে শনিবার (২৫ জুলাই) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনালাপে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে কথা বলার সময় তিনি বন্যায় ক্ষয়ক্ষতি এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে জানতে চান।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য ১৬২টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব শিবিরে বর্তমানে ৪১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত ক্ষেত্রের কাজে মন্ত্রীরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারক করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ কার্যক্রম এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা প্রকাশ করেছেন। এই সময় মোদী প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ত্রাণ, পুনর্বাসন এবং পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানায়, শুক্রবার চরাইদেও জেলায় সাতজন, শিবসাগরে ছয়জন এবং জোরহাটে একজন মারা গেছেন। নতুন করে ছয়জনের মৃত্যুর পর শিবসাগরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। জেলাটিতে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার তালিকার মধ্যে শিবসাগর স্বরূপ, যেখানে প্রায় ৩ লাখ ৪৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া চরাইদেওতে ১ লাখ ৮৮ হাজার এবং জোরহাটে ১ লাখ ২৬ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের ফাইনাল ম্যাচই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বিশ্বকাপের ফাইনাল ম্যাচই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ!

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে কি না এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস দাবি করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। এদিকে, ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি।

কোপা সুদামেরিকানায় বোকা জুনিয়র্সের জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পারেদেস বলেছেন, "আমার মনে হয়, বিশ্বকাপের ফাইনালই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। আগে থেকেই সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে আমি চাই, সেটি সত্যি না হোক। আমি আশা করি, সে আরও খেলবে। শেষ সিদ্ধান্ত তারই। যে সিদ্ধান্ত তাকে আনন্দ দেবে, সেটিই আমাদেরও খুশি করবে।" ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো এ তথ্য প্রকাশ করেছে।

বিশ্বকাপের ফাইনালের আগেই বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন মেসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি এমন একটি বুট পরে খেলেন, যাতে লেখা ছিল "The Last Tango" (বাংলায়: "শেষ ট্যাঙ্গো")। অনেকেই এই বার্তাকে তার বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন।

ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন, যা তার সম্ভাব্য বিদায়ের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

এখনো আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মেসি। বর্তমানে তিনি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ। ২০২৬ বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। তবে পুরো টুর্নামেন্টে কেবল ফাইনালেই কোনো গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখতে পারেননি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টস জানিয়েছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর মাধ্যমে ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল উত্থান-পতনের এক অনন্য গল্প। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল ও টানা কয়েকটি কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়ে একবার অবসরও ঘোষণা করেছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদলে ফিরে এসে আর্জেন্টিনাকে উপহার দেন সাফল্যের স্বর্ণযুগ।

তার নেতৃত্বে আর্জেন্টিনা জয় করে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত শিরোপা জেতাতে পারেননি।

তবে পারেদেসের মন্তব্য সত্ত্বেও, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন কি না সে প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো দেননি স্বয়ং লিওনেল মেসি। তাই ভক্তদের অপেক্ষা এখন তার আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নালা থেকে বিপুল সংখ্যক ‘বুলেট’ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


চট্টগ্রামে নালা থেকে বিপুল সংখ্যক ‘বুলেট’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে পুলিশ বস্তাবন্দি অবস্থায় প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার করেছে। এই উদ্ধার হওয়া বুলেটগুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার একটু পরে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো যাহা একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়ে থাকে, এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই বুলেটগুলোর ধরন ও উৎস সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরশাহ বাংলা বাজারের বিএসআরএম কারখানার পাশে অবস্থিত নালা থেকে বস্তাবন্দি বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২০০টির বেশি ছোট বুলেট রয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%