১০:৫৫ এম
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একরজুড়ে বিস্তৃত চাপাইবিল (স্থানীয়ভাবে হরাইবিল) বর্ষা মৌসুমে প্রাকৃতিক পদ্মফুলে ভরে ওঠে। এই পদ্মের ডাঁটা থেকে সংগৃহীত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম দামি সুতা ‘লোটাস সিল্ক’, যা স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে এখানে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও স্থানীয় নারীদের প্রশিক্ষণ শুরু হয়। পদ্মের ডাঁটা ভাঁজ করে বের করা সূক্ষ্ম ও আঠালো তন্তু হাতের সাহায্যে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়।
সংশ্লিষ্টদের ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকা। এ ছাড়া প্রতি গজ কাপড়ের দাম হতে পারে ১ হাজার ডলার পর্যন্ত। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ি বিক্রি হয় ১০ লাখ টাকার বেশি দামে। আর এ সুতায় তৈরি পোশাকের দাম প্রায় ৫ লাখ টাকা।
আরও পড়ুন: হরমুজে অচলাবস্থার মধ্যেও বাণিজ্য সচল রাখছে ওমান
এমন উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সম্ভাবনা থাকলেও চাপাইবিলে এখনো গড়ে ওঠেনি বাণিজ্যিক উৎপাদনব্যবস্থা। সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিনেও প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় সম্ভাবনাময় এ উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
শুরুতে বিলের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা এতে আপত্তি জানালেও বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর অর্থনৈতিক সুফল নিতে সবাই আগ্রহী। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এখনো এখানে বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়নি।
সম্প্রতি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিলটি পরিদর্শন করে বিশ্বদরবারে দেশীয় এই শিল্পকে তুলে ধরার এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে চাপাইবিলকে ঘিরে নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি একটি লাভজনক রপ্তানিমুখী শিল্প গড়ে উঠবে।
আরও পড়ুন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, কার্যকর ২২ নভেম্বর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন