ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেলুচিস্তানে গুলি করে কয়লাখনির ১১ শ্রমিককে হত্যা


বেলুচিস্তানে গুলি করে কয়লাখনির ১১ শ্রমিককে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ১১ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। রবিবার কোহলু জেলার একটি প্রত্যন্ত স্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে পুলিশ সূত্রে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে খনিশ্রমিকদের বহনকারী দুইটি যানবাহন ছিনতাই করে। এরপর শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১১ জন নিহত হন।

তবে, এই হামলার দায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, দীর্ঘদিন ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসা বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুসলিম বিচারককে বাড়ি ছাড়ার হুমকির মামলার নির্দেশ

এদিকে, খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম অশান্ত অঞ্চল হিসেবে পরিচিত। এই প্রদেশটির সীমান্ত রয়েছে প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সঙ্গে। দীর্ঘদিন ধরে সেখানে সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আ’লীগ, মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩২, যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


রাজশাহী নগরীতে নিষিদ্ধ আ’লীগ, মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩২, যুবকের কারাদণ্ড

 রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ও বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতার মামলায় তিনজন, মাদকদ্রব্যসহ পাঁচজন এবং অন্যান্য অপরাধে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল ফোনের দোকানে চুরির মামলায় গ্রেপ্তার এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার (২৮ নভেম্বর) নগরীর মতিহার, শাহমখদুম ও পবা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন, মতিহার থানার খোজাপুর এলাকার আব্দুল্লাহ আল মামুন শাকিল (৩০), শাহমখদুম থানার খিরশিন ফকিরপাড়া এলাকার গোলাম সারওয়ার বাদশা (৪৮) ও পবা থানার রামচন্দ্রপুর এলাকার নজরুল ইসলাম (৫৯)। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক কারবারী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্য এক অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবা, ছয় গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গত ২৭ নভেম্বর রাতে পবা থানার নওহাটা পশুহাট সংলগ্ন বুলেট টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে চার ঘণ্টার মধ্যে ২০টি চোরাই মোবাইল ফোনসহ মোঃ আসাদুজ্জামান ওরফে আসাদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে। আদালতে অপরাধ স্বীকার করায় সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ বন্ধ সম্ভব: সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


হুতিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ বন্ধ সম্ভব: সৌদি জোট

জাতিসংঘের সমর্থিত শান্তি পরিকল্পনার অধীনে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা যদি সম্মত হন, তাহলে ‘আগামীকালই’ ইয়েমেনের যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি জানান, হুতিদের আলোচনার টেবিলে নিয়ে আসতে প্রয়োজনে সামরিক চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল-মালিকি আরও বলেন, ইয়েমেনের অন্তর্বর্তী সরকারের রাজধানী এডেনকে ঘিরে সৌদি আরব একটি ‘রেড লাইন’ নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, বন্দরনগরীটির নিরাপত্তা নিশ্চিত করতে জোট ‘যা যা করা প্রয়োজন, সবই’ করবে। হুতি যোদ্ধারা শহরের নিকটে অবস্থান গ্রহণ করায় তিনি এ সতর্কবার্তা প্রদান করেন।

ইরান যুদ্ধের কারণে ইয়েমেন নতুন সংঘাতের রণক্ষেত্রে পরিণত হয়েছে। নতুন করে তীব্র সংঘাতে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি, সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা প্রায়ই ঘটছে।

এদিকে, ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলের সব বন্দরে হামলার হুমকি দিয়েছে। ইয়েমেনের রাস ইসা বন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে—এমন অভিযোগ তোলার পর রোববার (২৯ নভেম্বর) এ হুমকি দেওয়া হয়।

হুতিদের নিয়ন্ত্রণাধীন টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানায়, সৌদি আরব ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা প্রদেশে অবস্থিত রাস ইসা বন্দরে হামলা চালিয়েছে। এটি হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জ্বালানি আমদানির প্রধান বন্দর।

এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বন্দরটির আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। এ-সংক্রান্ত বিবৃতির সঙ্গে একটি মানচিত্রও প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁধন ফিরলেন ফেসবুক অ্যাকাউন্টে, ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে দৃঢ় বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বাঁধন ফিরলেন ফেসবুক অ্যাকাউন্টে, ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে দৃঢ় বার্তা

অবশেষে অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট পুনরায় ফিরে পেয়েছেন। এক মাসেরও বেশি সময় ধরে সীমাবদ্ধ থাকার পর, ফেসবুক প্রয়োজনীয় তথ্য প্রদান এবং অ্যাকাউন্ট পর্যালোচনা শেষে তাকে পুনরায় প্রবেশাধিকার দিয়েছে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন বাঁধন। তিনি একই সঙ্গে যাদের দ্বারা ভয় দেখানো, চুপ করিয়ে দেওয়া অথবা বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

বাঁধন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি ফিরে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’ তিনি জানান, ২৭ অক্টোবর তার প্রকাশ্য ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি সীমাবদ্ধ করা হয়েছিল। পরে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় ব্যবহারের সুযোগ ফিরিয়ে দিয়েছে। দীর্ঘ সময় পর নিজের পরিচিত অ্যাকাউন্টে ফিরে আসার বিষয়টি তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।

তবে বাঁধনের সাম্প্রতিক পোস্টের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ইতালিতে তার ওপর হামলার ঘটনায় তদন্ত শুরুর খবর। তিনি জানিয়েছেন, ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশির বিরুদ্ধে ইতালির ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করেছে। ইতালির সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’র একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ইতালিতে ঘটে যাওয়া হামলার ঘটনা নিয়ে বাঁধন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে তিনি হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে ঘটনার ভিডিও এবং বিস্তারিত বিবরণ প্রকাশ করেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এবার সেই ঘটনার তদন্তে তিন বাংলাদেশির নাম সন্দেহভাজন হিসেবে আসার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, অভিনেত্রী ভয়ভীতি প্রদর্শন কিংবা কণ্ঠরোধের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আপসহীন অবস্থান প্রকাশ করেছেন। যাদের বিভিন্ন কৌশলে তাকে চুপ করিয়ে দিতে, ভয় দেখাতে কিংবা হারিয়ে দিতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন।’ নিজের জীবনের অভিজ্ঞতা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কথা উল্লেখ করে তিনি জানান, এসব ব্যক্তিরা তার দৃঢ় অবস্থান সম্পর্কে কোনো ধারণা রাখেন না।

বাঁধন বলেন, জীবনে অনেক কিছু পার করে এসেছেন তিনি। তাই সহজে ভয় পাওয়ার মানুষ নন। কারো হুমকি কিংবা চাপের মুখে তিনি হারিয়ে যাবেন না বলেও স্পষ্ট করে জানিয়েছেন। তার এই বক্তব্যে নিজের অবস্থানে অটল থাকার পাশাপাশি যারা তাকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, তাদের প্রতি দৃঢ় প্রতিবাদের বার্তা ফুটে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই দিল্লি দেশের ওপর নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের অধীনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা কখনো থেমে নেই এবং কমরেড মোহাম্মদ তোহা ১৯৭২ সাল থেকেই এই বাস্তবতার উপলব্ধি করেছিলেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের আয়োজনে কমরেড মোহাম্মদ তোহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো সক্রিয় রয়েছে। তার দাবি, শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফিরে আসার কথা বলেছেন এবং তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা ঘটাচ্ছে। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

স্মরণসভায় কমরেড তোহার রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানোর সাহস তিনি দেখিয়েছিলেন। রামগতির জমিদারি ত্যাগ করে শ্রমজীবী ও কৃষকদের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন কমরেড তোহা; পুরান ঢাকা বা গোপীবাগে তাঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা থেকে তিনি ত্যাগ ও আত্মোৎসর্গের সেই দৃষ্টান্ত দেখেছেন।

ছাত্রনেতা থাকাকালে কমরেড তোহার সঙ্গে দেখা করার স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা জানান, ছাত্রদল করার কথা জানার পরও তিনি তাঁদের স্নেহ ও আশীর্বাদ করেছিলেন এবং সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর গভীর পাণ্ডিত্য ও বিশ্লেষণ ছিল অসাধারণ। মুরব্বিদের কাছ থেকে শোনা প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পবিত্র কোরআন শরিফের অনেকাংশও তাঁর মুখস্থ ছিল।

বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি তৈরি না হলে এবং হক সাহেবের মতো অর্থনীতিতে স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তি, কমরেড তোহা ও অন্যান্য নিবেদিতপ্রাণ নেতার মধ্যে ঐক্য থাকলে তখনকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত। সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেওয়া স্লোগানগুলোর তাৎপর্য এখনো ফুরিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তাঁরা শিখেছেন সাম্যবাদী দলের লেখালেখি এবং ন্যাপের মাওলানা ভাসানীর বক্তব্য ও লেখার মাধ্যমে।

কমরেড তোহা রক্ষীবাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন বলেও জানান রিজভী। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালের সংসদে সদস্য হিসেবে তাঁর বক্তব্য তৎকালীন পত্রপত্রিকায় পড়ে রাজনৈতিক অবস্থান জানতেন বলে উল্লেখ করেন তিনি।

রিজভী আরও বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোহার মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছেন। পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা এবং স্বাধীনতার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেওয়া সহজ হবে।

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%