০৮:২৫ পি.এম
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ‘একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ কানেকশন পাওয়া গেছে বলে চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ। এ সময় তার সঙ্গে ছিলেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান।
রবিবার বিকেলে তারা চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নওশের রোমান সন্দেহভাজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সাগর-রুনি হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে একটি আবেদন দিতে চান। তখন চিফ প্রসিকিউটর বলেন, চাইলে অভিযোগ দেওয়া যায়। আমাদের এখতিয়ারে থাকলে রাখবো, না হলে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেবো।
এর আগে, দুপুরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাগর-রুনির তদন্তটা আমাদের তদন্ত সংস্থা করছে না। এটা অন্য সংস্থা পিবিআই করে। তবে আমরা একটি মামলার তদন্ত করতে গিয়ে হয়তো ক্লু পেয়ে যাই। যেমনটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা নিয়ে মেজর মোজাফফরের বিষয়ে কিছুটা ক্লু পেয়েছিলাম। সাগর-রুনির ব্যাপারেও ক্লু পেয়েছি। সেটার নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনির এই ঘটনার কানেকশন পাওয়া যায়। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। তার ওপর আমাদের নজরদারি আছে। আরও তদন্ত হওয়ার পরে কোনো অথেনটিক কিছু পাওয়া গেলে পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্যটা দিয়ে সহায়তা করবো। এটি একটি ইনডিভিজ্যুয়াল মার্ডার কেস। এটি সংশ্লিষ্ট দায়রা আদালতে বিচার হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এর আগে ২৭ আগস্ট সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
এদিন মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। এ নিয়ে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছালো।
উল্লেখ্য, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন