০৭:১৪ পি.এম
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা পুরস্কার-২০২৬’-এ মফস্বল থেকে সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল হাসেম, যিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি। তিনি ধোবাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি-২৭-এর ডব্লিউভিএ অডিটোরিয়ামে বাংলার বীর ফাউন্ডেশনের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সহযোগিতা করে ‘শখ থেকে শপ’।
আরও পড়ুন: অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তানিয়া পারভীন মোহনা এবং লেখক ও সমাজকর্মী অধ্যাপক রোকেয়া বেগম। সভাপতিত্ব করেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানা।
আয়োজকরা জানান, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আবুল হাসেমকে এ সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক যুগান্তরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জীবনমানের নানা চিত্র তুলে ধরছেন। পাশাপাশি এলাকার শিক্ষা, উন্নয়ন, ক্রীড়া ও শিল্প-সংস্কৃতি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসেম বলেন, "মফস্বলে সাংবাদিকতা করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তারপরও সাধারণ মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি। এ সম্মাননা আমার দায়িত্ব ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে।"
অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন