ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

অক্টোবর মাসে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, নিহত ও আহত ২০ হাজার


অক্টোবর মাসে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, নিহত ও আহত ২০ হাজার

সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার দাবি করেছে যে, গত অক্টোবর মাসে ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর ৪০ হাজারেরও বেশি সামরিক হামলা চালানো হয়েছে। এই হামলাগুলোর ফলে প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল জানায়, ৫ অক্টোবর ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু হওয়ার পর থেকে এসব সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: এল-সায়েদের জয়ে উচ্ছ্বসিত মুসলিমরা, তবে ধর্মের কারণে নয়

কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী বিভিন্ন রণাঙ্গনে হুথিদের অবস্থান লক্ষ্য করে মোট ৪০ হাজার ৭৬১টি সামরিক অভিযান চালিয়েছে।

প্রথম মাসের অভিযানে প্রায় ২০ হাজার হুতি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত অথবা অন্য কোনোভাবে যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন।

তবে ইয়েমেন সরকারের এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: দুর্যোগের পর ৮০% শিশু অসুস্থ, ৪৯% স্কুল বন্ধ: সেভ দ্য চিলড্রেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম সম্মানী ৫ হাজার টাকা পেয়েছিলেন জানালেন মিম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


প্রথম সম্মানী ৫ হাজার টাকা পেয়েছিলেন জানালেন মিম

২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ঢালিউডের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিনোদন জগতে প্রবেশ করেন। এই প্রতিযোগিতার আগে তিনি মিডিয়াতে কাজ করার জন্য প্রায় দুই বছর চেষ্টা করেছিলেন। শুরুর দিকে অভিনয়ের প্রস্তাব পেলেও, মিম প্রধান বা নায়িকা চরিত্রে অভিনয় করার ইচ্ছা পোষণ করেছিলেন। একবার তিনি অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরবর্তীতে, তার প্রথম চলচ্চিত্রে জাহিদ হাসানকে সহশিল্পী হিসেবে পান বিদ্যা সিনহা মিম।

হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি পর্দায় অভিষেক ঘটান। ওই সিনেমায় অভিনয়ের সুযোগকে তিনি তার জীবনের মোড় ঘোরানো একটি ঘটনা হিসেবে বিবেচনা করেন। এমন একজন নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করেছিল। সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নতুন, আর সহশিল্পীদের মধ্যে ছিলেন দেশের প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা।

মিম পরে স্মৃতিচারণা করে বলেন, হুমায়ূন আহমেদ তার সেই জড়তা কাটাতে সাহায্য করেছিলেন। এরপর ‘পরাণ’ ও ‘দামাল’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

লাক্স প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর মিমের জন্য অভিনয়ের নতুন দরজা খুলে যায়। প্রথমে তিনি মডেলিং শুরু করেন। পরে নাটকে অভিনয়ের সুযোগ আসে। হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘রহস্য’ নাটকে অভিনয় ছিল তার প্রথম দিকের কাজগুলোর মধ্যে একটি। নাটকটির জন্য তিনি প্রথম সম্মানী পান। এক সাক্ষাৎকারে মিম জানান, সেই টাকা তিনি তার মায়ের হাতে দিয়েছিলেন। তবে হুমায়ূন আহমেদের কাছ থেকে প্রাপ্ত প্রথম সম্মানী হওয়ায়, টাকাটির স্মৃতি তার কাছে বিশেষভাবে মনে রয়েছে।

অভিনয় জগতে প্রবেশের শুরুতে তার প্রথম পারিশ্রমিকের পরিমাণ হয়তো খুব বেশি ছিল না। কিন্তু অনেক তারকার কাছে সেই উপার্জন আজও বিশেষ স্মৃতি হয়ে আছে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও সেই স্মৃতিকে যত্নে রেখেছেন। নাটক থেকে তিনি এখন সিনেমার নায়িকা। সময়ের সঙ্গে তার পরিচিতি ও কাজের পরিধি বেড়েছে। তবে শুরুর সেই দিনগুলোর কথা তিনি কখনো ভুলে যাননি। সেই নাটক থেকেই তার প্রথম পারিশ্রমিক আসে, যা ছিল পাঁচ হাজার টাকা।

অভিনেত্রী বলেন, হুমায়ূন আহমেদের কাছ থেকে পাওয়া প্রথম সম্মানীর টাকা তিনি এখনো যত্ন করে রেখেছেন। এই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তার অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কথা।

হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ মুক্তির পর বিদ্যা সিনহা মিমের অভিনয় প্রশংসিত হয়। এই সিনেমাটি তাকে সিনেমা জগতে পরিচিতি এনে দেয়। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৯ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘আমার প্রাণের প্রিয়া’। এরপর ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’, ‘পদ্ম পাতার জল’, ‘পরাণ’, ‘দামাল’সহ বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেন।

গত বছর একটি তথ্যে জানা গিয়েছিল, এ নায়িকা সিনেমাপ্রতি ১৫ লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন। তবে অভিষেক সিনেমায় তার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে কারিগরদের হাত ধরে ফিরছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


রূপগঞ্জে কারিগরদের হাত ধরে ফিরছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন

বাংলার ঢাকাই মসলিন একসময় বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। অত্যন্ত সূক্ষ্ম সুতা এবং নিপুণ বুননের মাধ্যমে তৈরি এই শাড়ি বাংলার ঐতিহ্য, আভিজাত্য ও গৌরবের প্রতীক হিসেবে পরিচিত ছিল। কালের প্রবাহে হারিয়ে যেতে বসা সেই মসলিন ঐতিহ্যকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তবে ঐতিহ্যকে টিকিয়ে রাখার এই সংগ্রামে মূল ভূমিকা পালন করছেন কারিগররা। দীর্ঘ সময় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁরা অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে চলেছেন। এই প্রেক্ষাপটে, সম্প্রতি রূপগঞ্জের মসলিন এবং তাঁতশিল্পের কর্মপরিধি সরেজমিনে দেখতে গিয়ে দৈনিক ইনকিলাবের পরিচালক ও নির্বাহী সম্পাদক নাফিজা বাহাউদ্দিন উপজেলার কয়েকটি তাঁত ও বেসিক জামদানি কারখানা পরিদর্শন করেন।

ঢাকাই মসলিন হাউস পরিদর্শনকালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সহধর্মিনী। এছাড়াও, দৈনিক ইনকিলাবের মার্কেটিং বিভাগের পরিচালক আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা ঢাকাই মসলিন হাউসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং মসলিন তৈরির বিভিন্ন ধাপ, কারিগরদের কর্মপরিবেশ ও শিল্পটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে নাফিজা বাহাউদ্দিন মন্তব্য করেন, ঢাকাই মসলিন সম্পর্কে তাঁরা বই-পুস্তকে পড়েছেন। লন্ডনের ভিক্টোরিয়া জাদুঘরে কাচের ভেতরে সংরক্ষিত মসলিনও দেখেছেন। তবে সেখানে ঐতিহ্যবাহী এই বস্ত্র হাতে নিয়ে দেখার সুযোগ হয়নি। নিজের দেশের সেই ঐতিহাসিক কারুশিল্প রূপগঞ্জে এসে কারিগরদের হাতে সরাসরি দেখতে পাওয়াটা তাঁর কাছে ছিল দারুণ বিস্ময় ও আনন্দের।

তিনি আরও বলেন, নিজ দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প বিদেশের জাদুঘরে দেখার পর আবার নিজ দেশেই কারিগরদের হাতে সেই শিল্পকে জীবন্ত অবস্থায় দেখতে পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতির। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গর্বের বিষয়।

একটি মসলিন শাড়ি তৈরিতে প্রায় তিন মাস সময় লাগে। বিশেষ ধরনের তুলা থেকে সুতা তৈরি, এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে তাঁতে বুনন—প্রতিটি ধাপেই প্রয়োজন হয় অসাধারণ দক্ষতা, ধৈর্য ও অভিজ্ঞতার। আগে একটি শাড়ি তৈরিতে ১০ থেকে ১২ মাস পর্যন্ত সময় লাগত। বর্তমানে কারিগরি কৌশলের উন্নয়নের ফলে সময় কিছুটা কমেছে। তবে আবহাওয়ার পরিবর্তন, দক্ষ শ্রমিকের সংকট এবং উৎপাদন ব্যয় এই শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই ঐতিহ্য ধরে রাখতে কাজ করছেন প্রায় ১১৬ জন নারী-পুরুষ কারিগর। তাঁদের মধ্যে ৯৫ জন নারী এবং ২১ জন পুরুষ।

এক নারী কারিগর বলেন, মসলিন শাড়ি তৈরির কাজ অনেক সময় ও পরিশ্রমের। তারপরও তাঁরা এই কাজ ছাড়তে চান না। কারণ, এটি শুধু জীবিকা নয়, বাংলার প্রাচীন ঐতিহ্য ও সম্মানের সঙ্গে জড়িত।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, মসলিন শাড়ি আমাদের প্রাচীন ঐতিহ্য। বই-পুস্তকে এ ঐতিহ্যের কথা পড়লেও বর্তমানে এটি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিক সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরেজমিনে কারখানা পরিদর্শন করে কারিগরদের সঙ্গে কথা বলে ঐতিহ্যটি ধরে রাখার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

সংশ্লিষ্টদের মতে, ঢাকাই মসলিন ও তাঁতশিল্প কেবল একটি বস্ত্র তৈরির কারুশিল্প নয়; এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অংশ। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে কারিগরদের যথাযথ মূল্যায়ন, নতুন প্রজন্মকে প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জরুরি। তা না হলে বিশ্বজুড়ে একসময় গৌরব ছড়ানো মসলিনের ঐতিহ্য হয়তো একদিন শুধুমাত্র ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান। এর ফলে ৭ নভেম্বর দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারের সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দিবসটি প্রতিবছর সরকারি ছুটির আওতায় পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংগঠনটি আগামী ৭ নভেম্বর কারখানাগুলোতে ছুটি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


পপিকে ফিরে আসার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। একসময় তার নামেই সিনেমা চলত। বর্তমানে তিনি অভিনয়ে নেই। ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। ওই সিনেমায় তার নায়ক ছিলেন ওমর সানী।

পপি দীর্ঘ সময় ধরে আড়ালে রয়েছেন। তিনি গোপনে বিয়ে করেছেন এবং বর্তমানে স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার সিনেমা থেকে বঞ্চিত ভক্তরা নায়িকাকে আবারও ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন তার প্রথম সিনেমার গীতিকর।

‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ শিরোনামের একটি গান সিনেমাটিতে ব্যবহৃত হয়। গানটি এতটাই জনপ্রিয় ছিল যে, যে কোনো আয়োজন অনুষ্ঠানে এটি বাজানো হতো। জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকার গানটি লিখেছেন এবং আলম খান সুর দিয়েছেন। সম্প্রতি মিল্টন এ গানটি লেখার পেছনের গল্প শেয়ার করেছেন।

মিল্টন খন্দকার স্মৃতিচারণ করে বলেন, ‘গানটি লেখার সময় নির্দিষ্ট কোনো নায়িকার কথা তার মাথায় ছিল না। সিনেমায় নায়ক-নায়িকাকে উপস্থাপন করার সময় আমরা তাদের অন্যদের চেয়ে সেরা বলার চেষ্টা করি। যেমন, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। এ গানেও আমি মেয়ের চরিত্রটাকে ওইভাবে তুলনা করেছি যে, তুমি এত কিছুর মধ্যেও অনন্য।’

তিনি জানান, এ সিনেমার শুটিং চলাকালে একদিন সেটে গিয়েছিলেন। সেদিন পপিও সেখানে উপস্থিত ছিলেন। তাকে দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে, মনে হয়েছে গানটি শুধুমাত্র পপির জন্যই লেখা হয়েছে। মিল্টন বলেন, ‘পপিকে দেখে আমার মনে হলো, মেয়েটা তো সত্যিই চাঁদমুখের একটা মেয়ে। চাঁদের মতো সুন্দর। এভাবেই কথাগুলো মাথায় এসেছে। কিন্তু তখনো ভাবিনি, গানটা এ পর্যায়ে চলে যাবে।’

পপির অভিনয়ের প্রশংসা করেন এ গীতিকবি। তিনি দীর্ঘদিন ধরে বড় পর্দায় না থাকার বিষয়টিকে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি মনে করেন।

পপিকে ফিরে আসার আহ্বান জানিয়ে মিল্টন বলেন, ‘আমি মনে করি, পপি বাংলাদেশের একজন অসাধারণ অভিনেত্রী। সে সিনেমা থেকে দূরে থাকা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। আমি তার অভিনয়ের ভীষণ ভক্ত। আশা করব, তিনি আবারও ফিরে আসবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%