ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ইবির ৩৬ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেলেন, ১৪ অক্টোবর পুরস্কার বিতরণ


ইবির ৩৬ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেলেন, ১৪ অক্টোবর পুরস্কার বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত আল হাদিস বিভাগের আলী আহসান মুহাম্মদ জুবাইর, মোহাম্মদ আল ফায়েদ, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান, আল কুরআন বিভাগের আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দাওয়াহ বিভাগের নাজমুল ইসলাম ও নোমান আল হাদী। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমী খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম এবং হিসাববিজ্ঞান বিভাগের মেহেদী হাসান শিকদার।

এছাড়া প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ফলিত রসায়ন বিভাগের মহুয়া রহমান, জান্নাতুন নায়িম ও নাফিজ রহমান সায়েম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহাসান হাবিব এবং আইসিটি বিভাগের মাহফুজুর রহমান। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত লোক প্রশাসন বিভাগের মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের টগর আলী ও জেসিয়া খাতুন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সিরাজাম মনিরা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

জীববিজ্ঞান অনুষদভুক্ত ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল বাশার এবং বায়োটেকনোলজি বিভাগের মেহেদী হাসান। বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের মেহেদী হাসান লিমন ও মাহামুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম, কলা অনুষদভুক্ত আরবি বিভাগের তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম ও জেবা রহমান। আইন অনুষদভুক্ত ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া, রাফিয়া খাতুন ও হাফসা খানম সন্ধানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসাইন। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নয় অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, "এটি নিঃসন্দেহে তোমাদের জন্য উল্লেখযোগ্য দিন। তোমাদের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের ফল হিসেবে এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হলো। তোমাদের ওপর নতুন একটি দায়িত্ব অর্পিত হলো। কর্মক্ষেত্রে দেশ ও মানুষের জন্য এবং বিশ্ববিদ্যালয়কে সম্মানের জায়গায় পৌঁছে দিতে অ্যাম্বাসেডর হিসেবে তোমরা ভূমিকা রাখবে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড সহযোগিতা করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশ ও বিদেশে সম্মানজনক অবস্থানে রয়েছেন। আশা করি, তোমরাও ভালো অবস্থানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনামকে ছড়িয়ে দেবে।"

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


কুমিল্লা থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

কুমিল্লা থেকে নিখোঁজ হয়ে যাওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নিখোঁজ ছাত্রীরা ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য আলামতও।

পুলিশের দাবি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে ‘নতুন জীবন শুরুর পরিকল্পনা করে’ বাড়ি ছেড়েছিল।

আজ বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার আনিসুজ্জামান। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা কুমিল্লার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে।

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, গত ১২ অক্টোবর সকালে চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। বিকেলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসলে পুলিশ সুপারকে জানানো হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাদের সন্ধানে অভিযান শুরু করে। এই ঘটনায় পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তাদের খোঁজে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় এবং দেশের সব থানায় তাদের ছবি ও পরিচয় সংবলিত বেতার বার্তা পাঠানো হয় কুমিল্লা পুলিশের পক্ষ থেকে। সমন্বিত প্রচেষ্টায় গত ১২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকার একটি স্থান থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়ার পর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং বাড়ি ছাড়ার পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত এবং টিকটকে ভিডিও আপলোড করত।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। পুলিশ সুপার বলেন, তবে এসব ব্যক্তির প্রকৃত ঠিকানা সম্পর্কে তারা অবগত ছিল না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে নতুন জীবন শুরু এবং স্বাধীনভাবে চলার পরিকল্পনা থেকে চার শিক্ষার্থী বাড়ি ছাড়ে। এ জন্য তারা বাড়ি থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয়।

পুলিশ জানায়, কুমিল্লার বাহার মোবাইল মার্কেটে একটি ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা। পরে সেই টাকা নিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। সেখানে পরিকল্পনা অনুযায়ী কিছু করতে না পেরে পরে তাদের মধ্যে একজনের দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বাহার মোবাইল মার্কেট থেকে বিক্রি করা মোবাইল ফোন এবং তাদের কাছ থেকে অন্যান্য স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে সৌদি তেলের প্রথম চালান পৌঁছেছে যৌথ শোধনাগারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


চীনে সৌদি তেলের প্রথম চালান পৌঁছেছে যৌথ শোধনাগারে

চীন ও সৌদি আরবের যৌথ উদ্যোগে নির্মিত একটি তেল শোধনাগার এবং পেট্রোরসায়ন কমপ্লেক্সে সৌদি আরবের অপরিশোধিত তেলের প্রথম চালান পৌঁছেছে। এই ঘটনা চীনের লিয়াওনিং প্রদেশের পানজিন শহরে অবস্থিত হুয়াজিন আরামকো পেট্রোকেমিক্যাল কম্পানির প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ৯ অক্টোবর প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রকল্পটিতে একটি তেল শোধনাগার এবং একটি রাসায়নিক কারখানা স্থাপন করা হবে। শোধনাগারটিতে প্রতিদিন ৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করার সক্ষমতা থাকবে। রাসায়নিক কারখানাটি বছরে ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইথিলিন এবং ২০ লাখ টন প্যারাক্সিলিন উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। বর্তমানে প্রকল্পটি উৎপাদন শুরুর পূর্ববর্তী প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, প্রকল্পটির উৎপাদন শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের মে বা জুনে উৎপাদন শুরু করার পরিকল্পনা থাকলেও পরে তা সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুতে নির্ধারণ করা হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চিনহুয়া অয়েল গত আগস্টে সৌদি আরবের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কেনার জন্য বুকিং দিয়েছিল। নতুন এই যৌথ উদ্যোগের কমপ্লেক্সে সরবরাহের জন্য তেলগুলো কেনা হয়।

পানজিন সিনচেংয়ের চেয়ারম্যান জিয়া ফেই বলেন, "এই প্রকল্পের গুরুত্ব অনেক। এটি উচ্চমূল্যের পণ্য ও বিশেষ ধরনের রাসায়নিক উৎপাদন বাড়াতে সাহায্য করবে।" তিনি আরো বলেন, "প্রকল্পটির মাধ্যমে পানজিনে একটি পরিচিত পেট্রোরসায়ন ও বিশেষ রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে অগ্রগতি হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ঢাবি সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আনুষ্ঠানিকভাবে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাবি উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে এই তথ্য-উপাত্ত হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সার্বিক সফলতা কামনা করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের ফলে নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

ঢাবি কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্যাণ সাধন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তথ্য হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো

বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কের মুখোমুখি হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের করসংক্রান্ত নথিতে এই অর্থের উল্লেখ থাকলেও ফিফার বার্ষিক আর্থিক প্রতিবেদনে তা প্রকাশ করা হয়নি। ফলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, ২০২৪ সালে ২০২৬ বিশ্বকাপের আয়োজক সংস্থা এফডব্লিউসি২০২৬ থেকে ইনফান্তিনো ১৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) নথিতে এ অর্থের তথ্য পাওয়া গেছে।

২০২৬ বিশ্বকাপ আয়োজন ও পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে অলাভজনক সংস্থা এফডব্লিউসি২০২৬ গঠন করে ফিফা। সংস্থাটির ২০২৪ সালের করসংক্রান্ত নথিতে ইনফান্তিনোকে দেওয়া অর্থের উল্লেখ থাকলেও ফিফার বার্ষিক প্রতিবেদনে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ফিফা থেকে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ ইনফান্তিনো প্রায় ৪৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা। বিশ্বকাপ আয়োজক সংস্থা থেকে পাওয়া অতিরিক্ত অর্থ যুক্ত করলে ওই বছর তার মোট প্রাপ্তির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮১ কোটি টাকা।

এ ঘটনায় ফিফার নিজস্ব বিধিমালা নিয়েও প্রশ্ন উঠেছে। সংস্থাটির গঠনতন্ত্রের ৪৩ নম্বর অনুচ্ছেদের ১৩ নম্বর ধারা অনুযায়ী, ফিফা সভাপতি, কাউন্সিল সদস্য ও মহাসচিবের ব্যক্তিগত পারিশ্রমিকের তথ্য প্রকাশ করার বিধান রয়েছে। ফলে বার্ষিক প্রতিবেদনে অতিরিক্ত অর্থের হিসাব না থাকায় বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে।

তবে ফিফা কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ইএসপিএনকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইনফান্তিনোকে ফিফার পক্ষ থেকে দ্বিতীয় কোনো বেতন দেওয়া হয় না। তার বার্ষিক পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করে একটি স্বাধীন উপকমিটি।

ফিফার দাবি, আর্থিক তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি। সংস্থাটির সব হিসাব স্বাধীনভাবে নিরীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট দেশের কর আইন মেনেই প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া হয়েছে।

২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। এর আগে বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। চলতি বছরের শুরুতে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়েও বিতর্কে জড়ান ফিফা সভাপতি।

নতুন এই তথ্য প্রকাশের পর ইনফান্তিনোর পারিশ্রমিকের স্বচ্ছতা এবং ফিফার আর্থিক প্রতিবেদন প্রকাশের প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%