সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:১১ পি.এম
সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আশরাফ আলী (৫৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি দায়ের করেন নিহত আশরাফ আলীর ছেলে ইয়াকুব আলী, যিনি সোমবার (২২ নভেম্বর) এই পদক্ষেপ নেন।
মামলার অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), মো. খাজানুর (৩৪), হযরত আলী (৩২), সেলিম হোসেন (৩২), মো. সোনা মিয়া (৩২), মো. মোস্তফা (৩৫) ও মো. ইয়াহিয়া (৩২)। এই সকল ব্যক্তি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এনায়েতপুর থানার এসআই ফরিদ উদ্দিনকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এনায়েতপুর থানার ওসি মো. মোহাইমিনুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের দোকানে বসেছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফ আলী। সেই সময় মোটরসাইকেলযোগে ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ সেখানে গিয়ে আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আশরাফ মারা যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ১০ম লিডারশিপ সামিট ২০২৬, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ।
এই সামিটের আয়োজন করা হয় ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায়, এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায়। দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা এতে অংশগ্রহণ করেন। এ বছর সামিটটি দশম বর্ষে পদার্পণ করেছে।
সামিটের এবারের প্রতিপাদ্য ছিল “বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার।” বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, এলডিসি উত্তরণ এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের কারণে দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এই প্রেক্ষাপটে প্রবৃদ্ধির প্রচলিত ধারণাগুলো নতুন করে ভাবা, প্রতিষ্ঠানকে ভবিষ্যতের উপযোগী করে সাজানো এবং দৃশ্যমান ফল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম সামিটে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, “গত দশ বছর ধরে এই সামিট দেশের ব্যবসার গতিপথ নির্ধারণকারী নেতাদের একত্রিত করে আসছে। আজ এই আলোচনার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়। তাই নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা এবং ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।”
দিনব্যাপী সামিটের আলোচনা অনুষ্ঠিত হয় ৪টি কিনোট সেশন, ১টি ফায়ারসাইড কনভারসেশন, ১টি কেইস স্টাডি, ৩টি প্যানেল ডিসকাশন এবং ১টি ইন্টারঅ্যাকটিভ সেশনের সমন্বয়ে।
কিনোট সেশনে ওয়াইস প্যারে, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার, ইউএনডিপি বাংলাদেশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন। প্রফেসর দীপক সি. জৈন, ভাইস চ্যান্সেলর, জিও ইনস্টিটিউট; কো-প্রেসিডেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাডভাইজার, চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল; ফর্মার ডিন, কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সিগভে ব্রেকে, গ্রুপ সিইও, ট্রু করপোরেশন; ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, টেলিনর গ্রুপ; এক্সিকিউটিভ চেয়ার অব টেলিকম অ্যান্ড ডিজিটাল বিজনেস গ্রুপ, চারোন পোকফান্ড গ্রুপ কো., লিমিটেড; এক্সিকিউটিভ চেয়ার, টেক টেলকো অ্যান্ড ডিজিটাল বিজনেস, অ্যারাইজ ভেঞ্চারস গ্রুপ, অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। সঞ্জীব মেহতা, এক্সিকিউটিভ চেয়ারম্যান, এল ক্যাটারটন ইন্ডিয়া; নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, এয়ার ইন্ডিয়া, ড্যানোন অ্যান্ড ড. রেড্ডি’স ল্যাব; ফর্মার চেয়ারম্যান, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড; ফর্মার প্রেসিডেন্ট, ইউনিলিভার সাউথ এশিয়া; মেম্বার অব ইউনিলিভার গ্লোবাল এক্সিকিউটিভ বোর্ড, বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল একটি এক্সক্লুসিভ ফায়ারসাইড কনভারসেশন। এতে অংশ নেন তপন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, এবং প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার, পিএইচডি, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটি। আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
প্যানেল ডিসকাশন ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, ব্যবসা ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দায়িত্বশীল ও দক্ষ টিম গঠনের উপায় নিয়ে আলোচনা হয়। কেইস স্টাডিতে বাস্তব অভিজ্ঞতা উঠে আসে।
ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে ভাবনা বিনিময় করেন।
সামিটের অন্যান্য সেশনে বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন ইয়াসির আজমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রামীণফোন লিমিটেড; মো. মাহবুব উর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, এইচএসবিসি বাংলাদেশ; ড. আরিফ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই পিএলসি.; হাসান ও. রশিদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, ইস্টার্ন ব্যাংক পিএলসি.; সৈয়দ এস. কাইসার কবির, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, রেনেটা পিএলসি.; রিয়াজুল হক চৌধুরী, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, আইফাদ গ্রুপ; কামরান বাকর, ফর্মার চেয়ারম্যান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; এবং রূপালী চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; প্রমুখ।
দশম আসরের এই সামিট একটি বার্তা স্পষ্ট করেছে। বাংলাদেশের আগামী অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারে।
১০ম লিডারশিপ সামিট ২০২৬-এর পরিবেশনায় ছিল ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাপোর্টেড বাই—বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি. ও রয়্যাল এনফিল্ড; স্ট্র্যাটেজিক পার্টনার—গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স; অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার—টার্কিশ এয়ারলাইনস; নলেজ পার্টনার—ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); হসপিটালিটি পার্টনার—লা মেরিডিয়েন ঢাকা; পিআর পার্টনার—ব্যাকপেজ পিআর; ইনোভেশন পার্টনার—বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ ও একাডেমিক পার্টনার—লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ২৩ নভেম্বর ২০২৬ : আজ শ্যামনগর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, যার নাম আব্দুল আজিজ (৭০)।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায়।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গোডাউন মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আব্দুল আজিজ তার স্ত্রী রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ভেটখালি গ্রামে তার ছোটছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত রাবেয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ